Bihar Election 2025: Anant Kumar Singh Wins Big from Jail in Mokama | মোকামায় ‘ছোটে সরকারের’ ঝড়: জেলে বসেই অনন্তকুমার সিংহের রেকর্ড জয়, প্রতিদ্বন্দ্বীদের সব হিসেব ভেসে গেল

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ পাটনা : বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই সবচেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে মোকামা কেন্দ্রকে ঘিরে। কারণ এই আসনে যে জয় এসেছে, তা শুধু ভোটে জেতা নয়, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি এক প্রকার ‘শক্তি-প্রতাপের জয়’! জেলে বসে থেকেই বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন রাজ্যের অন্যতম বিতর্কিত কিন্তু জনপ্রিয় নেতা অনন্তকুমার সিংহ (Anant Kumar Singh)। অভিযোগ, ভোটের ঠিক পাঁচ দিন আগে প্রতিপক্ষের কর্মী খুনের ঘটনায় তাঁকে গ্রেফতার করা হয়। কিন্তু আটক থাকা সত্ত্বেও যে তাঁর গণভিত্তি অটুট, তা আরও একবার প্রমাণ হল ভোটবাক্সেই।মোকামা কেন্দ্র মানেই অনন্তের রাজত্ব, এ তথ্য জানা থাকলেও এবার তাঁর জয়ের ব্যবধান অনেককে বিস্মিত করেছে। আরজেডি (RJD) প্রার্থী বীণা দেবী (Beena Devi), যিনি প্রতিদ্বন্দ্বী সুরজভান সিংহের (Surajbhan Singh) স্ত্রী, তাঁকে হারালেন প্রায় ২৮ হাজারের বেশি ভোটে। পিছনে পড়লেন জন সুরাজ পার্টির (Jan Suraaj Party) প্রার্থী প্রিয়দর্শী পীযূষও (Priyadarshi Piyush)। নির্বাচন কমিশনের তথ্য বলছে, তিনি পেয়েছেন কেবল ১৯ হাজারের কিছু বেশি ভোট। অর্থাৎ, অনন্তের জনপ্রিয়তার সামনে প্রতিপক্ষরা কার্যত চাপা পড়েছেন।

মোকামায় অনন্তকুমার সিংহের বিরুদ্ধে আগেও একাধিকবার গুরুতর অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে রয়েছে ২৮টি মামলা। যার মধ্যে রয়েছে খুন, অপরাধমূলক ষড়যন্ত্র, অপহরণ, অত্যাচার, অস্ত্র আইনের মামলা, শুধু তা-ই নয় তাঁর বিরুদ্ধে অপরাধীদের আশ্রয় দেওয়ার অভিযোগও। তা সত্ত্বেও ২০০৫ সাল থেকে এ পর্যন্ত তিনি মোকামায় ভোটে কখনও হারেননি। এই কারণেই তাঁকে ‘বাহুবলী নেতা’, ‘ছোটে সরকার’ এমন উপাধিতে ডাকে বহু মানুষ। স্থানীয়দের মুখে শোনা যায়, ‘‘অনন্ত যেদিকে থাকে, জয়ও সেদিকেই চলে যায়।’’

আরও পড়ুন : Hampi Travelog | মাতাঙ্গ পাহাড়ের চূড়ায় নিঃশব্দ বিস্ময়, সূর্যাস্তের আলোয় হাম্পি

এই নির্বাচনে তাঁর গ্রেফতারি একটি বড় বিতর্ক তৈরি করেছিল। অভিযোগ, প্রিয়দর্শী পীযূষের আত্মীয় ৭৫ বছরের দুলার চাঁদ যাদবকে (Dular Chand Yadav) লক্ষ্য করে গুলি চালানোর পর তাঁকে মেরে ফেলা হয়, এবং এরপর গাড়ি দিয়ে পিষে দেওয়া হয়। এই ভয়াবহ অভিযোগের ভিত্তিতেই পুলিশ অনন্তকে গ্রেফতার করে। কিন্তু তাঁর গ্রেফতারি যেন উল্টে ভোটে তাঁকে আরও দৃঢ় সমর্থন এনে দিল। জেলে যাওয়ার সময় অনন্ত বলেছিলেন, “সত্যের জয় হবেই”। এবার ভোটের ফলাফলে সেই কথাই যেন সত্যি হয়ে উঠল। এই জয় ঘিরে মোকামা উৎসবমুখর। অনন্তের বাড়ির সামনে বিশাল তাবু খাটিয়ে চলছে খাওয়া-দাওয়া, মিষ্টি বিতরণ, বাজি ফাটানো। একটি পোস্টার বিশেষভাবে নজর কেড়েছে, “জেল কা ফটক টুটেগা, হামারা শের ছুটেগা!” এই একটি লাইনে বোঝা যায়, সমর্থকদের কাছে অনন্ত ঠিক কী ধরনের জনপ্রিয়তায় পরিণত হয়েছেন।

অন্যদিকে, বিগত দুই দশকের রাজনীতিতে অনন্তের অবস্থান সত্যিই নজরকাড়া। ২০০৫ সালে জেডিইউ (JDU) -এর প্রার্থী হয়ে প্রথমবার জেতেন। ২০১০ সালেও একই দলের টিকিটে জয়। পরে ২০১৫ -তে জেডিইউ লালুপ্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) দলের সঙ্গে হাত মেলালে, প্রতিবাদে দল ছাড়েন অনন্ত। স্বাধীন প্রার্থী হয়ে দাঁড়িয়ে জেডিইউকেই হারিয়ে দেন। ২০২০-তে আবার আরজেডিতে যোগ দিয়ে সেই দলের প্রার্থী হিসেবে জেতেন। ২০২২ সালে অস্ত্র মামলায় বিধায়ক পদ ছাড়তে হয় তাঁকে। এরপর তাঁর স্ত্রী নীলম দেবী (Neelam Devi) উপনির্বাচনে দাঁড়িয়ে জয় পান। ফলে মোকামায় সিংহ পরিবারের রাজত্ব টলে যায়নি কখনও।

এ বছর আবার জেডিইউতে ফিরে আসেন অনন্তকুমার সিংহ। তাঁর গ্রেফতারি নিয়ে বিরোধীরা ভেবেছিল, হয়ত এ বার টালমাটাল হবে সমীকরণ। কিন্তু ভোটের ফলাফলে দেখা যায়, মোকামার বাস্তবতা সম্পূর্ণ আলাদা। আরজেডি, জন সুরাজ কিংবা অন্য কোনও দলই তাঁর জনপ্রিয়তা এবং তৃণমূলভিত্তিকে ভাঙতে পারল না। গ্রেফতারির কারণে তাঁর প্রতি সহানুভূতি আরও বেড়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিকে, অনন্তের সম্পত্তির বিবরণও আলোচনায় এসেছে। হলফনামা অনুযায়ী, তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ১৩ কোটি টাকা, অস্থাবর সম্পত্তি মিলিয়ে মোট সম্পত্তি প্রায় ৩৭.৮৮ কোটি। রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি টয়োটা ল্যান্ড ক্রুজার (Toyota Land Cruiser), টয়োটা ফরচুনার (Toyota Fortuner)। এমনকী তাঁর খামারে রয়েছে একটি হাতি, একটি ঘোড়া এবং আরও বেশ কিছু গবাদি পশু। অপরদিকে তাঁর স্ত্রী নীলম দেবীর নামে রয়েছে ৬২ কোটি টাকারও বেশি সম্পত্তি। উল্লেখ্য, গ্রেফতারি বিতর্ক, একাধিক মামলা, দলবদল এসব কোনওকিছুই মোকামার জনগণের সিদ্ধান্তে প্রভাব ফেলল না। এই কেন্দ্র শুধু নেতা নয়, ব্যক্তিত্বকেও বেছে নেয় এবারও ঠিক সেভাবেই বেছে নিয়েছে অনন্তকুমার সিংহকে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : La Nina India 2025, India winter forecast | ভারতে আসছে তীব্র শীত, ‘লা নিনা’ -এর (La Nina) প্রভাবে কাঁপবে উত্তর-মধ্য ভারত! বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন