PM Modi Parliament Speech | অনুপ্রবেশ থেকে নীতি রাজনীতি, রাজ্যসভায় এক নিশ্বাসে কংগ্রেস ও তৃণমূলকে আক্রমণ নরেন্দ্র মোদীর

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের জবাবে রাজ্যসভায় বক্তব্য রাখতে উঠে একের পর এক রাজনৈতিক ও নীতিগত আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। উত্তাল রাজ্যসভা, বিরোধীদের স্লোগান, ওয়াকআউট, এসব কিছুর মধ্যেই নিজের বক্তব্যে অনড় থাকেন প্রধানমন্ত্রী। কংগ্রেস (Congress) ও তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) একযোগে নিশানা করে মোদী বলেন, ‘দেশ আজ নীতির উপর দাঁড়িয়ে চলছে, আর এই জায়গায় পৌঁছতে আমাদের বহু সময় কংগ্রেসের ভুল সংশোধনেই ব্যয় করতে হয়েছে।’ উল্লেখ্য, বক্তব্যের শুরু থেকেই বিরোধী শিবিরের তরফে প্রবল স্লোগান ওঠে। বিশেষ করে কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার দলনেতা মল্লিকার্জুন খড়্গেকে (Mallikarjun Kharge) কটাক্ষ করে মোদী বলেন, ‘আপনি বসেই স্লোগান দিন।’ বয়সের প্রসঙ্গ টেনে এই মন্তব্য রাজ্যসভায় রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। এর পরেই একাধিক বিরোধী সাংসদ ওয়াকআউট করলে তাঁদের উদ্দেশ্যেও খোঁচা দিতে ছাড়েননি প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘দেখলাম কেউ কেউ এখনই হাঁপিয়ে উঠেছেন। কিন্তু মনে রাখবেন, আপনাদেরও উত্তর দিতে হবে।’

রাজনৈতিক আক্রমণের কেন্দ্রবিন্দুতে ছিল কংগ্রেসের শাসনকাল। নরেন্দ্র মোদী বলেন, ‘লালকেল্লা থেকে কংগ্রেসের প্রধানমন্ত্রীরা যে ভাষণ দিয়েছেন, সেগুলি বিশ্লেষণ করলেই বোঝা যাবে দূরদৃষ্টির কতটা অভাব ছিল। সেই কারণেই দেশ বহু দশক পিছিয়ে পড়েছে।’ তাঁর সংযোজন, বর্তমান সরকার ভবিষ্যতের ভারতের কথা মাথায় রেখেই নীতি প্রণয়ন করেছে এবং আজ দেশ সেই নীতির পথেই এগোচ্ছে। রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে বাংলার প্রসঙ্গ টেনে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী। রাজ্যের শাসক দলকে ‘নির্মম সরকার’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘নির্মমতার যত রেকর্ড ছিল, সব ভেঙে দিয়েছে এই সরকার। বাংলার মানুষের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাচ্ছে, অথচ ক্ষমতা ধরে রাখাই এদের একমাত্র লক্ষ্য।’ তৃণমূল সাংসদদের দিকে তাকিয়েই এই মন্তব্য করেন মোদী, যা রাজ্যসভায় নতুন করে বিতর্কের ঝড় তোলে।

অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলের ভূমিকা নিয়েও সরব হন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, ‘পৃথিবীর প্রতিটি দেশ যখন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে, তখন তৃণমূল সরকার উল্টো অনুপ্রবেশকারীদের বাঁচাতে আদালতের দ্বারস্থ হচ্ছে এবং আদালতের উপর চাপ তৈরি করছে।’ মোদীর দাবি, এই অনুপ্রবেশকারীদের কারণেই যুব সমাজের চাকরি সংকট বাড়ছে এবং আদিবাসীদের জমি দখলের ঘটনা ঘটছে। অথচ এই গুরুতর সমস্যার বিরুদ্ধে কোনও কার্যকর ব্যবস্থা না নিয়ে কেন্দ্রকে উপদেশ দিচ্ছে রাজ্যের শাসক দল।প্রধানমন্ত্রীর বক্তব্যে বারবার উঠে আসে ‘নীতি বনাম রাজনীতি’ -এর প্রসঙ্গ। তাঁর মতে, বর্তমান সরকার ভোটব্যাঙ্ক রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে। বিরোধীদের উদ্দেশ্যে তাঁর কটাক্ষ, ‘দেশকে পিছিয়ে রেখে যারা শুধু রাজনীতি করেছে, তারা আজ আমাদের নীতি নিয়ে প্রশ্ন তুলছে।’ রাজ্যসভার এই উত্তপ্ত অধিবেশন রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। একদিকে বিরোধীদের স্লোগান ও ওয়াকআউট, অন্যদিকে প্রধানমন্ত্রীর আক্রমণাত্মক বক্তব্য, সমস্ত মিলিয়ে সংসদের উচ্চকক্ষে রাজনৈতিক লড়াইয়ের মঞ্চ তৈরি হয়। মোদীর এই ভাষণকে কেন্দ্র করে আগামী দিনে অনুপ্রবেশ, রাজ্য বনাম কেন্দ্র সম্পর্ক এবং বিরোধীদের ভূমিকা নিয়ে জাতীয় রাজনীতিতে আলোচনা আরও তীব্র হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Lok Sabha adjourned, Narendra Modi speech cancelled | বিরোধী হট্টগোলে ভেস্তে গেল মোদীর সংসদ ভাষণ, প্রশ্নের মুখে অধিবেশনের কার্যকারিতা

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন