Mamata Banerjee Claims: ‘BJP Planned President’s Rule If SIR Was Blocked |অমিত শাহের ‘চালাকি’ ভেস্তে দিল তৃণমূল? বহরমপুরে মমতার বিস্ফোরক দাবি, ‘এসআইআর আটকে দিলে রাষ্ট্রপতি শাসন জারি করত বিজেপি’

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : বহরমপুরের জনসভা থেকে ফের তীব্র সুরে বিজেপিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর এবং অমিত শাহ (Amit Shah) নাকি পরিকল্পনা করেছিল পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার। আর সেই পথই তৈরি হচ্ছিল এসআইআর-এর সূত্র ধরে। কিন্তু তৃণমূল সরকার “চালাকি ধরে ফেলেছে”, তাই সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন।

সভামঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন, “এসআইআর নিয়ে ভয় পাবেন না। আপনাদের শুধু প্রয়োজনীয় নথিগুলো জমা দিন। যদি আমরা এসআইআর করতে না দিতাম, তাহলে ভোটের আগেই ওরা রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করত। বুঝেছেন অমিত শাহের চালাকি? আমরা অত বোকা নই বাবুমশাই, গোদিভাই!” তাঁর দাবি, বিজেপির উদ্দেশ্য ছিল রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি করে প্রশাসনিক ক্ষমতা দখল করা। কিন্তু সেদিকে সরকার এক ইঞ্চিও জায়গা ছাড়বে না বলেই স্পষ্ট বার্তা দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় -এর কথায়, তৃণমূল সরকার কেন্দ্রের চাপকে ভয় পায় না। তিনি বলেন, “আমরা লড়ব, আমরা করব। এই বাংলাকে কেউ দখল করতে পারবে না। আমাদের ভাতে মারা যাবে না, সম্পত্তিও কেড়ে নিতে পারবে না।” তাঁর এই মন্তব্যে স্পষ্ট, মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে বিজেপির প্রচারকে তীব্রভাবে আক্রমণ করতে চাইছেন।

বহরমপুরের সভায় নাগরিকত্ব ইস্যু নিয়েও সরাসরি আক্রমণে নামেন মমতা। তিনি বলেন, “ভাগ্যিস আমি বীরভূমে জন্মেছি! নয়তো আমাকেও বাংলাদেশি বলত ওরা।” নাগরিকপঞ্জি নিয়ে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনাকে কড়া ভাষায় বিঁধে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, “বাংলায় এনআরসি হবে না। আমার গলা কেটে দিলেও এখানে কোনও ডিটেনশন ক্যাম্প তৈরি করতে দেব না। কাউকে তাড়ানো হবে না।” রোহিঙ্গা প্রসঙ্গে বিজেপির অভিযোগকে কটাক্ষ করে মমতা বলেন, “রোহিঙ্গা বাংলায় কোথা থেকে আসবে? রোহিঙ্গারা আসে মণিপুর, মিজোরাম, ত্রিপুরা হয়ে। আর সীমান্ত, আইটিবিপি, বিএসএফ, পাসপোর্ট–ভিসা সবই তো কেন্দ্রের হাতে। তাহলে দোষ দেবে কার?” তাঁর দাবি, কেন্দ্রের ব্যর্থতা ঢাকতেই বারবার বাংলাকে নিশানা করছে বিজেপি।

সভায় উপস্থিত জনতার সামনে মমতা আরও বলেন, বিজেপি এখন রাজ্যে অযথা আতঙ্ক ছড়াচ্ছে। নাগরিকত্ব, এনআরসি, এনপিআর, সবকিছু নিয়েই মানুষের মনের মধ্যে ভয় তৈরি করা হচ্ছে। কিন্তু তৃণমূল সরকার কোনওভাবেই কেন্দ্রীয় চাপের কাছে নতি স্বীকার করবে না। তিনি বলেন, “ভোটের আগে বাংলায় অস্থিরতা তৈরি করাই ওদের লক্ষ্য। কিন্তু বাংলার মানুষ জানে সত্যি কী। এসআইআরকে তারা এমনভাবে দেখাচ্ছে যেন কালই সবাইকে দেশছাড়া করে দেবে! এটা কখনও হতে দেবে না তৃণমূল সরকার।” তাঁর বক্তব্যে স্পষ্ট ছিল আত্মবিশ্বাস এবং কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে প্রতিবাদের বার্তা।

সভায় হাজির মানুষের হাততালিতে মুখ্যমন্ত্রীর বক্তব্য আরও তীব্র হয়ে ওঠে। এনআরসি ও নাগরিকত্ব বিতর্কে বিজেপির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই আক্রমণ শানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বহরমপুরের সভায় তাঁর ভাষণে যে তীব্রতা দেখা গেল, তা রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি করেছে। বিশেষ করে “রাষ্ট্রপতি শাসনের চালাকি” প্রসঙ্গটি সামনে আসার পর স্বাভাবিকভাবেই তৃণমূল বনাম বিজেপির দ্বন্দ্ব আরও এক ধাপ চড়ল। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ভোটের আগে বিজেপি-বিরোধী মোদ আরও জোরদার করতেই এমন তীব্র সুরে বিজেপিকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, তৃণমূল শিবিরের দাবি- কেন্দ্র যে উপায়ে বাংলায় রাজনৈতিক দখলদারির চেষ্টা করেছিল, তা প্রতিহত করা হয়েছে। এখন দেখার বিষয়, মমতার এই ‘রাষ্ট্রপতি শাসন’ মন্তব্যের জবাব বিজেপি কীভাবে দেয়। কারণ রাজনৈতিক মহলের ধারণা, এই বিতর্ক আগামী কয়েকদিন আরও জোরদার হবে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Mamata Banerjee | ২০২৬ ভোট নজর রেখে বহরমপুরে মমতার শক্তিশালী বার্তা : বিজেপিকে ‘মিথ্যা প্রচার’ নিয়ে কড়া সমালোচনা

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন