Khowai Block vs Padmabil Block, Khowai District Cricket Match, Tripur | সমাজসচেতনতার বার্তা নিয়ে খোয়াই ব্লক বনাম পদ্মবিল ব্লকের প্রীতিপূর্ণ টি-২০ ক্রিকেট ম্যাচ

SHARE:

রাজেশ চন্দ্র দেবনাথ ★ সাশ্রয় নিউজ ডেস্ক, আগরতলা : শুক্রবার বেলা ১১টায় বাইজালবাড়ি (দ্বাদশ শ্রেণি) বিদ্যালয়ের মাঠে খোয়াই (Khowai) ব্লক ও পদ্মবিল ব্লকের মধ্যে একটি প্রীতিপূর্ণ টি-২০ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। পদ্মবিল বিদ্যালয় পরিদর্শক, খোয়াই জেলা শিক্ষা দপ্তর এবং খোয়াই বিদ্যালয় পরিদর্শকের যৌথ ব্যবস্থায় আয়োজিত এই ক্রীড়ানুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল সমাজে নেশার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ এবং এইডস বিষয়ে জনসচেতনতার বার্তা পৌঁছে দেওয়া। এই প্রীতি ম্যাচের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় দত্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার সদস্য রঞ্জিত দেব্বর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম অধিকর্তা দিলীপ দেব্বর্মা এবং খোয়াই জেলা শাসক ও সমাহর্তা রজত পন্থ। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন পদ্মবিল বিদ্যালয় পরিদর্শক বিষ্ণু দত্ত। পুরো অনুষ্ঠানটির পৌরহিত্য করেন ঈশ্বর সর্দার পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক রথীন্দ্র দেব্বর্মা।

খোয়াই ব্লক ও পদ্মবিল ব্লকের মধ্যে একটি প্রীতিপূর্ণ টি-২০ ক্রিকেট ম্যাচ। -নিজস্ব চিত্র

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পরিয়ে ও ব্যাজ পরিয়ে বরণ করে নেওয়া হয়। পরে মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধকসহ অন্যান্য অতিথিরা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের শুভসূচনা করেন। এরপর ক্ষুদে শিল্পীদের পরিবেশনায় জনজাতীয় লোকনৃত্য ‘মামিতা’ দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক বিষ্ণু দত্ত। এরপর পর্যায়ক্রমে বক্তব্য রাখেন দিলীপ দেব্বর্মা, রজত পন্থ, রঞ্জিত দেব্বর্মা এবং অপর্ণা সিংহ রায় দত্ত। তাঁদের বক্তব্যে ক্রীড়াচর্চার মাধ্যমে সুস্থ সমাজ গঠনের পাশাপাশি সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে একযোগে লড়াইয়ের আহ্বান উঠে আসে। রথীন্দ্র দেব্বর্মার বক্তব্যের মধ্য দিয়ে উদ্বোধনী পর্বের সমাপ্তি ঘটে।

আরও পড়ুন : Birsa Munda Memorial Football Tournament | ভগবান বিরসা মুন্ডার স্মৃতিতে খোয়াইয়ে জেলাভিত্তিক আন্তঃআবাসিক ফুটবল প্রতিযোগিতা, ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন খোয়াই সরকারি এসটি বয়েজ হোস্টেল

দ্বিতীয়ার্ধে মূল ক্রীড়ানুষ্ঠানের শুরুতে বিশিষ্ট সংস্কৃতিসেবক সৌর প্রতিম শর্ম্মার নেতৃত্বে উপস্থিত সকলেই জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর অতিথিরা মাঠে নেমে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং প্রতীকী বোলিং ও ব্যাটিংয়ের মাধ্যমে টি-২০ ক্রিকেট ম্যাচের সূচনা করেন। ম্যাচের প্রথমে ব্যাট করতে নেমে খোয়াই ব্লক দল ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে। জবাবে পদ্মবিল ব্লক দল ১৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৮ রান করে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে প্রীতিপূর্ণ এই টি-২০ ম্যাচে খোয়াই ব্লক দল জয় লাভ করে।

আরও পড়ুন : S. Jaishankar | ভারত পশ্চিমা দেশগুলোর নৈতিক শিক্ষা প্রত্যাখ্যান করছে: পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর

খেলা শেষে পুরস্কার বিতরণী পর্বে অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়কে মেডেল প্রদান করা হয়। ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে ‘ম্যান অব দ্য ম্যাচ’ ট্রফি অর্জন করেন অচিন্ত রায়। বিজয়ী দল খোয়াই ব্লকের হাতে তুলে দেওয়া হয় চ্যাম্পিয়ন ট্রফি এবং পদ্মবিল ব্লক দলকে প্রদান করা হয় রানার্সআপ ট্রফি। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সংস্কৃতিসেবক সৌর প্রতিম শর্ম্মা। খোয়াই ব্লক ও পদ্মবিল ব্লক দলের ম্যানেজার ছিলেন যথাক্রমে অশোক দাস এবং রাজেন্দ্র দেব্বর্মা। ম্যাচে আম্পায়ারের দায়িত্বে ছিলেন সুমন গোস্বামী ও সঞ্জীব দাস। স্কোরবোর্ড পরিচালনায় ছিলেন বনবীর দেব্বর্মা, পদ্ম দেব্বর্মা, সুব্রত ভৌমিক এবং সুজয় দেব। প্রসঙ্গত উল্লেখ্য, এই দিন ক্রীড়ানুষ্ঠানে বহু সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল লক্ষণীয়। অতিথি, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমী দর্শকদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় সমাজসচেতনতার এই ক্রীড়া আয়োজন সর্বতোভাবে সফল হয়ে ওঠে।

আরও পড়ুন : Chhattisgarh road network, rural road development | ২৫ বছরে সড়ক উন্নয়নে ব্যাপক উন্নতি ছত্তিশগড়ে: ৪৮ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা থেকে অর্থনৈতিক করিডর, উন্নয়নের নতুন মানচিত্র

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন