সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান বিতর্ক, বাংলাদেশের বাদ পড়া এবং পাকিস্তানের তরফে ভারতের বিরুদ্ধে বয়কটের ইঙ্গিত সব নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতিতে এখন তীব্র উত্তেজনা। এই আবহেই আইসিসি’র (ICC) চেয়ারম্যান জয় শাহ (Jay Shah)-এর ভূমিকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। কেউ তাঁর সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন, কেউ আবার আইসিসির সামগ্রিক কার্যপ্রণালী নিয়েই সন্দেহ প্রকাশ করছেন। কিন্তু ঠিক এই সময়েই ক্রিকেট প্রশাসনে জয় শাহের অবদানকে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি দিল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা (FIFA)। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো (Gianni Infantino) প্রকাশ্যে প্রশংসা করলেন ভারতীয় এই ক্রীড়া প্রশাসকের কাজের। ইটালিতে আয়োজিত শীতকালীন অলিম্পিক্সের প্রাক্কালে মিলানে সাক্ষাৎ হয় আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। সেই সাক্ষাতের মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে ইনফান্তিনো লেখেন, ‘আজ মিলানে আইসিসি চেয়ারম্যান জয় শাহের সঙ্গে দেখা করতে পেরে আমি আপ্লুত। ক্রিকেটের মতো সুন্দর খেলাটির উন্নতির জন্য তিনি যে অসাধারণ কাজ করছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য। আমি তাঁকে এবং তাঁর সহকর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানাই। দু’বছরের মধ্যে অলিম্পিক্সে আবার নতুন করে ক্রিকেটের আবির্ভাব ঘটতে চলেছে। সেই যাত্রায় একসঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি।’ এই মন্তব্য ঘিরে ক্রীড়া মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
কারণ, যখন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচন এবং রাজনৈতিক টানাপড়েন নিয়ে আইসিসির ভূমিকা প্রশ্নের মুখে, তখন ফিফা সভাপতির এই প্রশংসা জয় শাহের অবস্থানকে আরও দৃঢ় করল বলেই মনে করছেন অনেকে। ক্রিকেট প্রশাসনে ভারতের প্রভাব যে দিন দিন বাড়ছে, তা নতুন করে সামনে এল এই ঘটনার মধ্য দিয়ে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলির মধ্যে সমন্বয় এবং পারস্পরিক স্বীকৃতির ক্ষেত্রে জয় শাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিশেষ করে অলিম্পিক্সে ক্রিকেটের প্রত্যাবর্তন নিয়ে তাঁর উদ্যোগকে বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে। বহু বছর পরে অলিম্পিক্সের মঞ্চে আবার দেখা যাবে ক্রিকেটকে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) -এর সঙ্গে আইসিসির এই সমঝোতা বাস্তবায়নের নেপথ্যে জয় শাহের সক্রিয় ভূমিকা রয়েছে বলে দাবি করছেন ক্রীড়া প্রশাসনের সঙ্গে যুক্ত একাংশ। ফিফা সভাপতির বক্তব্যে সেই বিষয়টিরই প্রতিফলন দেখা গেল।
এদিকে, শীতকালীন অলিম্পিক্সকে কেন্দ্র করেও নজর কেড়েছে ইটালি। শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এই আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা। যদিও বুধবার থেকেই বিভিন্ন ইভেন্টের যোগ্যতা অর্জন পর্ব শুরু হয়ে গিয়েছে। শনিবার থেকে পদক বিতরণ শুরু হবে। আগামী ২২ ফেব্রুয়ারি ভেরোনা অলিম্পিক্স এরিনায় সমাপ্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই প্রতিযোগিতা। এবার শীতকালীন অলিম্পিক্সে এক অভিনব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম বার উদ্বোধনী অনুষ্ঠান একাধিক শহরে আয়োজন করা হচ্ছে। সবচেয়ে বড় অনুষ্ঠান হবে মিলানের ঐতিহ্যশালী সান সিরো স্টেডিয়ামে। এছাড়া প্রেদাজ়ো, লিভিগনো এবং কর্তিনা দি’আমপ্রেজ়োয় আলাদা আলাদা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইটালির সংস্কৃতি এবং আধুনিকতার মেলবন্ধনে এই উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইটালির পাশাপাশি বিশ্বের সেরা শিল্পীরা। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন আমেরিকার জনপ্রিয় পপ তারকা মারিয়াহ কেরি (Mariah Carey)। মূলত মিলান এবং কর্তিনায় অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার বেশির ভাগ ইভেন্ট। সব মিলিয়ে আটটি খেলায় ১৬টি বিভাগে পদকের লড়াই চলবে শীতকালীন অলিম্পিক্সে। এই আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চেই জয় শাহ এবং জিয়ান্নি ইনফান্তিনোর সাক্ষাৎ ক্রিকেট ও ফুটবলের প্রশাসনিক সম্পর্ককে নতুন মাত্রা দিল বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। বিশ্বকাপ বিতর্কের আবহে দাঁড়িয়েও ক্রিকেট প্রশাসনে জয় শাহের কাজ যে আন্তর্জাতিক স্তরে প্রশংসিত হচ্ছে, তা স্পষ্ট হয়ে উঠেছে ফিফা সভাপতির বক্তব্যে।
ক্রীড়া মহলের মত, বিশ্ব ক্রিকেট এখন কেবল মাঠের খেলায় সীমাবদ্ধ নেই। এর সঙ্গে জড়িয়ে রয়েছে কূটনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং অর্থনৈতিক সমীকরণ। এই জটিল পরিস্থিতির মধ্যেও ক্রিকেটকে বিশ্বমঞ্চে আরও বিস্তৃত করার যে পরিকল্পনা আইসিসি নিয়েছে, তার অন্যতম মুখ জয় শাহ। ফুটবলের ফিফা প্রধানের প্রকাশ্য সমর্থন সেই পথচলাকে আরও মজবুত করল বলেই মনে করছেন ক্রীড়া মহলের একাংশ। তবে, বিশ্বকাপ ঘিরে বিতর্ক যতই থাকুক, আন্তর্জাতিক ক্রীড়া প্রশাসনে ভারতের ভূমিকা এবং জয় শাহের প্রভাব যে ক্রমশ বাড়ছে, তা এই ঘটনাই প্রমাণ করল। ক্রিকেট ও ফুটবলের দুই শীর্ষ সংস্থার এই সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে আরও বড় ক্রীড়া সহযোগিতার ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : FIFA World Cup 2026 Trihonda ball | ট্রাইওন্ডা: প্রকাশ্যে এল ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল বল




