Aamir Khan New Love | ‘৬০-এ দাঁড়িয়ে জীবনে ফের আলো এনেছে গৌরী’, নতুন প্রেম নিয়ে খোলামেলা আমির খান

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান (Aamir Khan) আবারও খবরের শিরোনামে। তবে কোনও নতুন ছবি বা রাজনৈতিক মন্তব্য নয়, শিরোনামে রয়েছেন তাঁর ব্যক্তিগত জীবনের কারণে। ৬০ বছর বয়সে পৌঁছে আবারও প্রেমে পড়েছেন অভিনেতা, এবং সেই নতুন সুখের কথা নিজেই জানিয়েছেন। দীর্ঘ দিন ধরে নিঃসঙ্গতা, সম্পর্ক ভাঙার যন্ত্রণা পিছনে ফেলে হঠাৎই তাঁর জীবনে প্রবেশ করেন বেঙ্গালুরুর গৌরী স্প্র্যাট (Gauri Spratt)। নিজের জন্মদিনে প্রেমের খবর ঘোষণা করলেও সম্প্রতি এক আলোচনাসভায় প্রথমবার বিশদে জানালেন, কী ভাবে নতুন করে প্রেম তাঁকে বদলে দিয়েছে। আমিরের কথায়, বয়স কোনও বাধা নয়, ভালবাসা যদি সত্যিকারের হয়, তবে তা জীবনের যেকোনও মুহূর্তে আসতে পারে, মানুষকে বদলে দিতে পারে। তাঁর ভাষায়, “অনেক বছর আমি ভেবেছি, এ জীবনে আর প্রেম হবে না। খুব শান্ত একটা জীবন কাটছিল। কিন্তু গৌরীর (Gauri) সঙ্গে পরিচয়ের পরে বুঝলাম, এই শান্তির মাঝেও কতটা আলো এসে পড়তে পারে।”

আমির খান ও গৌরী স্প্র্যাট। ছবি : সংগৃহীত

গৌরীর প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেতা। তিনি বলেন, “গৌরী আমার জীবনে যতটা শান্তি এনেছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। ও অত্যন্ত স্থির, সংযত এবং অবিশ্বাস্যভাবে পরিণত চিন্তাভাবনার মানুষ। ওর সঙ্গে আমার দেখা হওয়া ভাগ্যের বিষয়। সত্যি আমি খুব সৌভাগ্যবান।” এমন মন্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এই সম্পর্ক কোথায় যাচ্ছে? বিয়ে? নাকি কেবলই সম্পর্ককে সময়ের হাতে ছেড়ে রাখা? সে বিষয়ে এখনও মুখ খোলেননি অভিনেতা, তবে ঘনিষ্ঠমহলে অনেকে বলছেন, আমির নাকি সম্পর্কটিকে খুব গুরুত্ব সহকারে দেখছেন।

আরও পড়ুন : Samik Bhattacharya | মন্দারমণির অবৈধ রিসোর্ট থেকে রাজবংশী-কামতাপুরি ভাষা স্বীকৃতি : রাজ্যসভায় দ্বিমুখী ইস্যুতে সরব শমীক ভট্টাচার্য 

এ আলোচনাসভার আরেকটি বিশেষ মুহূর্ত ছিল যখন প্রাক্তন স্ত্রী রিনা দত্ত (Reena Dutta) ও কিরণ রাও (Kiran Rao) -এর প্রসঙ্গ ওঠে। দু’জনের সঙ্গে তাঁর দাম্পত্য ভেঙে গেলেও শ্রদ্ধা ও ভালবাসা এখনও একই রকম রয়েছে বলে জানালেন অভিনেতা। আমিরের মতে, “আমার বিয়ে হয়ত টেকেনি। কিন্তু রিনা (Reena) ও কিরণ (Kiran) -এর সঙ্গে আমার দেখা হওয়া জীবনের সবথেকে বড় সৌভাগ্য। প্রত্যেকেই আমার জীবনে গভীর ছাপ রেখে গেছে। আজ আমি যা, এই তিনজন রিনা, কিরণ আর এখন গৌরী- তার একটা বড় অংশ।” এখানেই থেমে থাকেননি তিনি। সমাজে বিবাহ-বিচ্ছেদকে প্রায়শই ‘সম্পর্কের মৃত্যু’ হিসেবে দেখা হয়। সেই ধারণাকেও চ্যালেঞ্জ করেন অভিনেতা। তাঁর মতে, “স্বামী-স্ত্রী হিসাবে সফল না হওয়ার মানে এটা নয় যে মানুষ হিসাবেও আমরা ব্যর্থ। রিনাকে আমি আজও গভীর শ্রদ্ধা করি। কিরণকে নিয়েও সেই অনুভূতি বদলায়নি। আমরা আলাদা থাকি ঠিকই, কিন্তু আমরা এখনও একটা পরিবার।” তিনি আরও বলেন, “রিনা, ওর বাবা-মা, কিরণ, ওর বাবা-মা সকলেই আজও আমার পরিবারের অংশ। আমার বাবা-মাও ওদেরই পরিবার। এটাই আমাদের সম্পর্কের সৌন্দর্য।”

আমির খান বহু বছর ধরে বলিউডে যেমন সফল, ব্যক্তিগত জীবনে তেমনই বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁকে। কিরণের সঙ্গে বিবাহবিচ্ছেদের সময়ে তিনি জানিয়েছিলেন, সম্পর্ক ভাঙলেও তাঁদের বন্ধুত্ব অটুট থাকবে। এখন গৌরীর সঙ্গে সম্পর্ককে যতটা শান্ত ও পরিণতভাবে দেখছেন, তাতে শিল্পী হিসেবে তাঁর মানসিক পরিপক্বতাই ফুটে উঠছে।শিল্পী-ঘনিষ্ঠ সূত্রগুলির মতে, আমির নাকি বর্তমানে নিজের ব্যক্তিগত জীবনকে ক্যারিয়ারের উপরে রাখছেন। বিচ্ছেদের পর জীবনকে নতুন ভাবে ব্যালান্স করার চেষ্টা করছিলেন তিনি। গৌরীর উপস্থিতি নাকি সেই শূন্যতা অনেকটাই পূরণ করেছে। যদিও অভিনেতা নিজে কোনও ভবিষ্যত পরিকল্পনা প্রকাশ করেননি, তবে আলোচনায় তিনি জানিয়েছিলেন, “আমার বয়স এখন ৬০, কিন্তু অনুভূতি অনেক সময় বয়স মানে না। আমি শুধু শান্তিতে থাকতে চাই, আর গৌরীর সঙ্গে থাকলে সেটা আরও সহজ হয়।”

আমিরের এই স্বীকারোক্তির পরেই সোশ্যাল মিডিয়ায় হুল্লোড় পড়ে যায়। অনেকেই বলেছেন, তারকারাও মানুষ, তাঁদের জীবনেও প্রেম, বিরহ, আবার প্রেম ইত্যাদি একেবারেই স্বাভাবিক। কেউ কেউ আবার আমিরের খোলামেলা বক্তব্যকে ‘মানসিক পরিপক্বতার নিদর্শন’ বলে প্রশংসা করেছেন। ভক্তরা বলছেন, অভিনেতা নিজের জীবন নিয়ে যেমন সৎ, তেমনি সম্মান দেখান পুরনো সম্পর্কগুলোকেও। যা আজকের প্রজন্মের জন্যও বড় শিক্ষা।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Aamir Khan Reena Dutta surprise | হঠাৎ হাজির হয়ে প্রথম স্ত্রীকে চমকে দিলেন আমির খান- নতুন প্রেমের মাঝেই সাবেক সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত?

Sasraya News
Author: Sasraya News