Bengali Celebrity Dol Celebration, Kolkata Holi News | দোলের রঙে টলি তারকারা: কারও ভালবাসার হলুদ, কারও প্রথম রং, আবিরে ভিজল যশ-নুসরত থেকে গৌরব-ঋদ্ধিমা

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা: ফাল্গুনের হাওয়ায় রঙের ছোঁয়া লাগতেই শহর জুড়ে দোল (Dol) উৎসবের উচ্ছ্বাস। বসন্তের এই দিনে পর্দার তারকা আর সাধারণ মানুষের মধ্যে ভেদরেখা থাকে না, সবাই মেতে ওঠেন আবির, আড্ডা আর আপনজনের সান্নিধ্যে। টলিপাড়ার তারকারাও এ বার দোল পূর্ণিমায় নিজেদের মতো করে রঙিন মুহূর্ত ভাগ করে নিলেন। টলি অভিনেত্রী নুসরত জাহান এবং অভিনেতা যশ দাশগুপ্ত প্রতি বছরই দোল জমিয়ে উপভোগ করেন। এবারও তার ব্যতিক্রম হল না। নুসরত আবির মেখে যশকে একেবারে ‘ভূত’ বানিয়ে দিলেন, সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল। হাসি-ঠাট্টায় ভরা মুহূর্তের মাঝে নুসরতের কথায়, ‘আমরা তো উপভোগ করতে চাই। আড্ডা দিতে চাই। আর সঙ্গে বেশি করে রং মাখতে চাই।’ তাঁদের দোলের ছবি অনুরাগীদের মধ্যে আলাদা উন্মাদনা তৈরি করেছে। নবদম্পতি শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly) -এর জন্য এ বছরের দোল বিশেষ। বিয়ের পর এটাই তাঁর প্রথম বসন্ত উৎসব। স্বামী রণজয় বিষ্ণুকে (Ranojoy Bishnu) যত্ন করে আবিরের তিলক কাটতে দেখা গেল তাঁকে। লাল রঙে সেজে একাধিক জায়গায় যাওয়ার পরিকল্পনার কথাও আগেই জানিয়েছিলেন অভিনেত্রী। নতুন জীবনের প্রথম দোলকে ঘিরে তাঁর উচ্ছ্বাস চোখে পড়ার মতো।

আরও পড়ুন : Santiniketan Dol Sonajhuri Haat Closed Basanta Utsav | দোলে সোনাঝুরিতে রং নয়, বন্ধ থাকছে হাট, শান্তিনিকেতনে পরিবেশ সুরক্ষায় কড়া সিদ্ধান্তে হতাশ পর্যটক

অন্য দিকে, অঙ্গনা রায় (Angana Roy) এবং রোহন ভট্টাচার্য (Rohan Bhattacharya) -এর দোলেও ছিল আলাদা মাত্রা। এক সময় নাকি রং তাঁদের মোটেই পছন্দ ছিল না। কিন্তু এখন ভালবাসার রং হয়ে উঠেছে হলুদ। আবিরের সেই হলুদ আভায় দু’জনের ছবি অনুরাগীদের মন কাড়ে। সম্পর্কের সমীকরণ বদলের সঙ্গে উৎসবের অনুভূতিও বদলে যায়, তাঁদের পোস্টে যেন সেই ইঙ্গিত। মুম্বাইয়ে কাজের ব্যস্ততার মাঝেও দোলের শুভেচ্ছা জানাতে ভোলেননি তুহিনা দাস (Tuhina Das)। শহর থেকে দূরে থেকেও রঙিন শুভেচ্ছা পাঠিয়েছেন তিনি। অন্য দিকে, বহু দিন পরে ছেলে অমর্ত্যের সঙ্গে দোল কাটাতে পেরে আপ্লুত চৈতি ঘোষাল (Chaiti Ghoshal)। প্রায় চার বছর মা-ছেলের একসঙ্গে রং খেলা হয়নি। তাই এবার বাড়িতেই ছেলেকে আবির মেখে তিনি বিশেষ মুহূর্ত তৈরি করলেন। পারিবারিক আবহে কাটানো সেই ছবি অনেকের মন ছুঁয়েছে। সমাজমাধ্যমে পুরনো স্মৃতি উসকে দিয়েছেন সন্দীপ্তা সেন (Sandipta Sen)। শহরের বাইরে থেকেও বিশেষ দিনের ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় (Joyjit Banerjee) দু’বছর আগের রঙিন মুহূর্তে ফিরে গিয়ে ছেলের সঙ্গে কাটানো সময়ের ছবি পোস্ট করেছেন। দোল মানেই কাছের মানুষদের নিয়ে স্মৃতি তৈরি, সেই বার্তাই যেন উঠে এসেছে তাঁদের শেয়ার করা ছবিতে। ছাদের আসরে দোল জমালেন রুক্মা রায় (Rooqma Ray)। সাদা পোশাকের মাঝে রঙের ছটা, আবিরের সঙ্গে তাঁর বিশেষ সখ্যের মুহূর্ত ধরা পড়েছে ফ্রেমে। সকাল থেকেই তাঁর বাড়ির ছাদে বসেছিল আসর। আবির, হাসি আর গানের তালে জমে ওঠে উৎসব। অভিনেতা গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty) এখন পুরোপুরি পরিবারকেন্দ্রিক। ছেলে ধীরকে ঘিরেই তাঁর দিনযাপন। স্ত্রী ঋদ্ধিমার (Ridhima Ghosh) সঙ্গে তিনি রঙিন মুহূর্ত ভাগ করে নিতে ভোলেননি। ছোট্ট ধীরের প্রথম দোল ঘিরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। পরিবারের সঙ্গে কাটানো সময়ের ছবিই এবার তাঁর সমাজমাধ্যমের মূল আকর্ষণ।

দোল উৎসব মানেই কেবল রং নয়, সচেতনতার কথাও উঠে এসেছে তারকাদের পোস্টে। রাস্তার পোষ্যদের উপর যেন কেউ রং না দেয় এমন অনুরোধ জানিয়েছেন প্রায় সকলেই। উৎসবের আনন্দে যেন কোনও প্রাণীর ক্ষতি না হয়, সে বিষয়ে আবেদন রেখেছেন তাঁরা। রঙের উচ্ছ্বাসের পাশাপাশি এই মানবিক দিকটিও জায়গা করে নিয়েছে। ফাগুনের এই দিনে টলি তারকারা যেমন নিজেদের মতো করে উদ্‌যাপন করলেন, তেমনই অনুরাগীদেরও রঙিন শুভেচ্ছা জানালেন। দোল ২০২৬-এ তাঁদের আবিরে ভেজা ছবি ইতিমধ্যেই ভাইরাল। শহরের গলি থেকে ছাদ সর্বত্রই রঙের উল্লাস। বসন্তের আহ্বানে সবাই একসঙ্গে, রঙে রঙে মেশা এই দিন যেন আবারও মনে করিয়ে দিল উৎসবের আনন্দ ভাগ করে নেওয়াতেই আসল সুখ।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Darjeeling snowfall, Sandakphu snow February | দার্জিলিংয়ে বসন্তের বুকে শীতের কামড়: দুপুরেই বরফে ঢাকল সান্দাকফু-মানেভঞ্জন, নাথু-লা ভ্রমণ বন্ধ

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন