T20 World Cup, Batting Order Change | মরণ-বাঁচন লড়াইয়ে বড় চমক! সঞ্জু কি প্রথম একাদশে, বাঁ হাতি ব্যাটারের উপর নামতে পারে কোপ, ভারতীয় দলে বদলের জোর ইঙ্গিত

SHARE:

সবুজনীল দাশগুপ্ত ★ সাশ্রয় নিউজ ডেস্ক, নতুন দিল্লী : টি ২০ বিশ্বকাপে (T20 World Cup) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের ধাক্কা এখনও কাটেনি। সুপার এইট পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিং ব্যর্থতা ও বোলিংয়ের ধারহীনতা নিয়ে তীব্র প্রশ্নের মুখে পড়েছে ভারতীয় দল। এমন আবহে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে মরণ-বাঁচন লড়াইয়ের আগে বড়সড় বদলের ইঙ্গিত দিলেন ব্যাটিং কোচ সীতাংশু কোটাক (Sitanshu Kotak)। দলের কম্বিনেশন এবং বিশেষ করে টপ অর্ডার নিয়ে আলোচনা যে গভীর হয়েছে, তা স্পষ্ট তাঁর কথাতেই। জোর গুঞ্জন, প্রথম একাদশে জায়গা পেতে পারেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। একই সঙ্গে তিন বাঁ হাতি ব্যাটারের কৌশলগত সমস্যা নিয়ে ভাবনা-চিন্তাও তুঙ্গে। চলতি বিশ্বকাপে ভারতীয় দলের শুরুটা বারবার ধাক্কা খাচ্ছে। প্রথম ওভারেই উইকেট পড়ে যাওয়ার প্রবণতা বিপক্ষকে বাড়তি সুবিধা দিচ্ছে। বিশেষ করে অফস্পিনারদের বিরুদ্ধে তিন বাঁ হাতি ব্যাটারকে একসঙ্গে নামানো নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতিপক্ষ দলগুলি শুরুতেই অফস্পিন আক্রমণ এনে চাপ তৈরি করছে। গত তিন ম্যাচে একই চিত্র দেখা গিয়েছে। ফলে টপ অর্ডারে পরিবর্তন প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন : T20 World Cup semifinal venue, Eden Gardens semifinal news | T20 World Cup সেমিফাইনাল ঘিরে নতুন জল্পনা: ফের কি ইডেন বঞ্চিত? কলকাতা না কলম্বো, আইসিসির চিঠিতে বদলে গেল সমীকরণ

সীতাংশু কোটাক টিম মিটিংয়ের প্রসঙ্গে বলেন, ‘দলে বদল হতে পারে। আমরা এটা নিয়ে আলোচনা করেছি। দু’জন বাঁ হাতি ওপেনার রয়েছে। তিন নম্বরে যে ব্যাট করতে নামে সেও বাঁ হাতি। তাই বিপক্ষ অফস্পিনার দিয়ে চাপ তৈরি করছে। ব্যক্তিগত ভাবে আমি মনে করি না বড় সমস্যা আছে। কিন্তু টানা তিন ম্যাচে একই ভাবে উইকেট পড়লে ভাবতেই হয়।’ তাঁর এই মন্তব্যেই স্পষ্ট, বাঁ হাতি ব্যাটিং লাইনআপ নিয়ে দলের অন্দরমহলে নতুন হিসাব কষা হচ্ছে। ঈশান কিশান (Ishan Kishan) পাকিস্তানের বিরুদ্ধে ভাল খেললেও ধারাবাহিকতা নেই। অভিষেকের চার ম্যাচে রান মাত্র ১৫। তিলক ভর্মা (Tilak Varma) রান পেলেও স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠছে। পাওয়ারপ্লে কাজে লাগাতে না পারায় মাঝের ওভারে চাপ বেড়ে যাচ্ছে। সেই জায়গায় ডানহাতি বিকল্প হিসেবে সঞ্জু স্যামসনের নাম ঘুরছে। আক্রমণাত্মক শুরুর পাশাপাশি স্পিন সামলানোর ক্ষমতা তাঁকে এগিয়ে রাখছে বলেই ক্রিকেটমহলে আলোচনা। কিন্তু ব্যর্থতার দায় নিয়ে সরাসরি কাউকে কাঠগড়ায় দাঁড় করাতে চাননি কোটাক। তাঁর কথায়, ‘গত দেড় বছরে আমরা ধারাবাহিক ভাবে ১৫০ -এর বেশি রান তুলেছি। কে কত বার ব্যর্থ হয়েছে সেটা গুনতে চাই না। তাতে বাড়তি চাপ পড়বে। আগের ম্যাচটা খারাপ ছিল, এটা ঠিক। কিন্তু সামনে তাকানোই এখন আসল কাজ।’ এই মন্তব্যে বোঝা যায়, দল অতীতের হিসাব না কষে ঘুরে দাঁড়ানোর দিকে মন দিতে চাইছে।

আরও পড়ুন : Anushka Sharma spiritual change, Virat Kohli ashram visit | গলায় তুলসীর মালা, সাদা সরল সাজ অনুষ্কা-বিরাট কি আধ্যাত্মিক জীবনের পথে? জল্পনায় নেটদুনিয়া

সমালোচনার তীর ব্যাটিং কোচের দিকেও ঘুরেছে। ব্যাটাররা ব্যর্থ হলে কোচিং স্ট্র্যাটেজি নিয়েও প্রশ্ন ওঠে। সে প্রসঙ্গে কোটাক বলেন, ‘আমাদের মধ্যে কৌশলগত আলোচনা হয়। পরামর্শ দেওয়াই কাজ। গৌতম (Gautam Gambhir)-সহ সাপোর্ট স্টাফ অনেকের সঙ্গে কথা বলে। বাইরে থেকে দেখা সহজ। কিন্তু মাঠের পরিস্থিতি আলাদা। আমরা নোট করি কে কী করতে পারে, পরে তা নিয়ে আলোচনা হয়।’ তাঁর মতে, পরিকল্পনা মাঠে প্রয়োগ করাই বড় চ্যালেঞ্জ। বিশ্বকাপের মতো মঞ্চে চাপ স্বাভাবিক। কোটাকের ভাষায়, ‘ভারতে বিশ্বকাপ হলে প্রত্যাশা থাকবেই। দেশের হয়ে খেলতে নামলে চাপ থাকেই। কিন্তু একটা ম্যাচ হারলেই চাপের অজুহাত চলে না। যারা দলে আছে তারা চাপ নিতে জানে। বিশ্বকাপ জিততে গেলে চাপ সামলাতেই হবে।’ এই আত্মবিশ্বাসই দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন। ভারত যে আগ্রাসী মেজাজ ছাড়ছে না, সেটাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। ‘আমরা ইতিবাচক ক্রিকেটই খেলব। যে ঘরানার ক্রিকেট আমাদের সাফল্য দিয়েছে, সেটাতেই বিশ্বাস রাখব। তবে পিচ অনুযায়ী মানিয়ে নিতে হবে,’ বলেছেন কোটাক। কলম্বোর অভিজ্ঞতার উল্লেখ করে বোঝাতে চেয়েছেন, পরিস্থিতি বুঝে বদল আনাই আসল।

এদিকে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের ম্যাচ কোয়ার্টার ফাইনালের মতো। হেরে গেলে সেমিফাইনালের স্বপ্ন কঠিন হয়ে পড়বে। ফলে টিম কম্বিনেশন নিয়ে ঝুঁকি নিতেও পিছপা নাও হতে পারে ম্যানেজমেন্ট। তিন বাঁ হাতির বদলে ডানহাতি বিকল্প এনে ভারসাম্য ফেরানোর সম্ভাবনা প্রবল। সঞ্জু স্যামসন সুযোগ পেলে মিডল অর্ডারেও নমনীয়তা আসবে। পাশাপাশি বোলিং বিভাগেও সামান্য রদবদল হতে পারে বলে শোনা যাচ্ছে। পাশাপাশি সমর্থকদের প্রত্যাশা তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই টপ অর্ডার বদলের দাবি উঠেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচের দিনই জানা যাবে। একটা দিক পরিষ্কার, এই ম্যাচে ব্যর্থতার আর সুযোগ নেই। টিম ইন্ডিয়া কি নতুন কম্বিনেশনে চমক দেবে? নাকি পুরনো ফর্মুলাতেই ভরসা রাখবে? উত্তর মিলবে মাঠে।ভারতীয় দলের সামনে এখন একটাই লক্ষ্য, তা হল জয়। ব্যাটিং অর্ডারে রদবদল হোক বা না হোক, প্রথম ছ’ওভারে শক্ত ভিত গড়া জরুরি। অফস্পিনের ফাঁদ এড়িয়ে আক্রমণাত্মক শুরুর বিকল্প নেই। মরণ-বাঁচন ম্যাচে বড় বদলের ইঙ্গিত যে বাস্তবে রূপ নিতে পারে, তা কোটাকের মন্তব্যেই স্পষ্ট। এখন নজর বৃহস্পতিবারের দল ঘোষণায়।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : MS Dhoni IPL 2026 | আইপিএল ২০২৬-এ ধোনি কি সব ম্যাচে খেলবেন? চেন্নাই সুপার কিংস কর্তার ইঙ্গিতে জোর জল্পনা

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন