প্রিয়াঙ্কা চতুর্বেদী ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই : বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) ফের শিরোনামে। তবে এবার কোনও নতুন সিনেমা নয়, ব্যক্তিগত জীবন ঘিরেই চলছে ব্যাপক জল্পনা। সম্প্রতি সলমন খানের (Salman Khan) জনপ্রিয় ‘দাবাং ট্যুর’ (Dabangg Tour) থেকে হঠাৎই নাম প্রত্যাহার করেছেন সোনাক্ষী। তাঁর জায়গায় নেওয়া হয়েছে তামান্না ভাটিয়াকে (Tamannaah Bhatia)। আর এই পরিবর্তন ঘিরেই নতুন করে শুরু হয়েছে গুঞ্জন, তবে কি সত্যিই মা হতে চলেছেন সোনাক্ষী সিনহা?
গত কয়েক সপ্তাহ ধরে নেটিজেনদের মধ্যে এই নিয়ে জোর আলোচনা। কেউ কেউ বলছেন, সোনাক্ষীর হঠাৎ ট্যুর বাতিলের পেছনে স্বাস্থ্যজনিত কারণ নয়, তাঁর গর্ভাবস্থা দায়ী। এই জল্পনা আরও জোরালো হয়েছে কারণ, সাম্প্রতিক সময়ে অভিনেত্রীকে একাধিক অনুষ্ঠানে ঢিলেঢালা পোশাক পরতে দেখা গিয়েছে। কখনও ওড়না দিয়ে বারবার পেট ঢাকার চেষ্টা, কখনও বালিশে ভর দিয়ে বসার ধরণ, সব কিছুই যেন জনমনে কৌতূহল বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে রমেশ তৌরানির (Ramesh Taurani) দিওয়ালি পার্টিতে অভিনেত্রীর উপস্থিতি নিয়ে নেটিজেনদের চর্চা থামছেই না। ওই পার্টিতে সোনাক্ষী যে পোশাক পরেছিলেন, তাতে তাঁর ‘বেবি বাম্প’ ঢাকার চেষ্টা স্পষ্ট বলেই দাবি করছে সোশ্যাল মিডিয়ার একাংশ। এমনকী কিছু ভিডিও ক্লিপে দেখা গিয়েছে, স্বামী জাহির ইকবাল (Zaheer Iqbal) সোনাক্ষীর পেটের কাছে হাত রেখে দাঁড়িয়ে আছেন। যা দেখে অনেকে মন্তব্য করেছেন, “এটাই তো পরিষ্কার ইঙ্গিত!” এখনও পর্যন্ত এই বিষয়ে সোনাক্ষী কিংবা জাহির কেউই মুখ খোলেননি। বলিউডের অনেকেই বলছেন, “সোনাক্ষী সবসময়ই ব্যক্তিগত বিষয় নিয়ে সংযত। নিজের জীবনের খবর যতটা সম্ভব ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন।” যদিও এই প্রথম নয়, এর আগেও একাধিকবার তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে এসেছে।
২০২৪ সালের ২৩ জুন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের বিয়ে (Sonakshi-Zaheer Wedding) হয়েছিল মুম্বইয়ে এক পারিবারিক অনুষ্ঠানে। তখন থেকেই তাঁদের দাম্পত্য জীবন নিয়ে আগ্রহ ছিল ভক্তদের মধ্যে। বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই শোনা গিয়েছিল অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর। তখন অবশ্য মজা করে সেই গুজব উড়িয়ে দিয়ে সোনাক্ষী বলেছিলেন, “মনুষ্য ইতিহাসের দীর্ঘতম গর্ভাবস্থা চলছে বোধহয়! অতি বুদ্ধিমান মিডিয়ার কল্যাণে এখন আমি ১৬ মাসের প্রেগন্যান্ট!” তাঁর সেই রসিক মন্তব্যে তৎকালীন বিতর্ক স্তিমিত হলেও, নতুন করে ‘দাবাং ট্যুর’-এর প্রসঙ্গে আবারও আগুনে ঘি পড়েছে। কারণ, সোনাক্ষী কিন্তু এই ট্যুরের অন্যতম মুখ ছিলেন। সলমন খানের সঙ্গে তাঁর সিনেমা ‘দাবাং’ (Dabangg) থেকেই তাঁদের জুটি জনপ্রিয়তা পেয়েছিল। তাই হঠাৎ করে তাঁর নাম বাদ যাওয়া অনেকের কাছেই অস্বাভাবিক বলে মনে হয়েছে। শিল্পী মহলের এক সূত্র বলছে, “দাবাং ট্যুরের সূচী খুবই ব্যস্ত। ক্রমাগত দেশ-বিদেশে ঘুরে অনুষ্ঠান করতে হয়। সোনাক্ষী হয়ত এখন বিশ্রাম নিতে চেয়েছেন। সেটাই হতে পারে ট্যুর থেকে নাম প্রত্যাহারের আসল কারণ।” অন্যদিকে, কেউ কেউ বলছেন, “অভিনেত্রী শারীরিকভাবে ক্লান্ত, তাই কিছুদিনের বিরতি নিচ্ছেন।” কিন্তু ভক্তদের ধারণা অন্য, তাঁরা মনে করছেন, এই ‘বিরতি’ আসলে মাতৃত্বের প্রস্তুতি।
এদিকে, সোনাক্ষী সম্প্রতি এক পডকাস্ট শোতে এসে সোফায় হেলান দিয়ে বসেছিলেন, এবং তাঁর হাতের ভঙ্গি ও মুখের উজ্জ্বলতা দেখে অনেকেই বলছেন, “প্রেগন্যান্সি গ্লো।” সোশ্যাল মিডিয়ার এক ব্যবহারকারী লিখেছেন, “তাঁর চোখেমুখে মাতৃত্বের আভা দেখা যাচ্ছে, এটা আর লুকিয়ে রাখা যাচ্ছে না।” তবে গুজব যতই ছড়াক না কেন, সোনাক্ষী সিনহা এখনও নিজের কাজ নিয়েই ব্যস্ত। শোনা যাচ্ছে, তিনি শিগগিরই এক ওয়েব সিরিজে কাজ শুরু করবেন। এছাড়া তাঁর হাতে রয়েছে আরও দুটি বড় প্রজেক্ট। ফলে, আপাতত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। কিন্তু বলিউডে এখন প্রশ্ন একটাই, সত্যিই কি মা হতে চলেছেন সোনাক্ষী সিনহা? ভক্তদের দাবি, “যদি এই খবর সত্যি হয়, তাহলে সেটি সোনাক্ষীর জীবনের সবচেয়ে আনন্দের অধ্যায় হবে।” আর যদি এটা শুধুই গুজব হয়, তবুও অভিনেত্রী যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন, তা স্পষ্ট। কারণ, সোনাক্ষী সিনহা সবসময়ই নিজের ব্যক্তিত্ব, স্টাইল এবং স্পষ্টভাষী -এর জন্য পরিচিত। এখন দেখার, এই ‘মা হতে চলা’ জল্পনায় তিনি কবে মুখ খোলেন।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Sonakshi Sinha marriage, Sonakshi Zaheer Iqbal love story | ‘তুমি ঠিক পরিবারে এসে পড়েছ’ জ়াহিরের মায়ের ভালবাসায় ভাসছেন সোনাক্ষী, ট্রোলের জবাব দিলেন হাসিতে



