WBCS SDM SDO Promotion Rule, WB Government Notification: ৫ বছর পূর্ণ হলেই এসডিএম-এসডিও পদে বিবেচনা, মুখ্যমন্ত্রী ঘোষণার পর নবান্নে সংশোধনী জারি

SHARE:

সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্য প্রশাসনে বড়সড় পরিবর্তনের পথে পশ্চিমবঙ্গ সরকার। মাত্র পাঁচ বছর সন্তোষজনক পরিষেবা সম্পূর্ণ করলেই পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (এগ্‌জ়িকিউটিভ) বা ডব্লিউবিসিএস (WBCS Executive) আধিকারিকদের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (SDM) বা সাব-ডিভিশনাল অফিসার (SDO) পদে পোস্টিংয়ের জন্য বিবেচনা করা যেতে পারে, এমনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকর করল নবান্ন (Nabanna)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মন্ত্রিসভার বৈঠকে ঘোষণা করার পরদিনই কর্মী বিনিয়োগ ও প্রশাসনিক দফতর বিজ্ঞপ্তি জারি করে সংশোধনী কার্যকর করার কথা জানিয়ে দিয়েছে। মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবে সিলমোহর পড়ে। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ‘যোগ্য ও কর্মক্ষম আধিকারিকদের দ্রুত উচ্চতর দায়িত্বে আনার সুযোগ তৈরি করাই সরকারের লক্ষ্য।’ তাঁর ঘোষণার পর বুধবার কর্মী বিনিয়োগ ও প্রশাসনিক দফতরের ডব্লিউবিসিএস সেল থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

আরও পড়ুন : CM Mamata Banerjee Post, West Bengal Communal Unity | মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় : ‘সর্বধর্মে শান্তির বাংলা গড়াই আমাদের সংকল্প’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবিধানের ৩০৯ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে রাজ্যপাল এই সংশোধনী অনুমোদন করেছেন। ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি জারি হওয়া ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এগ্‌জ়িকিউটিভ) অফিসার্স (পে) রুলস, ২০২১-এ পরিবর্তন এনে নতুন বিধান সংযোজন করা হয়েছে। সংশোধিত নিয়ম অনুযায়ী, কোনও ডব্লিউবিসিএস (এগ্‌জিকিউটিভ) আধিকারিক টানা পাঁচ বছর সন্তোষজনকভাবে দায়িত্ব পালন করলে তাঁকে এসডিএম বা এসডিও পদে বিবেচনা করা যাবে। এই পাঁচ বছরের মধ্যে প্রবেশন পিরিয়ড এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার (বিডিও) বা সমমানের পদে কর্মরত থাকার সময়কালও গণ্য হবে। অর্থাৎ, পরিষেবার প্রথম পর্যায় থেকেই আধিকারিকদের কাজের মূল্যায়ন করা হবে এবং নির্দিষ্ট মানদণ্ড পূরণ করলে দ্রুততর পদোন্নতির সুযোগ তৈরি হবে।

তবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘পাঁচ বছর পূর্ণ হলেই স্বয়ংক্রিয় পদোন্নতি নয়।’ সংশ্লিষ্ট পদে শূন্যপদ থাকা এবং প্রশাসনিক প্রয়োজন অনুযায়ী সরকার সিদ্ধান্ত নেবে। ফলে এটি একটি ‘বিবেচনাভিত্তিক সুযোগ’, বাধ্যতামূলক উন্নীতকরণ নয়। প্রশাসনিক মহলের একাংশের মতে, এই পদক্ষেপে তরুণ ও দক্ষ আধিকারিকদের উচ্চতর প্রশাসনিক দায়িত্বে আনার পথ সহজ হবে। এক প্রবীণ আধিকারিকের মন্তব্য, ‘দীর্ঘদিন ধরেই দাবি উঠছিল যে মেধাবী ও কর্মক্ষম আধিকারিকদের দ্রুত গুরুত্বপূর্ণ পদে উন্নীত করা উচিত। নতুন সংশোধনী সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে।’

অন্যদিকে, ডব্লিউবিসিএস আধিকারিকদের একাংশ মনে করছেন, এটি তাঁদের বহুদিনের দাবি পূরণের ফল। তাঁদের বক্তব্য, ‘মাঠ পর্যায়ে দীর্ঘদিন কাজ করার পরও অনেক সময় উচ্চপদে উন্নীত হওয়ার ক্ষেত্রে বিলম্ব হত। এখন অন্তত পরিষেবার নির্দিষ্ট সময়সীমা পূরণ হলে বিবেচনার সুযোগ তৈরি হচ্ছে।’ রাজনৈতিক সমালোচকদের মতে, আসন্ন নির্বাচনের আগে প্রশাসনিক স্তরে আস্থা বাড়ানোর কৌশল হিসেবেও এই সিদ্ধান্তকে দেখা যেতে পারে। যদিও সরকারিভাবে এমন কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী ঘোষণার সময় বলেন, ‘প্রশাসনকে আরও কার্যকর ও গতিশীল করতে এই সংশোধন আনা হয়েছে।’

এসডিএম ও এসডিও পদ প্রশাসনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহকুমা পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন, রাজস্ব প্রশাসন সব ক্ষেত্রেই এই পদগুলির ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফলে অভিজ্ঞ ও দক্ষ আধিকারিকদের এই পদে নিয়োগ প্রশাসনিক গতি বাড়াতে সহায়ক হবে বলেই মত বিশেষজ্ঞদের। উল্লেখ্য, বিজ্ঞপ্তি রাজ্যপালের আদেশক্রমে জারি করেছেন পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত মুখ্যসচিব। সংশোধনী কার্যকর হওয়ার ফলে ভবিষ্যতে পদোন্নতি সংক্রান্ত প্রক্রিয়ায় কিছু পরিবর্তন দেখা যেতে পারে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শূন্যপদ ও প্রয়োজন অনুযায়ী তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পাঁচ বছর পূর্ণ করলেই এসডিএম বা এসডিও পদে বিবেচনার সুযোগ, এই ঘোষণা রাজ্য প্রশাসনে নতুন দিশা দেখাল। এখন নজর থাকবে, বাস্তবে কত দ্রুত এবং কীভাবে এই নয়া বিধান কার্যকর হয়।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : India AI Impact Summit 2026 Opens at Bharat Mandapam, Setting Historic Benchmark for Global AI participation

Sasraya News
Author: Sasraya News