সংবেদন শীল ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : বিশ্ব চলচ্চিত্রের পুরস্কারমহলে অস্কারের পাশাপাশি যে সম্মানজনক আসরটির দিকে সারা বিশ্বের সিনেপ্রেমীরা তাকিয়ে থাকেন, তা হল গোল্ডেন গ্লোব (Golden Globe) পুরস্কার। প্রতি বছর এই অনুষ্ঠান ঘিরে থাকে ব্যাপক উত্তেজনা, জল্পনা ও গ্ল্যামারের আবহ। চলতি বছর সেই উত্তেজনায় যোগ হল ভারতের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। কারণ ৮৩তম গোল্ডেন গ্লোব পুরস্কারের সঞ্চালনার দায়িত্বে থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। এই প্রথম কোনও ভারতীয় তারকা এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে।

আগামী রবিবার অনুষ্ঠিত হতে চলেছে গোল্ডেন গ্লোব পুরস্কার অনুষ্ঠান। তার আগে বৃহস্পতিবার ভোররাতে গোল্ডেন গ্লোব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে এবছরের সঞ্চালকদের তালিকা। সেই তালিকায় চোখ রাখলেই স্পষ্ট, হলিউডের প্রথম সারির তারকাদের ভিড়। জর্জ ক্লুনি (George Clooney), জুলিয়া রবার্টস (Julia Roberts), পামেলা অ্যান্ডারসন (Pamela Anderson), অরল্যান্ডো ব্লুম (Orlando Bloom), মাইলি সাইরাস (Miley Cyrus), স্নুপ ডগ (Snoop Dogg) -এর মতো কিংবদন্তি ও জনপ্রিয় তারকাদের সঙ্গে একই সারিতে জায়গা করে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এই ঘোষণা প্রকাশ্যে আসতেই দেশ-বিদেশে আলোচনার ঝড় উঠেছে। এই সাফল্য নিঃসন্দেহে ভারতের জন্য গর্বের বিষয়। কারণ এতদিন বলিউড থেকে হলিউডে পা রাখার স্বপ্ন অনেকেই দেখেছেন, কিন্তু আন্তর্জাতিক পুরস্কার মঞ্চে সঞ্চালনার মতো দায়িত্ব পাওয়া সত্যিই বিরল। প্রিয়াঙ্কা চোপড়া সেই বিরল কৃতিত্ব অর্জন করে প্রমাণ করলেন, তিনি আর কেবল ‘দেশি গার্ল’ নন, বরং প্রকৃত অর্থেই একজন ‘গ্লোবাল আইকন’।
উল্লেখ্য, ২০১৭ সালে প্রথমবার গোল্ডেন গ্লোবের রেড কার্পেটে হাঁটেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই সময় থেকেই আন্তর্জাতিক ফ্যাশন ও বিনোদন জগতে তাঁর উপস্থিতি নজর কাড়তে শুরু করে। এরপর ২০২০ সালে দ্বিতীয়বার তাঁকে গোল্ডেন গ্লোব অনুষ্ঠানে দেখা যায়। তবে এবছর, প্রায় ছয় বছর পরে, শুধুমাত্র অতিথি হিসেবে নয়, বরং অনুষ্ঠানের অন্যতম সঞ্চালক হিসেবে তাঁর উপস্থিতি আলাদা গুরুত্ব বহন করছে।সম্প্রতি ‘দ্য ব্লাফ’ (The Bluff) ছবিতে জলদস্যুর চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছেন প্রিয়াঙ্কা। তাঁর অভিনয়, পর্দায় উপস্থিতি এবং আন্তর্জাতিক প্রজেক্ট বাছাইয়ের দক্ষতা হলিউডেও প্রশংসিত হয়েছে। এমন আবহেই গোল্ডেন গ্লোব কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত যে প্রিয়াঙ্কার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতারই স্বীকৃতি, তা বলাই বাহুল্য। ভক্তদের অনেকেই সমাজমাধ্যমে লিখেছেন, ‘এটা শুধু প্রিয়াঙ্কার জয় নয়, ভারতের জয়।’

চলতি বছরের গোল্ডেন গ্লোব অনুষ্ঠানে প্রিয়াঙ্কার পাশাপাশি উপস্থিত থাকবেন একঝাঁক খ্যাতনামা আন্তর্জাতিক তারকা। তালিকায় রয়েছেন আমান্ডা সাইফ্রেড (Amanda Seyfried), আয়ো এডেবিরি (Ayo Edebiri), চার্লি এক্সসিএক্স (Charli XCX), ক্রিস পাইন (Chris Pine), কনর স্টোরি (Connor Story), কোলম্যান ডোমিঙ্গো (Colman Domingo), ডাকোটা ফ্যানিং (Dakota Fanning), ডেভ ফ্রাঙ্কো (Dave Franco), ডায়ান লেন (Diane Lane), হেইলি স্টেইনফেল্ড (Hailee Steinfeld), জেসন ব্যাটম্যান (Jason Bateman), জো কেরি (Joe Keery), জুড অ্যাপাটো (Judd Apatow), জাস্টিন হার্টলি (Justin Hartley), ক্যাথরিন হান (Kathryn Hahn), কিগান-মাইকেল কি (Keegan-Michael Key), কেভিন বেকন (Kevin Bacon) এবং কেভিন হার্ট (Kevin Hart)-এর মতো জনপ্রিয় তারকারা। এই বিপুল তারকাবহুল অনুষ্ঠানের মঞ্চে প্রিয়াঙ্কার উপস্থিতি যে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও বিশেষ গুরুত্ব পাবে, তা নিশ্চিত। একই সঙ্গে এটি ভবিষ্যতে আরও ভারতীয় শিল্পীদের জন্য আন্তর্জাতিক দরজা খুলে দিতে পারে বলেও মনে করছেন বিনোদন সমালোচকরা।
ভারতীয় দর্শকদের জন্যও রয়েছে সুখবর। গোল্ডেন গ্লোব পুরস্কার অনুষ্ঠানটি সোমবার সকালে ভারতে সম্প্রচারিত হবে। ফলে দেশের দর্শকরাও সরাসরি দেখতে পাবেন প্রিয়াঙ্কা চোপড়াকে এই ঐতিহাসিক ভূমিকায়। বলিউড থেকে হলিউড, এই দীর্ঘ যাত্রাপথে প্রিয়াঙ্কার প্রতিটি সাফল্য যেমন প্রেরণার, তেমনই গোল্ডেন গ্লোব সঞ্চালনার দায়িত্ব তাঁর কেরিয়ারের এক নতুন মাইলফলক হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে।
ছবি : প্রতীকী
আরও পড়ুন : Priyanka Chopra Nick Jonas, Indian kadha benefits : নিক জোনাসকে ‘অর্ধেক ভারতীয়’ বানালেন প্রিয়াঙ্কা চোপড়া, সেলেব দাম্পত্যের গল্পে ঘরোয়া কাড়া থেকে উৎসবের রঙ




