Matua community, Narendra Modi message | মতুয়াদের উদ্দেশ্যে বিশেষ বার্তা মোদীর, নাগরিকত্ব প্রসঙ্গে আশ্বাস দিলেও তীব্র প্রশ্ন তুলল তৃণমূল

SHARE:

মতুয়াগড়ে সভা হওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রী সেখানে পৌঁছতে না পারায় সকাল থেকেই অপেক্ষায় থাকা মতুয়াদের মধ্যে তৈরি হয়েছিল হতাশা। এসআইআর (SIR) এবং নাগরিকত্ব নিয়ে সংশয়ে থাকা মানুষজন প্রত্যাশা করেছিলেন, প্রধানমন্ত্রী সরাসরি তাঁদের ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন। কিন্তু অডিয়ো বার্তায় সেই প্রসঙ্গ স্পষ্টভাবে না আসায় প্রশ্ন তুলতে শুরু করে তৃণমূল নেতৃত্ব।

শান্তনু পাত্র, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : মতুয়াগড়ে প্রধানমন্ত্রীর সভা ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা পূরণ না হওয়ায় শুরু হয়েছিল জোর বিতর্ক। ঘন কুয়াশার কারণে তাহেরপুরে নির্ধারিত সভাস্থলে পৌঁছতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। পরে অডিয়ো বার্তা পাঠালেও সেখানে মতুয়াদের নাগরিকত্ব নিয়ে প্রত্যাশিত ঘোষণা না থাকায় অসন্তোষ প্রকাশ করে শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। এই আবহে বঙ্গ সফর শেষ করে ফেরার পর এবার মতুয়া ও নমঃশূদ্র সমাজের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী।

শনিবার দুপুরে কলকাতা থেকে একটি অডিয়ো বার্তার পাশাপাশি সামাজিক মাধ্যম এক্স (X)-এ একটি বার্তায় প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় আশ্বাস দেন, ‘প্রত্যেক মতুয়া ও নমঃশূদ্র পরিবারকে পরিষেবা দেওয়ার গ্যারান্টি দিচ্ছি।’ একই সঙ্গে তিনি এটাও বোঝাতে চেয়েছেন যে মতুয়ারা কোনও রাজনৈতিক দলের দয়ার উপর নির্ভরশীল নন। তাঁর কথায়, ভারতে সম্মানের সঙ্গে বসবাস করার পূর্ণ অধিকার তাঁদের রয়েছে এবং সেই অধিকারের ভিত্তি হল নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ (CAA)। এক্স-এ দেওয়া বার্তায় মোদী লেখেন, ‘প্রত্যেক মতুয়া ও নমঃশূদ্র পরিবারকে পরিষেবা দেওয়ার আশ্বাস দিচ্ছি। তৃণমূলের দয়ায় ওরা বেঁচে নেই। ভারতে সম্মানের সঙ্গে বসবাস করার পূর্ণ অধিকার রয়েছে। তার জন্য নাগরিকত্ব আইনকে ধন্যবাদ। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়লে আরও বেশি পরিষেবা পাবেন মতুয়া ও নমঃশূদ্ররা।’ এই মন্তব্যে স্পষ্ট, ভোটের আগে মতুয়া সমাজকে নিজেদের দিকে টানতে নাগরিকত্ব ইস্যুকেই সামনে আনছে বিজেপি (BJP)।

উল্লেখ্য যে, মতুয়াগড়ে সভা হওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রী সেখানে পৌঁছতে না পারায় সকাল থেকেই অপেক্ষায় থাকা মতুয়াদের মধ্যে তৈরি হয়েছিল হতাশা। এসআইআর (SIR) এবং নাগরিকত্ব নিয়ে সংশয়ে থাকা মানুষজন প্রত্যাশা করেছিলেন, প্রধানমন্ত্রী সরাসরি তাঁদের ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন। কিন্তু অডিয়ো বার্তায় সেই প্রসঙ্গ স্পষ্টভাবে না আসায় প্রশ্ন তুলতে শুরু করে তৃণমূল নেতৃত্ব। মোদীর নতুন করে দেওয়া আশ্বাসের পরপরই পাল্টা আক্রমণে নেমেছে শাসক দল। তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার (Jayaprakash Majumdar) কটাক্ষ করে বলেন, ‘২০২১ সালেও একই কথা বলা হয়েছিল। তারপর মতুয়াদের জন্য কী করা হয়েছে? আজও কেন মতুয়াদের দরজায় দরজায় ঘুরতে হচ্ছে?’ তিনি আরও প্রশ্ন তোলেন, ২০১৯ সালে পাশ হওয়া নাগরিকত্ব আইন ২০২৪ সালে এসে কেন কার্যকর হল। তাঁর দাবি, এত বছরেও হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ নাগরিকত্ব পাননি, অথচ প্রতিবার ভোট এলেই নতুন করে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।

এই বিতর্কের মধ্যেই উঠে এসেছে আর এক গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসলে কতজন মতুয়া নাগরিকত্ব পেয়েছেন? তৃণমূলের দাবি, এখনও পর্যন্ত মাত্র কয়েকজনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে, যা প্রতিশ্রুতির তুলনায় নগণ্য। সেই কারণেই বিজেপির বক্তব্যকে ‘ভোটমুখী আশ্বাস’ বলেই দেখছে তারা। অন্যদিকে, সভা শুরু হওয়ার আগেই বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) মঞ্চ থেকে বড় আশ্বাস দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘কোনও হিন্দু উদ্বাস্তু ভোটার তালিকা থেকে বাদ যাবে না। যারা ধর্ম বাঁচাতে, সিঁদুরকে অক্ষত রাখতে ওপার থেকে এপারে এসেছে, তাদের পাশে যে রাজনৈতিক দল রয়েছে, তার নাম বিজেপি।’ তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নিজেও সভা থেকে এই কথাই বলবেন। কিন্তু বাস্তবে সেই বক্তব্য শোনা না যাওয়ায় বিতর্ক আরও ঘনীভূত হয়।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) এই প্রসঙ্গে বলেন, ‘যেটা সবচেয়ে জরুরি, সেই কথাটা তো আগে বলা দরকার ছিল। মানুষ নাগরিকত্ব নিয়ে সংশয়ে আছে, অথচ সরাসরি উত্তর নেই।’ তাঁর দাবি, মতুয়া সমাজকে শুধু রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মতুয়া ভোটব্যাংক পশ্চিমবঙ্গের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদীয়া জেলার একাধিক আসনে মতুয়াদের প্রভাব রয়েছে। ফলে নাগরিকত্ব ইস্যুকে সামনে রেখে বিজেপি ও তৃণমূলের লড়াই আগামী দিনে আরও তীব্র হবে বলেই মনে করা হচ্ছে। একদিকে বিজেপি নাগরিকত্ব আইনকে সম্মানের প্রতীক হিসেবে তুলে ধরতে চাইছে, অন্যদিকে তৃণমূল প্রশ্ন তুলছে বাস্তব রূপায়ণ নিয়ে। মোদীর বার্তা মতুয়া সমাজের একাংশকে আশ্বস্ত করলেও, বিরোধীদের প্রশ্ন, এই আশ্বাস কতটা বাস্তবে পরিণত হবে? সেই উত্তরই সম্ভবত আগামী নির্বাচনের রাজনীতিতে বড় ফ্যাক্টর হয়ে উঠতে চলেছে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Narendra Modi West Bengal rally | আবহাওয়ার ধাক্কায় তাহেরপুরে পৌঁছতে পারলেন না, কলকাতা বিমানবন্দর থেকেই ১৬ মিনিট বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন