শোভনা মাইতি, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : ভারতীয় মহিলা ক্রিকেটের সুপারস্টার স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) যেন ফের প্রমাণ করলেন, তিনি শুধু ক্রিকেটার নন, দৃঢ়তা আর পেশাদারিত্বের আলাদা পরিচয়ও বটে। ব্যক্তিগত জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তটিকেও তিনি এগিয়ে যাওয়ার প্রেরণা করেছে। বিয়ে ভেঙে যাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তিনি নেমে পড়লেন অনুশীলনে। নেটিজেনরা তাই না বলেই পারছেন না, “ক্যুইন হ্যাজ রিটার্নড টু হার কিংডম!”
উল্লেখ্য, ২৩ নভেম্বর গায়ক পলাশ (Palash) -এর সঙ্গে সাত পাকে বাঁধা পড়ার কথা ছিল স্মৃতির। অনুষ্ঠানসূচি তৈরি হয়ে গিয়েছিল, ঘরোয়া নানা রীতিও সম্পূর্ণ হয়েছিল। কিন্তু বিয়ের দিন সকালেই আচমকা হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা (Srinivas Mandhana)। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করাতে হয় তাঁকে। এমন পরিস্থিতিতে দু’পক্ষের পরিবারই সিদ্ধান্ত নেয়, বিয়েটা আপাতত স্থগিত রাখা হবে। এরপরের দিন অসুস্থ হয়ে পড়েন পলাশও। তাঁকেও ভর্তি হতে হয় হাসপাতালে। তিন দিন চিকিৎসার পর সুস্থ হয়ে দু’জনেই হাসপাতাল থেকে ছাড়া পান। এই সময়েই নতুন বিতর্ক সামনে আসে। গুঞ্জন ছড়ায়, বিয়ের অনুষ্ঠানের এক মুহূর্তে নাকি এক কোরিওগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল পলাশকে। সোশাল মিডিয়ায় সেই খবর ছড়িয়ে পড়তেই তুমুল আলোড়ন। যদিও এ ব্যাপারে স্মৃতি বা পলাশ, কেউই কোনও মন্তব্য করেননি। কিন্তু শেষ পর্যন্ত স্মৃতি সিদ্ধান্ত নেন, এই সম্পর্ক আর এগোবে না। বিয়ে স্থগিত নয়, তিনি একপ্রকার বাতিলই করে দেন। নিজের সোশাল মিডিয়ায় দীর্ঘ একটি পোস্টে স্মৃতি জানান, ক্রিকেটই তাঁর প্রথম অগ্রাধিকার। দেশের জন্য এখনও অনেক লড়াই বাকি। অনেক ট্রফি এখনও আসেনি তাঁর হাতে। তাই মাঠই তাঁর শক্তি, ক্রিকেটই তাঁর ওষুধ। ব্যক্তিগত যন্ত্রণাকে শক্তিতে রূপান্তর করেই ফের নিজেকে তৈরি করতে চান ভারতের এই ওপেনার।
স্মৃতির দাদা শ্রাবণ মন্ধানা (Shravan Mandhana) একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে, হাতমোজা, হেলমেট, প্যাড, সব পরে ব্যাট হাতে অনুশীলনে ব্যস্ত স্মৃতি। ছবির ক্যাপশনেই স্পষ্ট, মন্ধানা পরিবারের মন ভাঙলেও মেয়ে লড়াই থামাননি। তাঁর চোখে দৃঢ়তা, মনঃসংযোগ টনটনে, মুখে ক্লান্তি নেই, আছে শুধু লক্ষ্যপানে ছুটে চলার ইচ্ছা। সোশাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় প্রশংসার ঢল। কেউ লিখেছেন, “মানসিক যন্ত্রণা ভুলে এত দ্রুত কাজে ফিরে আসা সহজ নয়। সালাম!” কেউ আবার মন্তব্য করেছেন, “এই কারণেই স্মৃতি মন্ধানা একজন আইকন! মাঠই তাঁর নিরাপদ জায়গা।” অনেকে আবার তাঁকে ‘কুইন’ আখ্যা দিয়ে লিখেছেন, “ক্যুইন ইজ ব্যাক টু রুল।”
ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু হচ্ছে ভারতের টি-টোয়েন্টি সিরিজ। তার আগে নিজেকে প্রস্তুত করতেই অনুশীলনে এমন দ্রুত ফেরা। ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, স্মৃতির এই মনোভাব ভারতীয় দলের মনোবল আরও বাড়াবে। কারণ ব্যক্তিগত দুঃসময়ে বহু ক্রীড়াবিদই সাময়িক বিরতি নেন। স্মৃতি সেখানে উলটো পথেই হাঁটলেন, দুঃখকেই জেদে পরিণত করলেন। ভারতীয় মহিলা ক্রিকেটে স্মৃতি মন্ধানা শুধু একটি নাম নয়, বরং এক অনুপ্রেরণা। ব্যাটিংয়ে রানের বন্যা, মাঠে অনায়াস সৌন্দর্য, আর মাঠের বাইরে মাটির মানুষ, এই তিনেই গড়া তাঁর ব্যক্তিত্ব। আর এবার যুক্ত হল আরও একটি পরিচয়, মন ভেঙে গেলেও জীবনের ‘ক্যাচ’ ফেলেন না স্মৃতি।
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, অনুশীলনে তাঁর এমন প্রত্যাবর্তনই প্রমাণ করে, ভারতীয় ক্রিকেটের সবচেয়ে নির্ভরযোগ্য স্তম্ভদের অন্যতম তিনি। আগামী সিরিজে তাঁকে আরও আগ্রাসী রূপেই দেখা যেতে পারে বলে আশাবাদী কোচিং স্টাফও। ব্যক্তিগত জীবনের ঝড়কে পেছনে ফেলে সামনে এগোনো যে কতটা কঠিন, তা জানেন স্মৃতি মন্ধানা নিজেই। কিন্তু তিনি যে দৃঢ়তার নতুন সংজ্ঞা লিখলেন, তা এক কথায় প্রশংসনীয়। দেশের ক্রিকেটপ্রেমীরা এখন অপেক্ষা করছেন, এই ‘রিটার্ন অফ দ্য কুইন’ যেন মাঠেও ঝলসে ওঠে।
ছবি : প্রতীকী
আরও পড়ুন : Smriti Mandhana Palash Muchhal Wedding | বিয়ে বাতিলের পর আরও কঠোর সিদ্ধান্ত! স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছল নতুন পথে হাঁটার ইঙ্গিত দিলেন




