মেধা পাল ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : মুক্তির পর এবার ওটিটিতে দর্শকের কাছে পৌঁছে গেল সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) ও পরেশ রাওয়াল (Paresh Rawal) অভিনীত রহস্যময় হরর ছবি ‘নিকিতা রয়’ (Nikita Roy)। কুশ এস. সিনহা (Kussh S. Sinha) পরিচালিত এই ছবি ২০২৫ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। লজিক ও বিশ্বাসের সূক্ষ্ম সীমারেখা ধরে এগোনো এই ছবি গত ১২ জানুয়ারি ২০২৬ থেকে জিওহটস্টার (JioHotstar) ওটিটিতে স্ট্রিমিং শুরু করেছে। থ্রিল, মনস্তত্ত্ব ও অতিপ্রাকৃতের মিশেলে তৈরি ছবিটি নতুন করে দর্শক টানবে বলেই মনে করছেন বিনোদন মহল।

‘নিকিতা রয়’, সম্পূর্ণ শিরোনাম ‘নিকিতা রয় অ্যান্ড দ্য বুক অফ ডার্কনেস’ (Nikita Roy and The Book of Darkness) আসলে একজন সংশয়বাদী লেখিকার গল্প। নিকিতা রয় নামের এই চরিত্রটি ভুয়ো ও অসত্য অতিপ্রাকৃত দাবি উন্মোচনের জন্য পরিচিত। কিন্তু নিজের জীবনে হঠাৎ নেমে আসা রহস্য তাঁকে এমন এক পথে নিয়ে যায়, যেখানে যুক্তি ও বিশ্বাস, দু’য়ের টানাপোড়েন ক্রমশঃ তীব্র হয়ে ওঠে।
ছবির কেন্দ্রবিন্দুতে রয়েছে ভয়, প্রতারণা এবং অজানা অন্ধকারের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা। ওই ছবিতে সোনাক্ষী সিনহা ও পরেশ রাওয়ালের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সুহাইল নয়ার (Suhail Nayyar) ও অর্জুন রামপাল (Arjun Rampal)। এছাড়াও কলিরোই তসিয়াফেটা (Kallirroi Tziafeta), পল কস্টার (Paul Coster), আদি চুগ (Adi Chugh), সিকন্দর হুসেন (Sikander Hussain) এবং ক্যালিন ব্লু (Calin Bleau) -এর মতো শিল্পীরা বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। ছবির চিত্রনাট্য লিখেছেন পবন কিরপালানি (Pavan Kirpalani), বেলাল খালিক (Belal Khalique) ও নীল মহান্তি (Neel Mohanty)। প্রযোজনায় রয়েছেন নিকি ভগ্নানি (Nicky Bhagnani), ভিকি ভগ্নানি (Vicky Bhagnani), অঙ্কুর তকরানি (Ankur Takrani), দিনেশ গুপ্ত (Dinesh Gupta) এবং কিনজল ঘোনে (Kinjal Ghone)।

ছবির গল্পের কেন্দ্রে নিকিতা রয়ের ব্যক্তিগত ঘটনাপ্রবাহ। তাঁর ভাই সান্যাল রয় (Sanyal Roy) -এর রহস্যময় মৃত্যু নিকিতাকে ভিতর থেকে নাড়া দেয়। শোককে শক্তিতে রূপান্তর করে নিকিতা সত্যের সন্ধানে নামেন। তদন্ত যত গভীরে যায়, ততই অস্বাভাবিক অভিজ্ঞতার তিনি মুখোমুখি হন। যুক্তিবাদী মন ধীরে ধীরে প্রশ্নের মুখে পড়ে, আর দর্শকও টের পান, এই লড়াই শুধুই অপরাধের নয়, নিজের বিশ্বাসের সঙ্গেও লড়াই।
ছবির ট্রেলারেই ইঙ্গিত মিলেছিল অন্ধকার, নীরবতা আর আতঙ্কের। থ্রিলার-হররের আবহে নির্মিত ‘নিকিতা রয়’ ধীরে ধীরে রহস্যের স্তর খুলে দেয়। সাসপেন্স ধরে রাখাই ছবির বড় শক্তি। প্রেক্ষাগৃহে মুক্তির সময় ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেলেও, বিষয়বস্তুর জন্য আলাদা করে দৃষ্টি কেড়েছিল। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, ছবিটির নেট সংগ্রহ ছিল প্রায় ১.২৮ কোটি টাকা এবং মোট আয় দাঁড়ায় আনুমানিক ১.৫১ কোটি টাকায়। যেখানে ছবির বাজেট ধরা হয়েছিল প্রায় ২০ থেকে ২৫ কোটি টাকা। অন্যদিকে, নিকিতা রয়ের চরিত্রে সোনাক্ষী সিনহার অভিনয় এই ছবির অন্যতম আকর্ষণ। একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, এই চরিত্রটি তাঁর কাছে ভীষণ ব্যক্তিগত মনে হয়েছে। তাঁর কথায়, ‘নিকিতা শুরু থেকেই খুব বাস্তব মনে হয়েছে। সে ক্ষতি, বিভ্রান্তি আর অসংখ্য অনুত্তরিত প্রশ্নের মধ্যে দিয়ে যাচ্ছে, তবুও এগিয়ে চলে। ওর নীরব শক্তিটাই আমাকে ছুঁয়ে গেছে। কুশের নির্দেশনা আমাকে সেই নীরবতা আর অনুভূতিগুলো সৎভাবে অনুসন্ধান করার সুযোগ দিয়েছে। জিওহটস্টারে ছবির প্রিমিয়ার আমাকে আরও বড় দর্শকগোষ্ঠীর সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ করে দিচ্ছে।’ অন্যদিকে, পরেশ রাওয়ালও এই ছবিতে তাঁর চরিত্র অমর দেব (Amar Dev) নিয়ে আলাদা করে কথা বলেছেন। অভিনেতার দাবি, এই চরিত্র তাঁর আগের কাজগুলির থেকে সম্পূর্ণ আলাদা। তিনি বলেছেন, ‘এই চরিত্র চেঁচামেচি করে নিজের ক্ষমতা দেখায় না। তার প্রভাব আসে উপস্থিতি আর প্রভাবের মাধ্যমে।’ পরেশ রাওয়ালের সংযত অথচ রহস্যময় অভিনয় ছবির টোনকে আরও গভীর করেছে।

ওটিটিতে মুক্তির ফলে ‘নিকিতা রয়’ নতুন করে দর্শক পাবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। থিয়েটারের সীমাবদ্ধতা পেরিয়ে এখন বাড়িতে বসেই এই মনস্তাত্ত্বিক হরর মিস্ট্রি উপভোগ করতে পারবেন দর্শক। বিশেষ করে, যাঁরা ধীরগতির স্তরভিত্তিক রহস্য পছন্দ করেন, তাঁদের জন্য এই ছবি আকর্ষণীয় হতে পারে।

প্রসঙ্গত, যুক্তি বনাম বিশ্বাসের দ্বন্দ্ব, ব্যক্তিগত শোকের অনুসন্ধান এবং অতিপ্রাকৃতের অন্ধকার ছায়া এই তিনয়ের মেলবন্ধনই ‘নিকিতা রয়’। ওটিটিতে মুক্তির পর ছবিটি নতুন করে আলোচনায় এসেছে। এখন দেখার, ডিজিটাল দর্শকের কাছে ছবিটি কতটা সাড়া ফেলতে পারে।
সব ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Sonakshi Sinha Zaheer Iqbal prank, hoodie prank viral |হুডির ভিতরে চমক! আবারও জাহির ইকবালের দুষ্টুমি, ভাইরাল মজার প্র্যাঙ্কে হেসে লুটোপুটি সোনাক্ষী সিনহা




