Eden Test 2025, Jasprit Bumrah Five Wickets | ইডেনে আগুন ঝরালেন বুমরাহ, প্রথম দিনেই গুঁড়িয়ে গেল দক্ষিণ আফ্রিকা

SHARE:

বুমরাহর সঙ্গে কার্যকর ভূমিকায় ছিলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। চটজলদি বিয়ে হতে চলা এই স্পিনারের হাতে জাদু লুকোনো। ৩৬ রান দিয়ে নিলেন ২ উইকেট। যদিও প্রথম দিনের উইকেট বিশেষ স্পিনারদের সাহায্য করেনি, তবুও তাঁর গুগলি-চাইনাম্যান বুঝতেই পারলেন না টেম্বা বাভুমা (Temba Bavuma), উইয়ান মুলডাররা (Wiaan Mulder)। প্রথম ইনিংসের শুরুটা কিন্তু মন্দ ছিল না। দক্ষিণ আফ্রিকার ওপেনার এডেন মার্করাম (Aiden Markram) ও রায়ান রিকেলটন (Ryan Rickelton) আক্রমণাত্মক মেজাজে খেলতে শুরু করেছিলেন।

সুজয়নীল দাশগুপ্ত ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : ইডেন গার্ডেন্সে শুক্রবারের সকাল যেন বরফ-শীতল স্নায়ুর পরীক্ষায় পরিণত হয়েছিল। দিনের দ্বিতীয় বলেই অশনি সঙ্কেত, জসপ্রীত বুমরাহ-এর (Jasprit Bumrah) করা বল তিন বার মাটি ছুঁয়ে গিয়ে পৌঁছল ঋষভ পন্থের (Rishabh Pant) হাতে। পরের বলটা বুকের কাছে উঠে যাওয়া দেখে ড্রেসিংরুম থেকে শুরু করে গ্যালারি সবাই বুঝে গেল, ইডেনের প্রথম দিনের নাটক এখনও বাকি।

গত কয়েক দিন ধরে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের পিচ নিয়ে যথেষ্ট টানাপোড়েন চলেছে। ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) স্পষ্ট বলেছিলেন, ২২ গজ তাঁর পছন্দ হয়নি। সেই আপত্তি পৌঁছেছিল সিএবির প্রধান কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের (Sujan Mukherjee) কাছে। সুজন অবশ্য পিচের স্বভাব বদলানোর চেষ্টা করেননি, তবে যতটা সম্ভব শেষ মুহূর্তে সামান্য মেকওভার করেছেন। তবুও ইডেনের উইকেট প্রথম দিনেই দেখাল দুই রকম বাউন্স, যা ব্যাটারদের জন্য হয়ে উঠল দুঃস্বপ্ন। তবে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিপর্যয়ের মূল কারণ পিচ নয়, জসপ্রীত বুমরাহ। তাঁর লাইন-লেংথ যে কোনও পিচে ব্যাটারকে ফাঁসাতে পারে। শুক্রবার ইডেনে তিনি যেন তাঁর সেরা রূপটা মেলে ধরলেন। নিখুঁত জায়গায় বল ফেললেন, ভয়ঙ্কর ইয়র্কার করলেন, অফস্টাম্পের ঠিক বাইরে ঘুরপাক খেলালেন প্রোটিয়া ব্যাটারদের। মাত্র ২৭ রান দিয়ে তুলে নিলেন ৫ উইকেট! তাঁর দাপটে ৫৫ ওভারেই গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা মাত্র ১৫৯ রানে।

বুমরাহর সঙ্গে কার্যকর ভূমিকায় ছিলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। চটজলদি বিয়ে হতে চলা এই স্পিনারের হাতে জাদু লুকোনো। ৩৬ রান দিয়ে নিলেন ২ উইকেট। যদিও প্রথম দিনের উইকেট বিশেষ স্পিনারদের সাহায্য করেনি, তবুও তাঁর গুগলি-চাইনাম্যান বুঝতেই পারলেন না টেম্বা বাভুমা (Temba Bavuma), উইয়ান মুলডাররা (Wiaan Mulder)। প্রথম ইনিংসের শুরুটা কিন্তু মন্দ ছিল না। দক্ষিণ আফ্রিকার ওপেনার এডেন মার্করাম (Aiden Markram) ও রায়ান রিকেলটন (Ryan Rickelton) আক্রমণাত্মক মেজাজে খেলতে শুরু করেছিলেন। টস জিতে প্রথমে ব্যাট করা বাভুমার সিদ্ধান্ত বেশ যুক্তিযুক্ত মনে হচ্ছিল। কিন্তু বুমরাহ-কুলদীপদের ঝড়ে সেই আত্মবিশ্বাস উধাও হয়ে গেল। রিকেলটন আউট ২৩ রানে, মার্করাম ৩১, আর অধিনায়ক বাভুমা মাত্র ৩ রান করে ফিরলেন। বাভুমা পরে বলেন, “আমরা লাইন-লেংথ বুঝতে পারছিলাম না। বুমরাহ আজ সত্যিই অপ্রতিরোধ্য ছিল।” মধ্যাহ্নভোজের আগে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ১০৫-৩। কিন্তু বিরতির পর ধস নামে। মুলডার (২৪), টনি ডি জর্জি (Tony de Zorzi) (২৪), কাইল ভেরেন (Kyle Verreynne) (১৬) কেউই সময় দিতে পারলেন না। ব্যাটাররা শুধু লাইন-লেংথে পরাজিত হননি, ডিআরএস ব্যবহারে অবিবেচকের মতো আচরণ করে দলকে আরও বিপদে ফেলেছেন। শেষ পর্যন্ত ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) ১৫ রানে অপরাজিত থাকলেও ইনিংস রক্ষা হয়নি।

আরও পড়ুন : Harmanpreet Kaur pay cut | হরমনপ্রীতের আত্মত্যাগে মুগ্ধ ক্রিকেট বিশ্ব, দীপ্তিকে ছাড়ল ইউপি, কারা থাকলেন কোন দলে WPL নিলামের আগে?

এ দিনের অন্যতম নায়ক ঋষভ পন্থ। চোট সারিয়ে দলে ফিরে তিনি শুধু ব্যাট-গ্লাভস নিয়েই আসেননি, এনেছেন বাড়তি ‘হোমওয়ার্ক’। দক্ষিণ আফ্রিকার প্রতিটি ব্যাটার কীভাবে কোন শট খেলতে পছন্দ করেন, কোন লেন্থে দুর্বল সব মনে করিয়ে দিচ্ছিলেন সতীর্থ বোলারদের। তাঁর সাজেশন একাধিক বার কাজে লেগেছে। বিশেষ করে বাভুমার ক্ষেত্রে। এছাড়া ডিআরএস নেওয়ার সময়ও তাঁকে যথেষ্ট পরিণত মনে হয়েছে। ভারতের বোলারদের মধ্যে অক্ষর পটেল (Axar Patel) ২১ রানে নিয়েছেন ১ উইকেট, আর মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ৪৭ রানে ২ উইকেট তুললেও তাঁকে খানিক বেমানান লাগছিল।

ব্যাট হাতে ভারতের শুরুটা সাবধানী। দক্ষিণ আফ্রিকার হাল দেখে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) আক্রমণাত্মক হতে চাইলেও মার্কো জানসেন-এর (Marco Jansen) নিখুঁত লেন্থে তিনি ১২ রানেই আউট হন। এরপর লোকেশ রাহুল (KL Rahul) ও ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ধীরে ধীরে ইনিংস গড়ার চেষ্টা করেন। ওয়াশিংটনকে তিন নম্বরে খেলানোয় অনেকে অবাক। বোলার হয়েও তাঁকে দায়িত্ব দিয়েছেন গম্ভীর। দিনের শেষে ভারতের স্কোর ৩৭/১। রাহুল ১৩*, ওয়াশিংটন ৬*।
প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকার থেকে ভারত পিছিয়ে ১২২ রানে। হাতে রয়েছে ৯ উইকেট। যদিও স্কোরবোর্ড দেখে মনে হতে পারে ভারতের অবস্থান ভাল, কিন্তু ইডেনের এই ২২ গজ ব্যাটারদের প্রতি মুহূর্তে পরীক্ষা নিচ্ছে। শনিবার রাহুলদের সাবধান থাকতে হবে। নইলে গম্ভীর-সুজন পিচ বিতর্ক আরও বাড়তে পারে।

এদিন ৭৫ ওভার খেলা হয়েছে, নির্ধারিত ৯০ ওভারের থেকে ১৫ কম। বিকেল ৪টার আগেই ফ্লাডলাইট জ্বালাতে হয়েছে, যা এই সময়ে কলকাতা ক্রিকেটের জন্য অস্বাভাবিক। সকাল ৯:৩০-এ ম্যাচ শুরু করা নিয়েও তাই প্রশ্ন উঠছে। কিন্তু, ইডেনের প্রথম দিন দেখাল, এই টেস্ট কেবল ব্যাট-বল লড়াই নয়, মানসিক স্থিরতারও পরীক্ষা। শনিবার বাকি নাটক দেখার অপেক্ষা।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Rohit Sharma Virat Kohli Big Bash 2025, BBL Indian players | অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে রোহিত-কোহলি? টড গ্রিনবার্গের ইঙ্গিতে জল্পনায় তোলপাড় ক্রিকেট দুনিয়া

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন