সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : রাজ্য বিধানসভার অন্তর্বর্তী বাজেট অধিবেশনের দিন পরিবর্তনের প্রভাব পড়তে চলেছে প্রশাসনিক ও রাজনৈতিক নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের উপর। প্রশাসন সূত্রে খবর, এই সময়সূচী বদলের জেরে পিছতে পারে রাজ্য মন্ত্রীসভার বিশেষ বৈঠকের নির্ধারিত দিনক্ষণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) -এর নেতৃত্বাধীন সরকারের অন্তর্বর্তীকালীন বাজেট অনুমোদনের জন্য যে বৈঠকের কথা আগে ঘোষণা করা হয়েছিল, তা আর পূর্বঘোষিত দিনে হচ্ছে না বলেই ইঙ্গিত মিলছে নবান্ন সূত্রে। আগে ঠিক ছিল, ৩১ জানুয়ারি রাজ্য বিধানসভার অন্তর্বর্তী বাজেট অধিবেশন শুরু হবে।

সেই অনুযায়ী ২ ফেব্রুয়ারি বিধানসভায় মুখ্যমন্ত্রীর কক্ষে রাজ্য মন্ত্রীসভার একটি বিশেষ বৈঠক ডাকা হয়েছিল। ওই বৈঠকেই সরকারের অন্তর্বর্তীকালীন বাজেটে চূড়ান্ত অনুমোদন দেওয়ার কথা ছিল মন্ত্রিসভার তরফে। এমনকি সেই বৈঠক সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়। কিন্তু হঠাৎ করেই অধিবেশনের সূচী বদলে যায়। নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়, ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বাজেট অধিবেশন।
এই পরিবর্তিত পরিস্থিতিতেই প্রশাসনিক অঙ্ক কষা শুরু হয়েছে। নবান্নের একটি সূত্র জানাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২ ফেব্রুয়ারি দিল্লিতে থাকবেন। ওই দিন তিনি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) -এর সঙ্গে সাক্ষাৎ করবেন। ফলে ওই দিন বিধানসভায় মন্ত্রীসভার বিশেষ বৈঠক হওয়ার সম্ভাবনা প্রায় নেই। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কবে হবে সেই গুরুত্বপূর্ণ বৈঠক?
রাজ্য বিধানসভার নতুন সূচী অনুযায়ী, ৩ ফেব্রুয়ারি অধিবেশন শুরু হলেও সেদিন মূলত শোকপ্রস্তাব পাঠের পর অধিবেশন মুলতবি হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। পরদিন ৪ ফেব্রুয়ারি মুসলিম ধর্মাবলম্বীদের শবেবরাত উৎসব উপলক্ষে রাজ্য জুড়ে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ওই দিন বিধানসভায় কোনও অধিবেশন বসছে না। সব মিলিয়ে কার্যত বাজেট পেশের আগে হাতে সময় থাকছে খুবই সীমিত। বর্তমান পরিকল্পনা অনুযায়ী, ৫ ফেব্রুয়ারি বিধানসভায় অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবে রাজ্য সরকার। এই বাজেট সপ্তদশ বিধানসভার শেষ বাজেট হতে চলেছে, যা রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বাজেট পেশের আগে মন্ত্রিসভার আনুষ্ঠানিক অনুমোদন নেওয়া আবশ্যক। সেই কারণেই মন্ত্রিসভার বিশেষ বৈঠক কবে বসবে, তা নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে।
প্রশাসনিক মহলের মতে, বিধানসভার বাজেট অধিবেশনের চূড়ান্ত সূচি ঘোষণা না হওয়া পর্যন্ত মন্ত্রিসভার বৈঠকের দিনক্ষণ স্থির করা সম্ভব নয়। বিধানসভার অধিবেশনের সময়সূচী ঘোষণার দায়িত্ব স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) -এর। সেই কারণেই আগামী ২ ফেব্রুয়ারি বিধানসভায় তাঁর কক্ষে কার্যবিবরণী কমিটির বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকেই বাজেট অধিবেশনের পূর্ণাঙ্গ সূচি চূড়ান্ত ও ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে। নবান্ন সূত্রে আরও খবর, স্পিকারের ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখেই রাজ্য মন্ত্রীসভার বিশেষ বৈঠকের নতুন নির্ঘণ্ট ঘোষণা করা হবে। প্রশাসনের একাংশের ধারণা, ৪ ফেব্রুয়ারির পরে কিংবা ৫ ফেব্রুয়ারির সকালে এই বৈঠক হতে পারে। যদিও এ বিষয়ে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি।
এদিকে, ৩ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী বাজেট অধিবেশন চলার কথা থাকলেও বাস্তবে কার্যদিবসের সংখ্যা খুবই কম। ৩ ফেব্রুয়ারি শোকপ্রস্তাব, ৪ ফেব্রুয়ারি ছুটি, ৫ ফেব্রুয়ারি বাজেট পেশ, এর পর কার্যদিবস হিসেবে থাকছে মূলত ৬ এবং ৯ ফেব্রুয়ারি। মাঝখানে ৭ ও ৮ ফেব্রুয়ারি শনি ও রবিবার হওয়ায় বিধানসভা বসবে না। ফলে সংসদীয় কাজকর্ম নির্বিঘ্নে চালাতে অধিবেশনের মেয়াদ কয়েক দিন বাড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক পর্যবেক্ষকেরা। রাজনৈতিক মহলে আলোচনা, এই অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয় উঠে আসতে পারে। বিশেষ করে এসআইআর (SIR) সংক্রান্ত বিষয়, পাশাপাশি ইডি (ED) ও সিবিআই (CBI) -এর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অভিযোগ তুলে প্রস্তাব আনা হতে পারে বলে জোর জল্পনা। সেক্ষেত্রে অধিবেশনের সময় বাড়ানো হলে আলোচনার পরিসরও বাড়বে। তথাপি, অন্তর্বর্তী বাজেটের দিন বদলের প্রভাব শুধু ক্যালেন্ডারের পাতাতেই সীমাবদ্ধ নেই। এর সঙ্গে জড়িয়ে রয়েছে রাজ্যের আর্থিক পরিকল্পনা, রাজনৈতিক কৌশল এবং প্রশাসনিক ব্যস্ততার জটিল সমীকরণ। এখন নজর স্পিকারের ঘোষণার দিকে। সেই ঘোষণাই ঠিক করে দেবে, কবে বসছে রাজ্য মন্ত্রীসভার বহু প্রতীক্ষিত বিশেষ বৈঠক এবং কীভাবে এগোবে রাজ্যের অন্তর্বর্তিকালীন বাজেট প্রক্রিয়া।
ছবি : প্রতীকী
আরও পড়ুন : SIR, Voter List Revision | এসআইআর বিতর্কে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যয়ের দিল্লি অভিযান, নির্বাচন কমিশনের মুখোমুখি হতে যাচ্ছেন মমতা-অভিষেক



