Bangladesh ICC vote, T20 World Cup Bangladesh India | আইসিসির ভোটে ধাক্কা বাংলাদেশের, সূচী বদলের দাবি খারিজ, ভারতে বিশ্বকাপ খেলতেই হবে নইলে প্রস্তুত বিকল্প দল

SHARE:

সুজয়নীল দাশগুপ্ত ★ সাশ্রয় নিউজ ডেস্ক, নতুন দিল্লি : টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা BCB) আপত্তি শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি- ICC) দরবারে টিকল না। দীর্ঘ আলোচনা, একাধিক বৈঠক ও কূটনৈতিক তৎপরতার পর বুধবার আইসিসির বোর্ড সভায় জানিয়ে দেওয়া হল, পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী ভারতেই বিশ্বকাপের ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। সূচী বা ম্যাচ কেন্দ্র বদলের কোনও প্রশ্নই নেই। বাংলাদেশ যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্মতি না দেয়, তা হলে বিকল্প কোনও দেশকে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হবে। এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটে নতুন করে আলোড়ন তৈরি করেছে।

আইসিসি সূত্রে খবর, বুধবারের ভার্চুয়াল বোর্ড বৈঠকে বাংলাদেশের দাবি নিয়ে দীর্ঘ আলোচনা হলেও শেষ পর্যন্ত ভোটাভুটি হয়। সেই ভোটে অধিকাংশ বোর্ড সদস্য বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেন। ফলস্বরূপ বিসিবির ম্যাচের ভেন্যু পরিবর্তনের দাবি খারিজ হয়ে যায়। আইসিসি বাংলাদেশের হাতে বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছে। এক দিনের মধ্যে বাংলাদেশকে সরকার ও বোর্ডের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক উত্তর না এলে বিশ্বকাপের দরজা কার্যত বন্ধ হয়ে যাবে বাংলাদেশের জন্য।এই বৈঠকে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম (Aminul Islam)। আইসিসির তরফে ছিলেন সভাপতি জয় শাহ (Jay Shah) এবং সিইও সঞ্জোগ গুপ্ত (Sanjog Gupta)। এছাড়াও বৈঠকে যোগ দেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi), ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া (Devajit Saikia), শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা (Shammi Silva), ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড (Mike Baird), জিম্বাবোয়ে ক্রিকেটের সভাপতি তাভেঙ্গা মুকুহলানি (Tavengwa Mukuhlani), ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ়ের সভাপতি কিশোর শ্যালো (Kishore Shallow), ক্রিকেট আয়ারল্যান্ডের চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনিস (Brian MacNeice), ক্রিকেট নিউ জ়িল্যান্ডের প্রতিনিধি রবার্ট টোয়েস (Robert Toes), ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসন (Richard Thompson), ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি মহম্মদ মুসাজি (Mohammed Moussajee) এবং ক্রিকেট আফগানিস্তানের চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ (Mirwaiz Ashraf)। পাশাপাশি উপস্থিত ছিলেন আইসিসির হেড অফ ইভেন্টস ও লিগ্যাল অফিসাররাও।

আরও পড়ুন : Shubman Gill dropped from T20 World Cup | টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভমন গিল নেই কেন? নীরবতা ভাঙলেন না গৌতম গম্ভীর, নির্বাচনের বার্তায় ইঙ্গিত স্পষ্ট

মূলত আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজ়ুর রহমানকে (Mustafizur Rahman) বাদ দেওয়ার ঘটনার পর থেকেই এই বিতর্কের সূত্রপাত। সেই ঘটনার প্রেক্ষিতেই বাংলাদেশ জানিয়ে দেয়, তারা ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে আগ্রহী নয়। বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয় বিসিবি। তবে শুরু থেকেই এই প্রস্তাব নাকচ করে দেয় জয় শাহের নেতৃত্বাধীন আইসিসি। সংস্থার যুক্তি ছিল, বিশ্বকাপ শুরুর ঠিক আগে সূচি বা ভেন্যু বদলালে সম্প্রচার, টিকিট, নিরাপত্তা ও লজিস্টিক ব্যবস্থায় বড়সড় সমস্যা তৈরি হবে। এতেই থামেনি বাংলাদেশ। তারা আরও এক ধাপ এগিয়ে গ্রুপ পরিবর্তনের প্রস্তাবও দেয়। নির্ধারিত সূচী অনুযায়ী বাংলাদেশ রয়েছে গ্রুপ সি-তে। এই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ় (West Indies), ইটালি (Italy), ইংল্যান্ড (England) এবং নেপাল (Nepal)। এই গ্রুপের ম্যাচগুলি কলকাতা ও মুম্বইয়ে আয়োজন করার কথা। বিসিবির প্রস্তাব ছিল, বাংলাদেশকে বি গ্রুপে স্থানান্তর করা হোক এবং সেখান থেকে আয়ারল্যান্ডকে (Ireland) সি গ্রুপে আনা হোক। কারণ, বি গ্রুপের ম্যাচগুলি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। তবে এই প্রস্তাবেও সম্মতি দেয়নি আইসিসি। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডও স্পষ্ট জানিয়ে দেয়, তারা গ্রুপ বদলাতে রাজি নয়।

সমস্যা মেটাতে গত কয়েক সপ্তাহে একাধিক দফায় আলোচনা হয় আইসিসি ও বিসিবির মধ্যে। ঢাকায় শেষ বৈঠক হয় গত শনিবার। সেই বৈঠকেও কোনও সমাধানসূত্র বেরোয়নি। শেষ পর্যন্ত আইসিসির বোর্ড সভাতেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়। আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি বাংলাদেশ নির্ধারিত সূচী মেনে দল না পাঠায়, তা হলে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে (Scotland) সুযোগ দেওয়া হবে। যদিও এখনও পর্যন্ত স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডকে সরকারিভাবে কিছু জানানো হয়নি। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বড় মোড় হতে পারে। একদিকে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা, অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে কূটনৈতিক অবস্থান দুর্বল হওয়ার আশঙ্কা, দু’দিকেই চাপের মুখে বিসিবি। এখন দেখার, শেষ মুহূর্তে বাংলাদেশ কোন পথে হাঁটে। ভারতে এসে বিশ্বকাপ খেলবে, না কি কঠোর অবস্থানে অনড় থেকে বিশ্বমঞ্চে নিজেদের জায়গা হারানোর ঝুঁকি নেবে, সেই সিদ্ধান্তের দিকেই তাকিয়ে গোটা ক্রিকেট দুনিয়া।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Virat Kohli | সাজঘরে অনুষ্কাকে দেখে বিপাকে হর্ষিত, এক কথায় পরিস্থিতি বদলে দিলেন কোহলি

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন