শোভনা মাইতি ★ বিনোদন ডেস্ক, মুম্বাই : বলিউডের অন্দরমহলে ফের সম্পর্ক ভাঙনের গুঞ্জন। এ বার আলোচনার কেন্দ্রে অভিনেত্রী তারা সুতারিয়া (Tara Sutaria) ও শিল্পপতি পরিবারের সন্তান বীর পাহাড়িয়া (Veer Pahariya)। প্রেম, সুখী মুহূর্ত, চাঁদ দেখা, সব কিছুর মাঝেই হঠাৎ করেই শোনা যাচ্ছে, এই সম্পর্ক নাকি আর টিকে নেই। যদিও প্রকাশ্যে কেউ কিছু বলেননি, তবে সাম্প্রতিক কিছু ঘটনা ও সোশ্যাল মিডিয়ার ইঙ্গিত ঘিরেই শুরু হয়েছে জোর জল্পনা। কিছু দিন আগেই একটি সাক্ষাৎকারে তারা সুতারিয়া বলেছিলেন, তিনি তাঁর প্রেমিকের সঙ্গে চাঁদ দেখেন এবং জীবনের এই অধ্যায়ে তিনি খুবই সুখী। সেই প্রেমিক ছিলেন বীর পাহাড়িয়া। তাঁদের সম্পর্ক নিয়ে এত দিন তেমন বিতর্ক শোনা যায়নি। বরং বলিউডের অন্দরমহলে এই জুটিকে ‘লো প্রোফাইল কিন্তু স্থিতিশীল’ বলেই মনে করা হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায় একটি খোলা মঞ্চের ঘটনায়।

সম্প্রতি গায়ক এপি ঢিল্লোঁ (AP Dhillon) -এর একটি লাইভ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তারা হাজির হয়েছিলেন। সেই অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন বীরও। মঞ্চে ওঠার পর তারা এপি ঢিল্লোঁকে আলিঙ্গন করেন। গায়ক তখন তাঁর জনপ্রিয় গান ‘থোড়ি সি দারু’ পরিবেশন করছিলেন, যার মিউজিক ভিডিয়োয় তারাকেই দেখা গিয়েছিল। ঠিক সেই সময়েই এপি ঢিল্লোঁ হঠাৎ করে তারার গালে চুম্বন করেন। দর্শকাসনে দাঁড়িয়ে সেই মুহূর্ত প্রত্যক্ষ করেন বীর পাহাড়িয়া। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে।
নেটাগরিকদের একাংশ দাবি করেন, প্রেমিকের সামনে এমন ঘনিষ্ঠতা মানতে পারেননি বীর। অনেকেই মন্তব্য করেন, ‘এ বার নিশ্চয়ই সম্পর্ক ভেঙে যাবে’। কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে অভিযোগ তোলেন, খোলা মঞ্চে বীরকে অসম্মান করা হয়েছে। নানা কটাক্ষ ও সমালোচনায় ভরে ওঠে তারার সোশ্যাল মিডিয়া।
এই বিতর্কের মধ্যেই পাল্টা জবাব দেন তারা সুতারিয়া। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘ভুল তথ্য, চতুর সম্পাদনা আর টাকা দিয়ে প্রচার করলেই আমাদের সম্পর্কে চিড় ধরানো যাবে না। সব শেষে ভালবাসা ও সত্যেরই জয় হয়।’ তারার এই বক্তব্যে সাময়িকভাবে জল্পনা থামলেও নতুন করে আগুনে ঘি ঢালে বীর পাহাড়িয়ার একটি মন্তব্য। তিনি লেখেন, ‘বলাই বাহুল্য আমার প্রতিক্রিয়ার ফুটেজটা অন্য একটি গানের সময়ের, এটা “থোড়ি সি দারু”-র সময়ের নয়।’ কিন্তু কিছু সময়ের মধ্যেই সেই মন্তব্য আর দেখা যায়নি। নেটাগরিকদের দাবি, বীর নিজেই মন্তব্যটি মুছে দিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় নতুন জল্পনা, তাহলে কি সত্যিই সব ঠিক নেই? যদি সম্পর্ক অটুটই থাকে, তবে মন্তব্য মুছে ফেলার প্রয়োজন কেন?

বলিউডের ঘনিষ্ঠ সূত্রের দাবি, খুবই গোপনীয়তা বজায় রেখে তারা ও বীর নাকি তাঁদের সম্পর্কে দাঁড়ি টেনেছেন। তবে বিচ্ছেদের কারণ নিয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য সামনে আসেনি।
কেউ বলছেন, এপি ঢিল্লোঁর সঙ্গে মঞ্চে তারার ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি বীর। আবার কারও মতে, এটি শুধুই গুজব, বাস্তবে তেমন কিছু হয়নি। উল্লেখ্য, এখনও পর্যন্ত তারা ও বীর একে অপরকে ইনস্টাগ্রামে অনুসরণ করছেন। তাঁদের একসঙ্গে তোলা পুরনো ছবিও এখনও প্রোফাইল থেকে সরানো হয়নি।
সাধারণত সম্পর্ক ভাঙলে বলিউড তারকারা প্রথমেই এই ডিজিটাল দূরত্ব তৈরি করেন। সেই জায়গা থেকেই অনেক অনুরাগী মনে করছেন, হয়তো সব কিছু এতটা গুরুতর নয়।

তারার ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে থেকেছে। অভিনেতা আদর জৈন (Aadar Jain)-এর সঙ্গে বিচ্ছেদের পর ২০২৫ সালের মে মাসে বীর পাহাড়িয়ার সঙ্গে তাঁর প্রেমের খবর সামনে আসে। তখন একাধিক সাক্ষাৎকারে তারা অকপটে বলেছিলেন, ‘আমি এই মুহূর্তে খুব সুখে আছি। মনে হয় যেন চাঁদে রয়েছি।’
প্রেমিকের সঙ্গে চাঁদ দেখেন কি না, সেই প্রশ্নে হাসতে হাসতে তিনি উত্তর দিয়েছিলেন, ‘হ্যাঁ, এটা সত্যিই দারুণ অভিজ্ঞতা।’ সেই ‘চাঁদের সুখ’ কী তবে এখন মেঘে ঢাকা? নাকি সোশ্যাল মিডিয়ার অতিরঞ্জিত ব্যাখ্যাই সম্পর্ক নিয়ে ভুল বার্তা ছড়াচ্ছে? আপাতত এই প্রশ্নের উত্তর অজানাই। তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়া, দু’জনেই এই বিষয়ে এখনও পর্যন্ত নীরব। তাঁদের নীরবতাই যেন জল্পনাকে আরও উসকে দিচ্ছে। বলিউডে তাই এখন একটাই প্রশ্ন, এপি ঢিল্লোঁর মঞ্চচুম্বন কি সত্যিই এই প্রেমের গল্পে ইতি টানল, নাকি সবটাই রটনা?
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Sexual wellness and relationships | শরীর যখন নিভে যায়! যৌনতায় ‘লোডশেডিং’ হলে কীভাবে সাড়া দেবে মন ও দেহ? কীভাবে আলো জ্বালবেন? জানালেন বিশেষজ্ঞরা




