Neymar retirement news, Brazil top scorer Neymar World Cup | ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার মুখে অবসরের ইঙ্গিত, বিশ্বকাপ ঘিরে বাড়ছে প্রশ্ন

SHARE:

সংবেদন শীল, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : বিশ্ব ফুটবলের মঞ্চে ফের চর্চার কেন্দ্রে নেমার জুনিয়র (Neymar Jr.)। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে যখন বিশ্বের সেরা তারকারা প্রস্তুতিতে ব্যস্ত, তখন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার মুখে শোনা গেল অবসরের ইঙ্গিত। চোট-আঘাতে জর্জরিত কেরিয়ার, জাতীয় দলে অনিশ্চিত ভবিষ্যৎ এবং বয়সের চাপ, এসব নিয়েই কী তিনি পেশাদার ফুটবলজীবনের ইতি টানার কথা ভাবছেন?

আগামী ১২ জুন থেকে শুরু হতে চলা ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026) ঘিরে উত্তেজনা তুঙ্গে। যোগ্যতা অর্জনকারী দেশগুলির ফুটবলারেরা এখন চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেতে মরিয়া। লিয়োনেল মেসি (Lionel Messi), ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এবং কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) -এর মতো তারকারা এখনও বিশ্বমঞ্চে নিজেদের ছাপ রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। এমন সময় নেমারের সম্ভাব্য অবসর ভাবনা ব্রাজিল সমর্থকদের মনে প্রশ্ন তুলেছে, তবে কী বিশ্বকাপের স্বপ্ন ছেড়ে দিচ্ছেন নেমার? ব্রাজিলের একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নেমার বলেছেন, ‘আমি এখন বছর ধরে এগোচ্ছি। ডিসেম্বরে হয়ত সিদ্ধান্ত নিতে পারি। সামনে বিশ্বকাপ রয়েছে, তাই বছরটা ব্রাজিলীয় ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ। আমার ব্যক্তিগত জীবন ও কেরিয়ারের জন্যও এটি বিশেষ সময়।’ তাঁর এই মন্তব্যে স্পষ্ট, ২০২৬-পরবর্তী সময় নিয়ে তিনি নিশ্চিত নন।

আরও পড়ুন : Varun Chakravarthy Impact Player | নেদারল্যান্ডস ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার বরুণ চক্রবর্তী, পুরস্কার মঞ্চেই হিন্দিতে কথা বলার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব

দীর্ঘ দিন ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন নেমার। ২০২৩ সালের পর আর তাঁকে ব্রাজিলের জার্সিতে দেখা যায়নি। একাধিক গুরুতর চোট তাঁর কেরিয়ারকে বারবার থামিয়ে দিয়েছে। ইউরোপের শীর্ষ ক্লাবগুলিতে আর আগের মতো চাহিদাও নেই। ফর্মের ধারাবাহিকতাও হারিয়েছেন। ফলে জাতীয় দলে ফেরার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। বর্তমানে নেমার খেলছেন তাঁর শৈশবের ক্লাব স্যান্টোস (Santos FC) -এ। সৌদি আরবের আল হিলাল (Al Hilal) ছেড়ে গত বছর জানুয়ারিতে তিনি স্যান্টোসে ফিরে আসেন। ক্লাবের কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে অবনমনের হাত থেকে রক্ষা করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। তবে আন্তর্জাতিক ফুটবলে তাঁর অনুপস্থিতি চোখে পড়ার মতো। পরিসংখ্যান বলছে, ব্রাজিলের হয়ে ৭৯টি গোল করে দেশের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে নেমার। এই কৃতিত্ব তাঁকে কিংবদন্তীদের সারিতে বসিয়েছে। কিন্তু ব্যক্তিগত সাফল্য সত্ত্বেও বিশ্বকাপ জয় তাঁর অধরা রয়ে গেছে। ২০১৪ সালে চোট, ২০১৮-তে হতাশা এবং ২০২২-এ নাটকীয় বিদায় প্রতিবারই স্বপ্নভঙ্গ হয়েছে। ২০২৬-এ আর একবার সুযোগ মিলবে কি না, তা নিয়েই এখন সংশয়।

ফুটবল বিশ্লেষকরা বলছেন, নেমারের অবসর ভাবনার নেপথ্যে মানসিক ক্লান্তিও বড় কারণ। ইউরোপে বার্সেলোনা (FC Barcelona) ও প্যারিস সাঁ-জার্মাঁ (Paris Saint-Germain) -এ খেলার সময় তিনি বিশ্বফুটবলের অন্যতম আকর্ষণ ছিলেন। কিন্তু প্রত্যাশার চাপ, সমালোচনা ও চোট মিলিয়ে গত কয়েক বছর তাঁর পক্ষে কঠিন গিয়েছে। একজন প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলারের মন্তব্য, ‘নেমার প্রতিভাবান, কিন্তু শরীর বারবার সায় দিচ্ছে না। আন্তর্জাতিক স্তরে টিকে থাকতে গেলে ধারাবাহিক ফিটনেস জরুরি। হয়ত সেই বাস্তবতাই তাঁকে সিদ্ধান্তের পথে ঠেলে দিচ্ছে।’ সমর্থকদের একাংশের মত, ‘নেমার যদি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন, তবে এখনও বিশ্বকাপে পার্থক্য গড়ে দিতে পারেন।’ তবে বাস্তব বলছে, ব্রাজিল দলে এখন প্রজন্ম পরিবর্তনের হাওয়া। তরুণ ফুটবলারদের উপর ভরসা বাড়ছে। কোচিং স্টাফ ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন মুখদের গুরুত্ব দিচ্ছে। ফলে ৩৪ বছর বয়সি নেমারের সুযোগ পাওয়া কঠিন হতে পারে। তবে শেষ কথা এখনও তিনি বলেননি। তাঁর নিজের কথায়, ‘আমি এখনও খেলা উপভোগ করি। কিন্তু শরীর ও মন দু’টোকেই শুনতে হয়।’ এই মন্তব্যেই লুকিয়ে রয়েছে ভবিষ্যতের দিশা। যদি ডিসেম্বরে সত্যিই অবসর ঘোষণা করেন, তবে ব্রাজিল ফুটবলের এক যুগের অবসান ঘটবে। উল্লেখ যে, বিশ্বকাপের আগে নেমারের এই ইঙ্গিত ফুটবলবিশ্বে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তিনি কী আরও একবার বিশ্বমঞ্চে ফিরবেন, নাকি ২০২৬-ই হবে শেষ বিশ্বকাপ? আপাতত উত্তর সময়ের হাতে। তবে নিশ্চিত, ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার ভবিষ্যৎ নিয়ে জল্পনা এখন তুঙ্গে।

ছবি : সংগৃহীত। 
আরও পড়ুন : Sourav Ganguly on Bengal loss, Ranji Trophy semifinal Bengal | ২৬ রানের লিড থেকেও বিদায়! রঞ্জি সেমিফাইনালে বাংলার পতন, দলের পাশে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতিক্রিয়া

Sasraya News
Author: Sasraya News