শোভনা মাইতি ★ সাশ্রয় নিউজ ডেস্ক, গোয়া : ভারতের শক্তি কূটনীতিতে আরও এক গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হতে চলেছে জানুয়ারির শেষ সপ্তাহে। আগামী ২৭ থেকে ৩০ জানুয়ারি গোয়ায় (Goa) অনুষ্ঠিত হতে চলেছে ‘ভারত শক্তি সপ্তাহ ২০২৬’ বা ‘ইন্ডিয়া এনার্জি উইক ২০২৬’ (India Energy Week 2026)। চার দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে জ্বালানি নিরাপত্তা, বিনিয়োগ বৃদ্ধি এবং কার্বন নিঃসরণ হ্রাসের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে একত্রিত হবেন বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী, নীতিনির্ধারক, কর্পোরেট সংস্থার শীর্ষ কর্তারা এবং জ্বালানি খাতের বিশেষজ্ঞরা। ভারত শক্তি সপ্তাহকে দেশের অন্যতম প্রধান বৈশ্বিক শক্তি মঞ্চ হিসেবে ধরা হয়। নিরাপদ, টেকসই এবং সাশ্রয়ী জ্বালানি ভবিষ্যৎ গড়ে তুলতে এই সম্মেলনে সরকার, শিল্প এবং উদ্ভাবনী সংস্থাগুলির মধ্যে সরাসরি সংলাপের সুযোগ তৈরি হয়। একটি নিরপেক্ষ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে ভারত শক্তি সপ্তাহ বিনিয়োগ টানতে, নীতিগত সমন্বয় বাড়াতে এবং প্রযুক্তিগত সহযোগিতাকে বাস্তব রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
আয়োজকদের তরফে জানানো হয়েছে, ইন্ডিয়া এনার্জি উইক ২০২৬ -এ থাকবে বিশেষজ্ঞদের দ্বারা পরিকল্পিত চার দিনের বিস্তৃত কর্মসূচী। এর মধ্যে রয়েছে মন্ত্রিস্তরীয় গোলটেবিল বৈঠক, বৈশ্বিক পুঁজি প্রবাহ নিয়ে সিইও সংলাপ, সরকারি ও বেসরকারি ক্ষেত্রের মধ্যে নীতি-আলোচনা, বহুজাতিক সংস্থা ও জাতীয় শক্তি সংস্থাগুলির প্রযুক্তি প্রদর্শনী, সামাজিক অনুষ্ঠান এবং গণমাধ্যমের সঙ্গে সরাসরি মতবিনিময়ের একাধিক পর্ব। এই সম্মেলনের অন্যতম আকর্ষণ হবে একটি বৃহৎ প্রদর্শনী, যেখানে জ্বালানি মূল্য শৃঙ্খলের প্রতিটি স্তরের শতাধিক সংস্থা অংশ নেবে। ওয়াকিবহাল মহলের মতে, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে শক্তি নিরাপত্তা ও কার্বন নিঃসরণ কমানো একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। এই কারণেই ভারত শক্তি সপ্তাহ ২০২৬-এ হাইড্রোজেন অর্থনীতি (Hydrogen Economy), সবুজ অর্থায়ন (Green Finance), টেকসই জ্বালানি (Sustainable Fuels), চক্রাকার অর্থনীতি (Circularity), ডিজিটাল রূপান্তর (Digital Transformation) এবং দক্ষ কর্মশক্তি উন্নয়নের মতো বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই পৃথক আলোচনাসভা এবং বিশেষ সেশন রাখা হয়েছে, যেখানে নীতিনির্ধারক ও শিল্প নেতারা ভবিষ্যৎ পথনির্দেশ নিয়ে মত বিনিময় করবেন।
আন্তর্জাতিক অংশগ্রহণের দিক থেকেও এবারের ইন্ডিয়া এনার্জি উইক বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। আয়োজক সূত্রে খবর, বিশ্বের একাধিক দেশ তাদের নিজস্ব প্যাভিলিয়ন নিয়ে অংশ নেবে। এই দেশ-নির্দিষ্ট প্যাভিলিয়নগুলিতে সংশ্লিষ্ট দেশের শক্তি নীতি, প্রযুক্তিগত উদ্ভাবন এবং বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা হবে। ফলে এক ছাদের নিচে বিভিন্ন দেশের শক্তি খাতের সেরা অনুশীলন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ধারণা পাওয়া যাবে।ভারত শক্তি সপ্তাহের লক্ষ্য শুধু আলোচনা সীমাবদ্ধ রাখা নয়, বরং বাস্তব বিনিয়োগ ও অংশীদারিত্বের পথ খুলে দেওয়া। সেই কারণেই সম্মেলনে সিইও স্তরের বৈঠক ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (Public-Private Partnership) সংক্রান্ত বিশেষ অধিবেশন রাখা হয়েছে। শিল্পপতি ও নীতিনির্ধারকদের সরাসরি আলোচনার মাধ্যমে নতুন প্রকল্প, যৌথ উদ্যোগ এবং প্রযুক্তি স্থানান্তরের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
ভারতের প্রেক্ষাপটে এই সম্মেলনের গুরুত্ব আরও বেশি। একদিকে, দেশ দ্রুত অর্থনৈতিক বৃদ্ধির পথে এগোচ্ছে, অন্যদিকে ২০৭০ সালের মধ্যে নেট-জিরো কার্বন নিঃসরণের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে ভারত সরকার (Government of India)। এই দুই লক্ষ্য পূরণে শক্তি খাতে বিনিয়োগ, প্রযুক্তি ও নীতিগত সমন্বয় অত্যন্ত জরুরি। ইন্ডিয়া এনার্জি উইক ২০২৬ সেই সমন্বয়ের ক্ষেত্র প্রস্তুত করবে বলেই মনে করছেন শক্তি বিশেষজ্ঞরা। গোয়াকে (Goa) এই সম্মেলনের আয়োজক স্থান হিসেবে বেছে নেওয়ার পেছনেও রয়েছে কৌশলগত চিন্তা। পর্যটন ও পরিকাঠামোর দিক থেকে গোয়া আন্তর্জাতিক সম্মেলনের জন্য উপযুক্ত, পাশাপাশি পশ্চিম উপকূলের এই রাজ্যটি নবায়নযোগ্য শক্তি ও সবুজ পর্যটনের ক্ষেত্রেও একাধিক উদ্যোগ নিয়েছে। ফলে শক্তি ও পরিবেশবান্ধব উন্নয়নের বার্তা তুলে ধরতে গোয়া আদর্শ মঞ্চ বলেই মত আয়োজকদের।
চার দিনের সম্মেলনের শুধু আনুষ্ঠানিক আলোচনা থাকবে, তেমনি থাকিবে সামাজিক অনুষ্ঠান ও নেটওয়ার্কিং প্রোগ্রাম। এতে বিভিন্ন দেশের প্রতিনিধি ও শিল্প নেতাদের মধ্যে অনানুষ্ঠানিক সম্পর্ক গড়ে উঠবে, যা ভবিষ্যতে সহযোগিতার পথ আরও সুগম করবে। গণমাধ্যমের জন্যও বিশেষ এনগেজমেন্ট প্রোগ্রাম রাখা হয়েছে, যাতে শক্তি খাতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও আলোচনার বিষয়গুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। তবে, ভারত শক্তি সপ্তাহ ২০২৬ বৈশ্বিক শক্তি ভবিষ্যৎ নিয়ে ভারতের নেতৃত্বের এক স্পষ্ট বার্তা। নিরাপদ, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক শক্তি ব্যবস্থার পথে বিশ্বের বিভিন্ন দেশকে একসূত্রে বেঁধে দেওয়ার লক্ষ্যেই গোয়ায় এই আন্তর্জাতিক মঞ্চ বসতে চলেছে।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : India Germany trade relations | নতুন কূটনৈতিক সমীকরণে ভারত-জার্মানি সম্পর্ক, বাণিজ্য ও প্রযুক্তি ঘিরে মোদী-মার্জ় বৈঠকে নজর বিশ্বের




