প্রিয়াঙ্কা চতুর্বেদী ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ সৌরভ দাস (Saurav Das)। অভিনেতা হিসেবে যেমন জনপ্রিয়তা অর্জন করেছেন, তেমনই প্রযোজক হিসেবেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছেন। তবে পেশাগত সাফল্যের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনও প্রায়ই আলোচনায় আসে। বিশেষ করে অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik) -এর সঙ্গে তাঁর সম্পর্ক ও দাম্পত্য নিয়ে ভক্তদের কৌতূহল কম নয়। সম্প্রতি এক আড্ডায় সৌরভ নিজের ব্যক্তিগত জীবন, দাম্পত্যের রসায়ন এবং জীবনের বড় পরিবর্তন নিয়ে খোলাখুলি কথা বললেন। তাঁর কথায়, গত সাত বছরে জীবন তাঁকে অনেকটাই বদলে দিয়েছে, আর সেই বদলের অন্যতম কারণ তাঁর স্ত্রী দর্শনা। সৌরভ দাসের কথায়, একটা সময় তিনি বেশ জেদি স্বভাবের ছিলেন। বিশেষ করে ‘সরি’ বলা তাঁর কাছে সহজ ছিল না। নিজের ভুল না হলে তিনি ক্ষমা চাইতেন না বলেই জানিয়েছেন অভিনেতা। তিনি বলেন, ‘আগে আমি সহজে সরি বলতে পারতাম না। যদি মনে হত ভুলটা আমার নয়, তাহলে ক্ষমা চাওয়ার প্রশ্নই উঠত না। কিন্তু এখন আমি অনেক বদলে গেছি। অনেক সময় কিছু করার আগেই সরি বলে দিই। তখনই পরিস্থিতি সহজ হয়ে যায়।’

অভিনেতার দাবি, সময় এবং সম্পর্ক মানুষকে অনেক কিছু শেখায়। তাঁর মতে, সাত বছর কোনও সম্পর্কের জন্য যথেষ্ট দীর্ঘ সময়, যা একজন মানুষকে ভেতর থেকে বদলে দিতে পারে। এই সময়ের মধ্যে তিনি শিখেছেন পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে। এখন মানুষের চোখের দিকে তাকিয়েই অনেক সময় বুঝে ফেলতে পারেন, সামনে থাকা মানুষটি সত্য বলছেন নাকি মিথ্যা। সৌরভ আরও বলেন, ‘জীবনের একটা বড় শিক্ষা পেয়েছি, ঘরে ঢোকার সময় শুধু জুতো খুললেই হয় না, নিজের ইগোও দরজার বাইরে রেখে ঢুকতে হয়।’ তাঁর মতে, এই উপলব্ধিই দাম্পত্য জীবনের ভারসাম্য বজায় রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই পরিবর্তনের পেছনে স্ত্রী দর্শনা বণিকের ভূমিকা রয়েছে বলেও অকপটে স্বীকার করেছেন অভিনেতা। দর্শনা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘যাঁরা দর্শনাকে চেনেন, তাঁরা জানেন ও-খুব দয়ালু মানুষ। ওর জীবনযাপনও খুব সহজ এবং আন্তরিক।’ সৌরভের কথায়, ‘দর্শনা খুবই নিষ্পাপ মনের মানুষ। যদিও আমি এটা বললে ও রেগে যায়। তখন বলে, না, আমি খুব চালাক!’
তবে এই মিষ্টি খুনসুটির মধ্যেই তাঁদের সম্পর্কের উষ্ণতা স্পষ্ট হয়ে ওঠে। সৌরভের মতে, মানুষের জীবনে ছোট ছোট আবেগই আসলে সম্পর্ককে জীবন্ত রাখে। তিনি চেষ্টা করেন সেই আবেগগুলোকে ধরে রাখতে। অভিনেতার কথায়, দর্শনা তাঁকে বহু বছর ধরে দেখেছেন এবং তাঁর পরিবর্তনও সবার আগে উপলব্ধি করেছেন। তাই ইদানীং বিভিন্ন সাক্ষাৎকারে দর্শনা সৌরভকে ‘দায়িত্ববান’ বলে উল্লেখ করেন। এই প্রসঙ্গ উঠতেই সৌরভের মুখে হাসি ফুটে ওঠে। তিনি বলেন, ‘দর্শনা যখন আমাকে দায়িত্ববান বলে, তখন সত্যিই খুব ভাল লাগে। আমি চাই ও যেন সারা জীবন আমার সম্পর্কে এই কথাটাই বলে।’ কিন্তু এই সাত বছরে শুধু সৌরভ নন, বদলেছেন দর্শনাও। এমনটাই দাবি অভিনেতার। তাঁর মতে, সম্পর্ক মানে দুই দিক থেকেই বদল। এই পরিবর্তনের একটি উদাহরণও সৌরভ তুলে ধরেছেন।
এই মুহূর্তে সৌরভ কাজ করছেন জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’ (Montu Pilot) -এর তৃতীয় সিজনে। সিরিজ়টির কেন্দ্রীয় চরিত্র ‘মন্টু’ বেশ জটিল এবং ধূসর প্রকৃতির। সেই চরিত্রে ঢুকতে গিয়ে অভিনেতাকে অনেক সময় মানসিক ভাবে অন্যরকম হয়ে যেতে হয়। এই পরিস্থিতিতে তিনি দর্শনাকে কয়েক দিনের জন্য বাবার বাড়িতে থাকার পরামর্শ দিয়েছিলেন। সৌরভ বলেন, ‘চরিত্রটা খুব ধূসর। মন্টুকে ধারণ করতে গেলে আমাকে অনেক সময় চরিত্রের মধ্যে ঢুকে থাকতে হয়। তাই দর্শনাকে বলেছিলাম, যদি কয়েক দিন বাবার বাড়িতে গিয়ে থাকে। ও কিন্তু বিষয়টা বুঝেছে এবং আমাকে সেই সময়টা দিয়েছে।’ এই বোঝাপড়াকেই তিনি তাঁদের সম্পর্কের অন্যতম শক্তি বলে মনে করেন। দাম্পত্য সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে সৌরভ ও দর্শনার একটি বিশেষ নিয়মও রয়েছে। অভিনেতার কথায়, তাঁরা কখনও কাজের চাপ বা পেশাগত সমস্যাকে ব্যক্তিগত জীবনে টেনে আনেন না। বিশেষ করে বাড়ির ব্যক্তিগত পরিসরে কাজের আলোচনা একেবারেই করেন না।
সৌরভ বলেন, ‘সারা দিন আমরা যে কাজ করি সেটা আমরা বেডরুমে ঢোকাই না। বাড়িতে এসে কাজ নিয়ে আলোচনা করি না। সারা দিন কী করলাম, সেটাও খুব একটা বলি না। বেডরুম আমাদের গল্প করার জায়গা।’ তাঁর মতে, সম্পর্কের সুস্থতা বজায় রাখতে এই ব্যক্তিগত জায়গাটা খুব জরুরি। তবে প্রয়োজন হলে একে অপরকে পরামর্শ দেন বলেও জানিয়েছেন তিনি। বর্তমান সময়ে টলিপাড়ায় নানা সমস্যা এবং পেশাগত চাপ থাকলেও ব্যক্তিগত জীবনে সেই প্রভাব পড়তে দেন না বলেই দাবি অভিনেতার। তাঁর মতে, কাজের সমস্যা যদি ব্যক্তিগত সম্পর্কে ঢুকে পড়ে, তাহলে সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। এই কারণেই তিনি সচেতন ভাবে কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে দূরত্ব বজায় রাখেন। আর এই সহজ সূত্রই তাঁদের সাত বছরের দাম্পত্যকে এখনও মজবুত করে রেখেছে। সৌরভ ও দর্শনার এই খোলামেলা স্বীকারোক্তি অনেকের কাছেই দাম্পত্য সম্পর্কের এক বাস্তব ও অনুপ্রেরণামূলক ছবি তুলে ধরেছে। অভিনেতার কথায় স্পষ্ট, সম্পর্ক টিকিয়ে রাখতে বড় কোনও জাদুকাঠির প্রয়োজন নেই, প্রয়োজন শুধু বোঝাপড়া, সম্মান এবং সামান্য ইগোকে দরজার বাইরে রেখে দেওয়ার সাহস।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Sourav Das Darshana Banik | সমাজমাধ্যমে মন্তব্যবাক্স বন্ধ হলে বহু সম্পর্ক টিকবে! দ্বিতীয় বিবাহবার্ষিকীতে খোলামেলা সৌরভ-দর্শনার দাম্পত্য দর্শন




