Mahatmashree scheme | মহাত্মার নামেই কাজ ও সম্মান : কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদে ‘কর্মশ্রী’ থেকে ‘মহাত্মাশ্রী’, নবান্নের বিজ্ঞপ্তিতে সিলমোহর

SHARE:

ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে তৃণমূলের কড়া বার্তা।

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আগেই সরব হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১০০ দিনের কাজের প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) নাম সরিয়ে দেওয়ার ঘটনায় প্রকাশ্যে তিনি ক্ষোভ উগরে দিয়েছিলেন। সেই প্রতিবাদেরই বাস্তব রূপ নিল শনিবার। রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হল, রাজ্যের ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম বদলে করা হচ্ছে ‘মহাত্মাশ্রী’। নবান্নের (Nabanna) এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজ্য-রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে জোর বিতর্ক।

এর আগে বৃহস্পতিবার শিল্প সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, জাতির জনকের নাম ১০০ দিনের কাজের প্রকল্প থেকে বাদ দেওয়ার ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই শনিবার সরকারি বিজ্ঞপ্তিতে সেই সিদ্ধান্ত কার্যকর করা হল। নবান্ন সূত্রে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর ঘোষণার ভিত্তিতেই সংশোধিত বিজ্ঞপ্তিতে রাজ্যপাল সন্তুষ্ট হয়ে নির্দেশ জারি করেছেন। বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকেই নতুন নাম কার্যকর হচ্ছে বলেও স্পষ্ট করা হয়েছে। নবান্নের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৭ মার্চ রাজ্য সরকারের উদ্যোগে ‘কর্মশ্রী’ প্রকল্প চালু করা হয়। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন বা এমজিনআরইজিএস (MGNREGS) -এর আওতায় জব কার্ডপ্রাপ্ত গ্রামীণ অদক্ষ শ্রমিকদের কাজের সুযোগ দেওয়া হচ্ছে। রাজ্যের বিভিন্ন দফতরের মাধ্যমে এই কর্মসংস্থান বাস্তবায়িত হচ্ছে। ২০২৪-২৫ অর্থবর্ষ থেকে রাজ্যের একাধিক জেলায় এই প্রকল্প চালু হয়েছে এবং উন্নয়নমূলক নানা কাজে জব কার্ডধারীদের যুক্ত করা হয়েছে।

সংশোধিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রকল্পটির সংক্ষিপ্ত নাম হবে ‘মহাত্মাশ্রী’। এর মূল লক্ষ্য হল, রাজ্য সরকারের বিভিন্ন দফতরের মাধ্যমে বাস্তবায়িত কর্মসূচির আওতায় প্রতি অর্থবর্ষে প্রতিটি জব কার্ডধারী পরিবারকে ন্যূনতম ১০০ দিনের মজুরিভিত্তিক কর্মসংস্থান প্রদান করা। অর্থাৎ, কেন্দ্রীয় প্রকল্পে নাম পরিবর্তনের পরিপ্রেক্ষিতে রাজ্য নিজস্ব উদ্যোগে মহাত্মা গান্ধীর নামেই কর্মসংস্থানের প্রতিশ্রুতি বজায় রাখছে। উল্লেখ্য, এই সিদ্ধান্তের রাজনৈতিক প্রেক্ষাপটও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। চলতি সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) -এর সরকার ১০০ দিনের কাজের প্রকল্পের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করেছে। সেই নাম নিয়েই শুরু হয়েছে বিতর্ক। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে কংগ্রেস (Congress), তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সহ একাধিক বিরোধী দল। সংসদের ভিতরে ও বাইরে তৃণমূল সাংসদরা বিক্ষোভ দেখিয়েছেন। কেন্দ্রের সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর ক্রমেই তীব্র হয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে বলেছিলেন, ‘জাতির জনককে নিয়ে যা হয়েছে, তা লজ্জার। আমি কাউকে দোষ দিতে চাই না। কারণ, আমিও এই দেশের নাগরিক।’ কেন্দ্রের নাম না করেই তিনি আরও মন্তব্য করেছিলেন, ‘আমরা ভিখারি নই। আমরা সম্মান চাই। তোমরা যদি মহাত্মাকে সম্মান দিতে না পারো, আমরা দেব।’ তাঁর বক্তব্যেই স্পষ্ট হয়ে যায়, এই সিদ্ধান্ত শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক বার্তাও বহন করছে।

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন, বাংলায় কর্মশ্রী প্রকল্পের আওতায় ৭০ থেকে ১০০ দিনের কাজ দেওয়া হবে এবং সেই কাজ হবে মহাত্মা গান্ধীর নামেই। শনিবারের বিজ্ঞপ্তিতে সেই ঘোষণাই আনুষ্ঠানিক রূপ পেল। রাজ্য সরকারের একাংশের মতে, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের মধ্যেও রাজ্য যে নিজস্ব অর্থে ও পরিকল্পনায় কর্মসংস্থান চালু রাখছে, ‘মহাত্মাশ্রী’ তারই নমুনা। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত তৃণমূল বনাম বিজেপি (BJP) লড়াইয়ে নতুন মাত্রা যোগ করল। কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহে ‘মহাত্মাশ্রী’ প্রকল্প শুধু একটি নাম পরিবর্তনের সিদ্ধান্ত নয়, বরং আদর্শ ও রাজনৈতিক অবস্থানের প্রকাশ। বিশেষজ্ঞদের মতে, গ্রামীণ কর্মসংস্থান ও মহাত্মা গান্ধীর নাম, এই দুই বিষয়কে একসঙ্গে এনে তৃণমূল বাংলার মানুষের আবেগকে আরও একবার ছুঁতে চাইছে। অন্যদিকে, বিজেপি শিবির এই সিদ্ধান্তকে ‘রাজনৈতিক নাটক’ বলে কটাক্ষ করেছে। তাদের বক্তব্য, উন্নয়ন ও কাজের সুযোগই আসল, নাম নিয়ে রাজনীতি করে কোনও লাভ নেই। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, বিষয়টি শুধুই নাম নয়, সম্মানের। মহাত্মা গান্ধীর নাম মুছে ফেলার যে প্রবণতা কেন্দ্রের মধ্যে দেখা যাচ্ছে, তার বিরুদ্ধেই এই পদক্ষেপ।

প্রসঙ্গত, ‘কর্মশ্রী’ থেকে ‘মহাত্মাশ্রী’ এই নাম পরিবর্তন ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়ছেই। প্রশাসনিক সিদ্ধান্তের পাশাপাশি এটি যে আগামী দিনে রাজনৈতিক লড়াইয়ের অন্যতম অস্ত্র হয়ে উঠতে চলেছে, সে বিষয়ে একমত রাজনৈতিক পর্যবেক্ষকরা।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : MGNREGA Name Change Pujya Bapu Grameen Rozgar Guarantee | মনরেগার নতুন নাম ঘোষণা: কাজের দিন বাড়িয়ে গরিবের আয় বৃদ্ধি, কেন্দ্রের বড় সিদ্ধান্তে নয়া রাজনৈতিক জল্পনা

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন