Amit Shah Bastar Speech | বস্তার পন্ডুম ২০২৬ -এর মঞ্চ থেকে উন্নয়ন ও শান্তির বার্তা দিলেন অমিত শাহ

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ বস্তার : ছত্তীসগড়ের বস্তার মানেই একসময় মানুষের মনে ভেসে উঠত নকশাল আতঙ্ক, কার্ফু, বারুদের গন্ধ। কিন্তু সেই চেনা ছবিটা দ্রুত বদলাচ্ছে। শনিবার ‘বস্তার পন্ডুম ২০২৬’ -এর সমাপনী অনুষ্ঠানের মঞ্চ থেকে সেই বদলের কথাই জোরের সঙ্গে তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। প্রধান অতিথির ভাষণে তিনি স্পষ্ট করে বললেন, ‘বস্তারের আসল পরিচয় বারুদ নয়, বস্তারের প্রকৃত পরিচয় তার সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও আদিবাসী জীবনধারা।’

আরও পড়ুন : 

Lok Sabha adjourned, Narendra Modi speech cancelled | বিরোধী হট্টগোলে ভেস্তে গেল মোদীর সংসদ ভাষণ, প্রশ্নের মুখে অধিবেশনের কার্যকারিতা

বস্তার পন্ডুম একটি উৎসব, পাশাপাশি এটি সাংস্কৃতিক পুনর্জাগরণের উদাহরণ, এ কথা তুলে ধরে অমিত শাহ বলেন, ‘এই উৎসবে বস্তারের খাদ্যাভ্যাস, লোকনৃত্য, শিল্পকলা-সহ মোট ১২টি সাংস্কৃতিক ধারাকে একত্র করা হয়েছে। এর মাধ্যমে বহুদিন চাপা পড়ে থাকা লোকজ সংস্কৃতি নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে।’ তাঁর বক্তব্য অনুযায়ী, ৫৫ হাজারের বেশি আদিবাসীর সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করে দিয়েছে যে বস্তার এখন নকশাল ভয় কাটিয়ে স্বাভাবিক জীবনের পথে ফিরছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) -এর নেতৃত্বে আদিবাসী সমাজের সংরক্ষণ ও উন্নয়নের জন্য সরকার সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’ তাঁর দাবি, বস্তারের নৃত্য, শিল্পকলা ও আদিবাসী সংস্কৃতিকে জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার জন্য একাধিক পরিকল্পনা ইতিমধ্যেই বাস্তবায়িত হচ্ছে।

নকশাল সমস্যা প্রসঙ্গে অমিত শাহ কড়া বার্তাও দেন। তিনি বলেন, ‘যাঁরা আত্মসমর্পণ করবেন, সরকার তাঁদের পুনর্বাসনের দায়িত্ব নেবে। কিন্তু যাঁদের হাতে অস্ত্র থাকবে, তাঁদের জবাব অস্ত্র দিয়েই দেওয়া হবে।’ তাঁর মতে, নকশালবাদের বিরুদ্ধে লড়াইয়ের মূল ভিত্তি হল আদিবাসী কৃষক, নিরীহ শিশু ও মহিলাদের সুরক্ষা নিশ্চিত করা।উন্নয়নের রূপরেখা তুলে ধরে অমিত শাহ বলেন, আগামী পাঁচ বছরে বস্তারকে সমস্ত আদিবাসী এলাকার মধ্যে সবচেয়ে উন্নত অঞ্চলে পরিণত করা হবে। নতুন পর্যটন প্রকল্প, যেমন অ্যাডভেঞ্চার ট্যুরিজম, হোম-স্টে, ক্যানোপি ওয়াক, গ্লাস ব্রীজ, বস্তারকে শুধু পর্যটনের মানচিত্রে নয়, কর্মসংস্থানের ক্ষেত্রেও সমৃদ্ধ করবে। তাঁর কথায়, ‘নকশালবাদ শেষ হলেই বস্তারের প্রকৃত সম্ভাবনা বিশ্বের সামনে আসবে।’

বিরসা মুন্ডা (Birsa Munda) -এর অবদান স্মরণ করে অমিত শাহ বলেন, ‘বিরসা মুন্ডাজির জন্মদিনকে ‘জনজাতীয় গৌরব দিবস’ এবং তাঁর ১৫০তম জন্মবার্ষিকীকে ‘জনজাতীয় গৌরব বর্ষ’ হিসেবে ঘোষণা করা প্রধানমন্ত্রী মোদাইজীর আদিবাসী সমাজের প্রতি গভীর শ্রদ্ধার প্রমাণ।’ এই সিদ্ধান্ত আদিবাসী সমাজের আত্মমর্যাদা ও ঐতিহাসিক অবদানকে স্বীকৃতি দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন। অর্থনৈতিক উন্নয়নের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বস্তারে ১১৮ একর জমিতে একটি নতুন শিল্পাঞ্চল এবং অটো-গিগ সেক্টর গড়ে উঠছে। এর ফলে স্থানীয় আদিবাসী যুবক-যুবতীদের জন্য বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি, ৩৫০০ কোটি টাকা ব্যয়ে রাওঘাট-জগদলপুর রেল প্রকল্পের কাজ শুরু হয়েছে। নদী সংযোগ প্রকল্পও এগিয়ে চলেছে, যার মাধ্যমে কৃষি ও জলসম্পদ ব্যবস্থাপনায় বড়সড় পরিবর্তন আসবে।

স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রেও বড় ঘোষণা করেন অমিত শাহ। তিনি বলেন, ‘সব বন্ধ থাকা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল ও স্কুল পুনরায় চালু করা হবে। নতুন হায়ার সেকেন্ডারি স্কুল ও কলেজও তৈরি হবে।’ তাঁর মতে, অবকাঠামো উন্নয়ন ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়। সেই লক্ষ্যেই গ্রাম-গ্রামান্তরে পোস্ট অফিস খোলা হচ্ছে, মোবাইল টাওয়ার বসানো হচ্ছে এবং সংযোগকারী রাস্তা উন্নত করা হচ্ছে। খাদ্য সুরক্ষা ও সামাজিক সুরক্ষার বিষয়ে তিনি জানান, ‘প্রতিটি আদিবাসীর কাছ থেকে ধান কেনা হবে কুইন্টাল প্রতি ৩১০০ টাকায়। পাশাপাশি, প্রতি ব্যক্তি মাসে ৫ কিলোগ্রাম করে ধান বিনামূল্যে দেওয়া হবে।’ গ্যাস সিলিন্ডার, ঘরে ঘরে নলবাহিত জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। তাঁর কথায়, ‘প্রতিটি গ্রামে সংযোগ থাকবে, প্রতি পাঁচ কিলোমিটারে পোস্ট অফিস বা ব্যাঙ্ক শাখা খোলা হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ‘আজ বস্তারে আর কার্ফুর মতো পরিস্থিতি নেই। গ্রামগুলোতে রাতে সাংস্কৃতিক নৃত্যের আসর বসছে।’ এই পরিবর্তনকে ঐতিহাসিক বলে উল্লেখ করে তিনি বলেন, ‘বস্তার অলিম্পিকের সফল আয়োজন তারই প্রমাণ।’ তিনি নকশালবিরোধী অভিযানে অংশ নেওয়া নিরাপত্তা বাহিনীর জওয়ানদের ধন্যবাদ জানান এবং যাঁরা শহিদ হয়েছেন, তাঁদের পরিবারগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘নির্দিষ্ট সময়সীমার মধ্যেই বস্তার নকশালমুক্ত হবে, এ নিয়ে কোনও সন্দেহ নেই।’

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : PM Narendra Modi on India US Trade Deal | ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’, দেশের প্রত্যেকেরই লাভ হবে: এনডিএ বৈঠকে ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন