WAVES 2025 India, Indian creative economy | ৯০টিরও বেশি দেশের অংশগ্রহণে ভারতের নেতৃত্বে WAVES 2025: সৃজনশীল অর্থনীতির বিশ্বমঞ্চে নতুন দরজা খুলল

SHARE:

দেবব্রত সরকার, সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : ভারত (India) এক নতুন অধ্যায়ের সাক্ষী থাকল সৃজনশীল অর্থনীতি ও গণমাধ্যম-বিনোদন জগতের ইতিহাসে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক (Ministry of Information and Broadcasting) -এর উদ্যোগে আয়োজিত বিশ্ব অডিও-ভিজ্যুয়াল ও বিনোদন সম্মেলন ‘ওয়েভস ২০২৫’ (WAVES 2025) সফলভাবে অনুষ্ঠিত হয়ে আন্তর্জাতিক স্তরে ব্যাপক সাড়া ফেলেছে। ৯০টিরও বেশি দেশের অংশগ্রহণে এই সম্মেলন শুধু একটি ইভেন্ট নয়, বরং ভারতকে বৈশ্বিক সৃজনশীল হাব হিসেবে প্রতিষ্ঠার পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নীতি নির্ধারক, শিল্পপতি, কনটেন্ট নির্মাতা, স্টার্টআপ উদ্যোক্তা ও প্রযুক্তিবিদদের মিলনক্ষেত্র হয়ে উঠেছিল WAVES 2025।

 

এই সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল ‘ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জেস’ (Create in India Challenges), যা ক্রিয়েটোস্ফিয়ার (CreatoSphere) -এর মাধ্যমে বিভিন্ন দেশের স্রষ্টাদের একসূত্রে বেঁধেছে। চলচ্চিত্র, অ্যানিমেশন, গেমিং, মিউজিক, ডিজিটাল আর্ট ও নতুন মিডিয়ার ক্ষেত্রে উদ্ভাবনী ভাবনাকে উৎসাহ দিতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা নিয়েছে। তরুণ নির্মাতাদের জন্য এটি হয়ে উঠেছে আন্তর্জাতিক সংযোগ তৈরির এক অনন্য প্ল্যাটফর্ম, যেখানে ভাবনা বিনিময়ের পাশাপাশি বিনিয়োগ ও সহ-প্রযোজনার সুযোগও তৈরি হয়েছে। ওয়েভস ২০২৫ -এর আর একটি উল্লেখযোগ্য দিক ছিল ‘ওয়াভেক্স’ (WAVEX), যা মিডিয়া ও বিনোদন খাতে স্টার্টআপদের জন্য একটি নেক্সট-জেন প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই মঞ্চে নতুন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ভার্চুয়াল রিয়্যালিটি (VR), অগমেন্টেড রিয়্যালিটি (AR) এবং কনটেন্ট টেকনোলজির স্টার্টআপগুলি তাদের ধারণা ও পণ্য প্রদর্শনের সুযোগ পেয়েছে। বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে বহু স্টার্টআপ ভবিষ্যৎ সহযোগিতার রাস্তা খুলতে সক্ষম হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন : Women’s Premier League news, Smriti Mandhana RCB | মেয়েদের আইপিএলের আগে বড় ধাক্কা, চাপে স্মৃতি মন্ধানা ও জেমাইমা রদ্রিগেস

একই সঙ্গে ‘ওয়েভস বাজার’ (WAVES Bazaar) হয়ে উঠেছে ভারতের সৃজনশীল প্রতিভা ও পণ্যের ওয়ান স্টপ পোর্টাল। চলচ্চিত্র প্রকল্প, সিরিজ, অ্যানিমেশন কনটেন্ট থেকে শুরু করে ডিজিটাল আইপি, সবকিছুর প্রদর্শনী হয়েছে এই বাজারে। আন্তর্জাতিক ক্রেতা ও প্রযোজকদের উপস্থিতিতে ভারতীয় কনটেন্টের প্রতি বিশ্ববাজারের আগ্রহ যে ক্রমশ বাড়ছে, তারই প্রমাণ মিলেছে এই আয়োজনে। উল্লেখ্য, সৃজনশীল প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার নতুন করে ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ক্রিয়েটিভ টেকনোলজি’ (Indian Institute of Creative Technology) নামে একটি জাতীয় উৎকর্ষ কেন্দ্র স্থাপনের ঘোষণা করেছে। অত্যাধুনিক প্রশিক্ষণ, গবেষণা এবং শিল্প-সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতের কনটেন্ট নির্মাতাদের তৈরি করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। সংশ্লিষ্ট মহলের মতে, এই উদ্যোগ দীর্ঘমেয়াদে ভারতের মিডিয়া ও বিনোদন শিল্পকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে।

নীতিগত সংস্কারের দিকেও জোর দিয়েছে কেন্দ্র। ইন্ডিয়া সিনে হাব (India Cine Hub- ICH) -এর মাধ্যমে একক জানালা অনুমোদন ব্যবস্থা (Single-Window Clearance System) চালুর কাজ চলছে। এর ফলে শুটিং সংক্রান্ত ফায়ার, ট্রাফিক, পুরসভা-সহ বিভিন্ন অনুমতি দ্রুত মিলবে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হবে। পাশাপাশি, রাজ্যগুলির জন্য মডেল এসওপি (Standard Operating Procedures) তৈরি ও অপ্রয়োজনীয় অনুমতি বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজিটাল পাইরেসির বিরুদ্ধে সরকার যে কঠোর অবস্থান নিয়েছে, তাও ওয়েভস ২০২৫ -এ স্পষ্ট হয়েছে। চলচ্চিত্র ও বিনোদন শিল্পের উপর পাইরেসির নেতিবাচক প্রভাব বিবেচনায় নিয়ে আইন, কড়া প্রয়োগ এবং সচেতনতা, এই তিনস্তরীয় কৌশল গ্রহণ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs), তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MeitY), ডিপিআইআইটি (DPIIT) ও টেলিযোগাযোগ দপ্তর (DoT)-এর প্রতিনিধিদের নিয়ে গঠিত আন্তঃমন্ত্রক কমিটি (Inter-Ministerial Committee) সমন্বিত পদক্ষেপের মাধ্যমে এই সমস্যার মোকাবিলায় কাজ করছে।

সরকারি সম্প্রচার ক্ষেত্রেও সাফল্যে মিলেছে। দূরদর্শন (Doordarshan) ২০২৪ লোকসভা নির্বাচনে ভোটার সচেতনতা বৃদ্ধির জন্য ইসিআই মিডিয়া অ্যাওয়ার্ড (ECI Media Award) লাভ করেছে, যা ২০২৫ সালের জাতীয় ভোটার দিবসে রাষ্ট্রপতির হাত থেকে প্রদান করা হয়। অন্যদিকে, কমিউনিটি রেডিও (Community Radio) ২০২৫ সালে আরও বিস্তৃত হয়েছে। ২২টি নতুন স্টেশন চালু হয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৫১-তে। ওয়েভস সম্মেলনের সময় জাতীয় কমিউনিটি রেডিও সম্মেলন, একাধিক সচেতনতা কর্মশালা ও আঞ্চলিক সমাবেশ আয়োজিত হয়েছে। চলচ্চিত্র উৎসবের ক্ষেত্রেও ২০২৫ ছিল স্মরণীয়। গোয়ায় অনুষ্ঠিত ৫৬তম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব (International Film Festival of India- IFFI 2025) -এ ৮১টি দেশের ২৪০টিরও বেশি ছবি প্রদর্শিত হয়েছে। ভারতের প্রথম এআই ফিল্ম ফেস্টিভ্যাল, ভিএফএক্স ও ডিজিটাল প্রোডাকশন বিষয়ক আলোচনা এই উৎসবকে ভবিষ্যৎপ্রস্তুত করে তুলেছে। একই সঙ্গে ওয়েভস ফিল্ম বাজারে (WAVES Film Bazaar) ৪০টিরও বেশি দেশের ২,৫০০ -এর বেশি প্রতিনিধি অংশ নেন, যা দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ফিল্ম মার্কেট হিসেবে আত্মপ্রকাশ করেছে।

সেন্সর বোর্ড বা সিবিএফসি-ও (CBFC) ডিজিটাল রূপান্তরের পথে এগিয়েছে। ই-সিনেপ্রমাণ (e-Cinepramaan) পোর্টালের মাধ্যমে সম্পূর্ণ অনলাইন সার্টিফিকেশন, একাধিক ভাষার জন্য একক সার্টিফিকেট এবং পরীক্ষণ কমিটিতে ৫০ শতাংশ মহিলা প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। বিশেষভেবে উল্লেখ্য যে, ওয়েভস ২০২৫ প্রমাণ করেছে যে ভারত শুধু কনটেন্ট তৈরি করে না, বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো এক সমন্বিত সৃজনশীল ইকোসিস্টেম গড়ে তুলছে। এই উদ্যোগ ভবিষ্যতে ভারতের মিডিয়া ও বিনোদন শিল্পকে বৈশ্বিক মানচিত্রে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে বলেই মত পর্যবেক্ষকদের।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Digital Arrest Scam | ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর আতঙ্কে সর্বস্বান্ত! ভুয়ো পুলিশের ফাঁদে পড়ে দু’কোটি টাকা খোয়ালেন বেঙ্গালুরুর সফ্‌টওয়্যার ইঞ্জিনিয়ার

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন