Virat Kohli rejected Puma offer | পুমার ৩০০ কোটি টাকার অফার ফিরিয়ে দিয়ে ‘নতুন খেলায়’ নামলেন বিরাট কোহলি

SHARE:

প্রিয়াঙ্কা চতুর্বেদী, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ক্রিকেট মাঠে তাঁর ব্যাটিং এখনও দুরন্ত ধারায় এগোচ্ছে। দক্ষিণ আফ্রিকা সিরিজে দুই সেঞ্চুরি ও এক হাফসেঞ্চুরিতে প্রমাণ করেছেন, কেন তাঁকে এখনও বিশ্বের সেরা ব্যাটারদের একজন বলা হয়। সেই একই আত্মবিশ্বাস এবার মাঠের বাইরে ব্যবসার অঙ্গনেও দেখালেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি (Virat Kohli)। ব্র্যান্ড হিসেবে আগেই তিনি নিজেকে এক আলাদা উচ্চতায় পৌঁছে দিয়েছেন। এবার নতুন ব্যবসায়িক যাত্রার ঘোষণা করে আরও এক ধাপ এগোলেন তিনি। রবিবার দেশ ছেড়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিরাট। সেই সময়েই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন তাঁর নতুন ‘ইনিংস’-এর কথা। স্পোর্টসওয়্যার স্টার্টআপ অ্যাজিলিটাস স্পোর্টস (Agilitas Sports) -এর সঙ্গে তিনি যুক্ত হয়েছেন। কিন্তু এই সিদ্ধান্তের মধ্যেই সবচেয়ে বড় চমক, বিশ্বখ্যাত ব্র্যান্ড পুমা (Puma) থেকে পাওয়া প্রায় ৩০০ কোটি টাকার অফার তিনি ফিরিয়ে দিয়েছেন।

আরও পড়ুন : Rohit Syed Mushtaq Ali Trophy | মুস্তাক আলিতে ফেরার ইঙ্গিত রোহিতের! অবসরের পরেও ছোট ফরম্যাটে কেন বাড়ছে তার আগ্রহ

এই তথ্য প্রকাশ্যে আসতেই ক্রীড়া–ব্যবসা মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ কোথাও না কোথাও বিরাটের এই সিদ্ধান্ত স্পষ্ট করে দিচ্ছে, তিনি ভবিষ্যতের উদ্যোক্তা জীবনকেও সমান গুরুত্ব দিচ্ছেন। বিরাট নিজের পোস্টে লিখেছেন, “এই উদ্যোগের বিষয়ে প্রথম যখন শুনেছিলাম, তখনই ভাবি, এখানে যুক্ত হওয়া উচিত। যারা এই স্টার্টআপ তৈরি করছেন, তাঁদের অভিজ্ঞতা, ভাবনা এবং যে ধরনের স্পোর্টসওয়্যার নিয়ে কাজ হবে, তার সবটাই আমাকে আকর্ষণ করেছে।”

প্রাথমিকভাবে যে তথ্য সামনে এসেছে, তাতে জানা গিয়েছে, শুধু ব্র্যান্ড অ্যাম্বাসেডর নন, ১.৯৪ শতাংশ শেয়ার নিয়েই অ্যাজিলিটাস স্পোর্টসে যোগ দিচ্ছেন বিরাট কোহলি। অর্থাৎ সংস্থার বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাঁর লাভের সম্ভাবনাও বহুগুণ বাড়বে।এছাড়া বিরাটের নিজস্ব পোশাক ব্র্যান্ড ওয়ান-এইট (One8) -এর সম্প্রসারণেও নতুন ভূমিকা নেবে এই স্টার্টআপ। বেশ কিছুদিন ধরেই বাজারে One8-এর চাহিদা বাড়ছে। এবার অ্যাজিলিটাস স্পোর্টস বাণিজ্যিক পরিকল্পনার মাধ্যমে সেই ব্র্যান্ডকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এর ফলে বিরাটের ব্র্যান্ড সাধারণ মানুষের কাছে আরও সহজে পৌঁছে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য যে, পুমার সঙ্গে বিরাটের চুক্তি ২০১৭ সালে হয়েছিল ১১০ কোটি টাকায়, মেয়াদ ছিল আট বছর। চলতি বছর সেই চুক্তি শেষ হওয়ার পর পুমার তরফ থেকে চুক্তি নবীকরণের প্রস্তাব আসে, আর সেই অফারের মূল্য ছিল প্রায় ৩০০ কোটি টাকা। কিন্তু সকলকে চমকে দিয়ে সেই অফার নাকচ করে দেন বিরাট। ব্যবসা জগতের অনেকেই মনে করছেন, বিরাটের এই সিদ্ধান্ত শুধুমাত্র টাকার অঙ্ক বিবেচনা করে নয়, ভবিষ্যতের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। যিনি যা করেন, সর্বোচ্চ পেশাদারি ও স্বপ্ন নিয়ে করেন, বিরাট ঠিক সেই ভাবেই ব্যবসা জগতেও নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চাইছেন।

আরও পড়ুন : Smriti Mandhana practice | বিয়ে ভাঙার পরদিনই ব্যাট তুলে ‘রাজত্বে’ ফিরলেন স্মৃতি মন্ধানা

অ্যাজিলিটাস স্পোর্টসের প্রতিষ্ঠাতা অভিষেক গঙ্গোপাধ্যায় (Abhishek Ganguly) আগে ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় পুমার ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। তাঁর নেতৃত্বের উপর আস্থা রেখেই নতুন যাত্রায় অংশীদার হয়েছেন বিরাট। অভিষেকের লক্ষ্য ভারতের বাজারে এমন একটি স্পোর্টসওয়্যার ব্র্যান্ড তৈরি করা, যা আন্তর্জাতিক মান ধরে রাখবে এবং ভারতীয় ভোক্তাদের প্রয়োজনের সঙ্গে মিল রেখে তৈরি হবে। বিরাটের সঙ্গে নতুন এই চুক্তি নিঃসন্দেহে অ্যাজিলিটাস স্পোর্টসকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। ক্রীড়া মার্কেটিং বিশেষজ্ঞদের মতে, “ভারতে স্পোর্টসওয়্যার বাজার দ্রুত বাড়ছে। বিরাটের ব্র্যান্ড ভ্যালু অসাধারণ। তাঁর সঙ্গে অংশীদারত্ব অ্যাজিলিটাসের জন্য বিশাল সুবিধা হয়ে উঠবে।” টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক আবারও দেখালেন, তিনি শুধু মাঠের খেলোয়াড় নন, একজন বুদ্ধিমান উদ্যোক্তাও বটে। আগামী দিনে তাঁর ব্যবসায়িক ইনিংস কতটা সফল হয়, তা সময়ই বলবে; তবে এ কথা নিশ্চিত- ক্রিকেটের মতো ব্যবসাতেও দাপট দেখানোর প্রস্তুতি নিয়ে ফেলেছেন বিরাট কোহলি।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : India Women’s Cricket World Cup 2025, Harmanpreet Kaur, Rohit Sharma emotional, Virat Kohli message | হরমনপ্রীতদের বিশ্বজয় দেখে চোখে জল রোহিতের! কোহলির অনুপ্রেরণার বার্তা: ‘তোমরা নতুন প্রজন্মকে পথ দেখালে’

Sasraya News
Author: Sasraya News