Rohit Syed Mushtaq Ali Trophy | মুস্তাক আলিতে ফেরার ইঙ্গিত রোহিতের! অবসরের পরেও ছোট ফরম্যাটে কেন বাড়ছে তার আগ্রহ

SHARE:

সুজয়নীল দাশগুপ্ত ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : ভারতীয় ক্রিকেট দলে এখন তিনি শুধুই একদিনের ফরম্যাটে সক্রিয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বহু আগেই। তবুও ছোট ফরম্যাটের প্রতি রোহিত শর্মার (Rohit Sharma) আগ্রহ যেন কমেনি। তা আরও বাড়ছে। তাই বিজয় হাজারে ট্রফির পাশাপাশি সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতেও খেলতে আগ্রহ দেখিয়েছেন তিনি। প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি অবসরের পরেও টি-টোয়েন্টির প্রতি রোহিতের মন পড়ে আছে?

বোর্ডের নির্দেশ অনুযায়ী, ২০২৭ সালের ৫০ ওভারের বিশ্বকাপের দলে জায়গা পেতে হলে ঘরোয়া ক্রিকেট নিয়মিত খেলতেই হবে। সেই নির্দেশ মাথায় রেখে এবার বিজয় হাজারে এক দিনের প্রতিযোগিতায় মুম্বইয়ের হয়ে মাঠে নামার পরিকল্পনা ইতিমধ্যেই পাকাপাকি করেছেন রোহিত। কিন্তু আরও বড় চমক লুকিয়ে রয়েছে অন্য সিদ্ধান্তে। ঘরোয়া ক্রিকেটের সঙ্গে যুক্ত বোর্ডের এক দায়িত্বশীল সূত্র ‘টাইমস অফ ইন্ডিয়া’-কে জানিয়েছেন, রোহিত নাকি নিজে থেকেই জানিয়ে দিয়েছেন তিনি সৈয়দ মুস্তাক আলি ট্রফির নকআউট পর্বে খেলতে চান। সূত্রের ভাষায়, “রোহিত মুম্বই ক্রিকেট সংস্থাকে বলেছেন, তিনি মুস্তাক আলির নকআউটে নামতে চান।” এই তথ্য সামনে আসতেই জোর জল্পনা শুরু হয়েছে সমগ্র ক্রিকেট মহলে। সেটা বাস্তবেই কি তাহলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরার প্রস্ততি? উত্তর বেশ স্পষ্ট, না। কারণ মাত্র কয়েক দিন আগেই রায়পুরে ভারতীয় বোর্ড কর্তারা রোহিতের হাতেই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উন্মোচন করিয়েছেন। শুধু তাই নয়, আগামী বছর ভারতেই আয়োজিত হতে চলা বিশ্বকাপের জন্য রোহিতকে করা হয়েছে বিশেষ প্রচার দূত (Brand Ambassador)। সেই মঞ্চে দাঁড়িয়েই তিনি বর্তমান ভারতীয় দলকে জানিয়েছেন শুভকামনা। সব মিলিয়ে এটা পরিষ্কার যে, ছোট ফরম্যাটে জাতীয় দলের জার্সি পরে আর তাঁর মাঠে নামার ইচ্ছা নেই।

রোহিত শর্মা। ছবি : সংগৃহীত

তাহলে প্রশ্ন একটাই, কেন আবার মুস্তাক আলিতে খেলতে চাইছেন রোহিত শর্মা? কারণ একাধিক। প্রথমত, তিনি এখন নিয়মিত এক দিনের ফরম্যাটে ওপেনার হিসেবে খেলেন। গত কয়েক বছরে রোহিত নিজের ব্যাটিংয়ের ছন্দে নতুন মাত্রা যোগ করেছেন, অধিক আক্রমণাত্মক, পাওয়ারপ্লেতে বোলারদের উপর চাপ তৈরি করার মানসিকতা। টি-টোয়েন্টি ম্যাচ খেলা হলে সেই আক্রমণাত্মক মানসিকতা আরও শাণিত হবে। অনেক ক্রিকেট বিশেষজ্ঞই মনে করছেন, কঠিন রান তোলার এই দায়িত্ব সামলাতে ছোট ফরম্যাট রোহিতকে আরও তীক্ষ্ণ করে তুলতে পারে। দ্বিতীয় কারণটি আরও বাস্তবিক। আইপিএল এখনও তাঁর ব্যাটকে ঘিরে কোটি মানুষের আশা। সেখানে সফল হতে চাইলে ‘ম্যাচ-ফিট’ থাকা জরুরি। ঘরোয়া টি-টোয়েন্টি লিগ তার প্রস্তুতির সঠিক জায়গা। মুস্তাক আলিতে খেলে রোহিত নিজের টাইমিং, পাওয়ার হিটিং আর শরীরের ওপর অতিরিক্ত চাপ নেওয়ার বিষয়গুলো আরও ভালোভাবে যাচাই করতে পারবেন। বোঝাই যাচ্ছে, এই সিদ্ধান্তের পেছনে রয়েছে আগামী আইপিএলের জন্য নিজেকে আরও ভালভাবে প্রস্তুত করা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাম্প্রতিক সিরিজেও রোহিতের পারফরম্যান্স ছিল ওঠানামায় ভরা। রাঁচীতে দারুণ অর্ধশতরান করলেও রায়পুরে মাত্র ১৪ রানে আউট হতে হয় তাঁকে। তাই বিশাখাপত্তনমে সিরিজের শেষ ম্যাচে বড় রান তুলতে তিনি মরিয়া- এটা বোঝাই যাচ্ছে। নিজের ভিত আরও শক্ত করার জন্য ঘরোয়া টি-টোয়েন্টি লিগে নামা নিঃসন্দেহে তার প্রস্তুতির অংশ। রোহিত শর্মা এমন এক ক্রিকেটার তিনি কখনও নিজের সীমাকে নির্দিষ্ট রাখেন না। অবসর নেওয়ার পরও যে শুধু আন্তর্জাতিক মঞ্চ থেকে নিজেকে সরিয়েছেন, তা নয়। দেশীয় মঞ্চে ক্রিকেটের মৌলিক ছন্দে নিজেকে আরও পরিপক্ব করতে চাইছেন বলেই মনে করছে ক্রিকেট মহল। এমনকি অনেক প্রাক্তন ক্রিকেটারও বলছেন, এটাই সেই রোহিত, যিনি নিজের খেলার পরবর্তী অধ্যায়ের জন্য তৈরি হচ্ছেন নতুনভাবে। এখন ক্রিকেট দুনিয়ার নজর রোহিতের দিকে, তিনি মুস্তাক আলির মঞ্চে আবারও নিজের আগ্রাসী, বিধ্বংসী ব্যাটিংয়ের জাদু দেখান কি না। কারণ তিনি মাঠে নামলেই উত্তেজনা বাড়ে, প্রত্যাশা বাড়ে, এবং গুরুত্বপূর্ণভাবে, নিজের ভবিষ্যতের নতুন ছকও আঁকা শুরু করেন তিনি।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Maritime Week India 2025, Narendra Modi |  “১০ বছরে ঐতিহাসিক পরিবর্তন”— ভারতের মেরিটাইম ভবিষ্যৎ নিয়ে আশাবাদী নরেন্দ্র মোদী

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন