মিলি ঘোষ, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ভারতীয় মহিলা ক্রিকেট দলে স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) জেমাইমা রডরিগেজ (Jemimah Rodrigues) জুটিকে ভক্তরা আলাদা চোখে দেখেন। মাঠের ভিতরে- বাইরে তাদের বন্ধুত্ব বহুবার শিরোনাম কাড়েছে। কিন্তু সম্প্রতি স্মৃতির ব্যক্তিগত জীবনে নেমে আসা ঝড় তাদের বন্ধুত্বকে আরও দৃঢ় করে তুলল। বিয়ে ভেঙে যাওয়ার যন্ত্রণার মুহূর্তে জেমাইমা শুধু পাশে দাঁড়ানইনি, বরং নিজের কাজ-কর্ম পিছিয়ে রেখে বন্ধুর মানসিক শক্তি হয়ে উঠেছেন। আর এবার সোশাল মিডিয়ায় পোস্ট করে তিনি যেন আরও একবার স্মৃতির পাশে থাকার বার্তা দিলেন। ২৩ নভেম্বর গায়ক পলাশ (Palash Mushal) -এর সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার কথা ছিল স্মৃতির। বিভিন্ন রীতিনীতি, বিয়ের আগের অনুষ্ঠান- সবই হয়ে গিয়েছিল। কিন্তু বিয়ের দিন সকালেই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা (Srinivas Mandhana)। সেই সঙ্কটময় পরিস্থিতিতে স্থগিত করে দেওয়া হয় বিয়ের অনুষ্ঠান। এর কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন পলাশ নিজেও। তাঁকেও ভর্তি করতে হয় হাসপাতালে। কিন্তু প্রকৃত ঝড় আসে পরে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বিস্ফোরক তথ্য, বিয়ের অনুষ্ঠান চলাকালীন নাকি এক কোরিওগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল পলাশকে। শুধু তাই নয়, আরও এক মহিলার সঙ্গে তাঁর একান্ত কথোপকথনের স্ক্রিনশটও ভাইরাল হয়। যদিও স্মৃতি বা পলাশ এ বিষয়ে কখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি, কিন্তু নেটিজেনদের মতে, সম্পর্ক ভাঙার পেছনে এ ঘটনাই বড় কারণ।
এই পরিস্থিতিতে প্রথম থেকেই স্মৃতির পাশে দাঁড়ান ঘনিষ্ঠ বান্ধবী জেমাইমা রডরিগেজ। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ-এ (BBL) খেলার কথা থাকলেও তিনি দেশে ফেরেন স্মৃতির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। এরপর পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে স্মৃতিকে একা রেখে আর অস্ট্রেলিয়া ফেরার সিদ্ধান্ত নেননি জেমাইমা। নিজ দলের ব্রিসবেন হিটকে (Brisbane Heat) সরাসরি জানান, তিনি এবার আর দলে ফিরবেন না, কারণ বন্ধুর জন্যই তাঁর থাকা জরুরি। দলও সেই সিদ্ধান্তকে কুর্নিশ জানায়।কিন্তু এখানেই শেষ নয়। এবার সোশাল মিডিয়ার পোস্টে স্মৃতির জন্য নিজস্ব উপায়ে সমর্থন জানালেন জেমাইমা।
ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি শেয়ার করলেন ব্রিটিশ গায়িকা অলিভিয়া ডিন (Olivia Dean) -এর জনপ্রিয় গান ‘Man I Need’। যে গানে এক নারীর আকাঙ্ক্ষা ফুটে ওঠে, তার ভালবাসার পুরুষ যেন তাকে বোঝে, পাশে দাঁড়ায়, সম্মান দেয়। গানটিতে বার্তা লুকিয়ে আছে মানসিক সান্ত্বনার, নতুনভাবে নিজেকে তৈরি করার। জেমাইমা সাধারণত নিজেও গান করেন। কিন্তু এবার তিনি নিজের কণ্ঠ নয়, অন্যদের গাওয়া এই গানটি শেয়ার করলেন। আর সেই স্টোরি নিয়ে নানা ব্যাখ্যা শুরু হয়েছে সোশাল মিডিয়ায়। বহু নেটিজেনের মতে, এ গান শেয়ার করে জেমাইমা যেন স্মৃতিকে বোঝাতে চেয়েছেন, “তুমি আরও ভাল পাওয়ার যোগ্য। যে তোমাকে সম্মান করবে, পাশে থাকবে, তোমার প্রতি সৎ থাকবে।” কেউ কেউ আরও এগিয়ে লিখেছেন, ‘এমন একজন পুরুষ চাই, যে সত্যিকারের ভালবাসা দিতে জানে’ জেমাইমার স্টোরির বার্তা যেন স্মৃতির সেই মনভাঙার গল্পকেই সামনে আনে। বন্ধুত্বের এমন নিঃস্বার্থ উদাহরণ খুব কমই দেখা যায়। দেশের হয়ে পাশাপাশি খেলেছেন স্মৃতি ও জেমাইমা। একে অপরের সাফল্যে গর্ব করেন, ব্যর্থতায় উৎসাহ দেন। এবার ব্যক্তিগত সংকটে জেমাইমার এই ভূমিকা ক্রিকেট-দুনিয়ায় প্রশংসিত হয়েছে। বহু ভক্ত লিখেছেন, “এটাই সত্যিকারের বন্ধুত্ব। জেমাইমার মতো বন্ধু পাওয়া সৌভাগ্যের।”
এমনকী, স্মৃতি যখন সোশাল মিডিয়ায় ঘোষণা করেন যে তিনি পলাশকে বিয়ে করছেন না এবং এখন তাঁর একমাত্র লক্ষ্য ক্রিকেট, তখন জেমাইমার প্রতিক্রিয়া ছিল সবচেয়ে দ্রুত। তিনি পলাশকে আনফলো করেন, সঙ্গে অনেক ক্রিকেটারও একই পথ অনুসরণ করেন। বন্ধুত্বের দায়বদ্ধতা এমনই। স্মৃতি মন্ধানার জীবনে এখন নতুন অধ্যায় শুরু। ব্যাট হাতে তিনি ইতিমধ্যেই অনুশীলনে ফিরেছেন। সামনে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। মনভাঙা যন্ত্রণা থেকে বের হয়ে মাঠে ফেরার প্রস্তুতি শুরু করেছেন তিনি। আর সেই লড়াইয়ের পথে জেমাইমা যে শক্তির উৎস হয়ে উঠেছেন, তা বলাই যায়। জেমাইমার স্টোরি যেন বন্ধুত্বের সবচেয়ে সুন্দর বার্তা শোনায়, আমি আছি তোমার পাশে। মাঠে যেমন, তেমনই মাঠের বাইরে, সমস্যার মুহূর্তেই আসল বন্ধুর পরিচয় পাওয়া যায়। আর স্মৃতির পাশে দাঁড়িয়ে জেমাইমা রডরিগেজ সেই পরিচয় আরও একবার প্রমাণ করলেন।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Smriti Mandhana Palash Muchhal Wedding | বিয়ে বাতিলের পর আরও কঠোর সিদ্ধান্ত! স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছল নতুন পথে হাঁটার ইঙ্গিত দিলেন




