পার্বতী কাশ্যপ ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই : দক্ষিণী তারকা রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna) এবং বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) এই দুই নাম এখন দক্ষিণী ও বলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত জুটি। তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি থেকে অফস্ক্রিন বন্ধুত্ব, সবই দীর্ঘদিন ধরে চর্চার কেন্দ্রে। গত কয়েক মাস ধরে চলছে তাঁদের বিয়ে, বাগদান এবং সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন। কখনও একসঙ্গে ছুটি কাটানোর ছবি, কখনও মিলছে দু’জনের পোশাকের মিল, সব মিলিয়ে ভক্তদের কৌতূহল চরমে। এবার সেই জল্পনাতেই যেন ঘি ঢাললেন রশ্মিকা নিজেই।
সম্প্রতি নিজের নতুন ছবি ‘গার্লফ্রেন্ড’ (Girlfriend) মুক্তির প্রোমোশনে এসে রশ্মিকা মান্দানা সরাসরি বিয়ের প্রসঙ্গে মুখ খোলেন। সাংবাদিকদের প্রশ্নে রশ্মিকা প্রথমে বলেন, “আমি এমন একজন সঙ্গী চাই, যে আমার সবচেয়ে ভাল বন্ধু হবে। যার সঙ্গে হাসতে, কাঁদতে, ঝগড়া করতে পারব। দু’জনেই যেন একে অপরকে বোঝাতে পারি, সমর্থন করতে পারি। সম্পর্কটা যেন খোলামেলা হয়, কোনও গোপনীয়তা না থাকে।” এই উত্তরের পরই এক সাংবাদিক তাঁকে সরাসরি প্রশ্ন করেন, তাহলে কি সেই মানুষটি বিজয় দেবেরাকোন্ডাই? সঙ্গে সঙ্গে লাজুক হাসি হেসে রশ্মিকার জবাব, “আমি আর কী বলব, আপনারা তো সব জানেনই! হয়ত বিজয়কেই (Vijay Deverakonda) বিয়ে করব আমি।” এই মন্তব্যের পরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে আলোড়ন।
ভক্তরা রীতিমতো উচ্ছ্বসিত। কেউ বলছেন, “এটাই ছিল অফিশিয়াল কনফার্মেশন!” আবার কেউ মন্তব্য করছেন, “অবশেষে তাঁরা এক হতে চলেছেন, স্বপ্নের জুটি!” নেটপাড়ায় চলছে অভিনন্দনের বন্যা। শোনা যাচ্ছে, আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৬ -এ রাজস্থানের উদয়পুরের (Udaipur) রাজকীয় প্রাসাদে বসতে চলেছে এই তারকা জুটির বিয়ের আসর। একটি সূত্রের দাবি, “উদয়পুরের প্রাসাদ ইতিমধ্যেই প্রি-বুক করা হয়েছে। বিয়ের অনুষ্ঠান হবে সীমিত অতিথির উপস্থিতিতে, তবে তার আয়োজন হবে রাজকীয় আভিজাত্যে।” যদিও এখন পর্যন্ত এই খবরের সত্যতা সম্পর্কে রশ্মিকা বা বিজয় কেউ-ই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তাঁদের ঘনিষ্ঠ এক বন্ধু জানিয়েছেন, “বিয়ের বিষয়ে তারা খুবই প্রাইভেট। কাজের ব্যস্ততার মাঝেও দু’জনের মধ্যে বোঝাপড়া দারুণ। সময় হলেই নিজেরাই আনুষ্ঠানিক ঘোষণা করবেন।”
রশ্মিকা মান্দানা বর্তমানে দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ‘গীতগোবিন্দম’ (Geetha Govindam)*, ‘পুষ্পা: দ্য রাইজ’ (Pushpa: The Rise) -এর মতো ছবিতে তাঁর অভিনয় তাঁকে দেশজুড়ে জনপ্রিয় করে তুলেছে। অন্যদিকে, বিজয় দেবেরাকোন্ডা ‘অর্জুন রেড্ডি’ (Arjun Reddy) থেকে শুরু করে ‘লিগার’ (Liger) পর্যন্ত নিজের ভিন্নধর্মী চরিত্রের জন্য পরিচিত। তাঁদের রসায়ন প্রথম প্রকাশ্যে আসে ‘গীতগোবিন্দম’ ছবিতে, এরপর থেকেই শুরু হয় তাঁদের সম্পর্কের গুঞ্জন। উল্লেখ্য যে, অনেক সময় তাঁদের একসঙ্গে ভ্রমণে দেখা গিয়েছে। কখনও মালদ্বীপ, কখনও হায়দরাবাদের ক্যাফেতে দু’জনকে দেখা যায় একসঙ্গে সময় কাটাতে। যদিও সবসময় তাঁরা সম্পর্কের বিষয়টি নিয়ে চুপ থেকেছেন। এমনকী, রশ্মিকার হাতে দেখা বাগদানের আংটি নিয়েও নেটপাড়ায় জোর চর্চা হয়।
রশ্মিকা অবশ্য আগেই বলেছিলেন, “ব্যক্তিগত জীবন নিয়ে আমি খুব বেশি আলোচনা করতে চাই না। আমি চাই মানুষ আমার কাজ নিয়ে কথা বলুক।” কিন্তু এবারের মন্তব্যে যেন তিনি ভক্তদের সেই কৌতূহলেরই জবাব দিলেন নিজের মিষ্টি হাসিতে। চলতি সময়ে ‘গার্লফ্রেন্ড’ সিনেমার সাফল্যেও ভরপুর আনন্দে রয়েছেন রশ্মিকা। বক্স অফিসে ছবিটি ইতিমধ্যেই ভালো ব্যবসা করছে। এক প্রযোজক বলেন, “রশ্মিকা এখন দক্ষিণী ইন্ডাস্ট্রির লাকি চার্ম। তাঁর অভিনয়, উপস্থিতি, আর তার সঙ্গে এই সম্পর্কের খবর- সব মিলিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।” প্রসঙ্গত, বলিউডেও রশ্মিকার পদার্পণ ইতিমধ্যেই সফল। ‘গুডবাই’ (Goodbye) এবং ‘মিশন মজনু’-তে (Mission Majnu) তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। বিজয় দেবেরাকোন্ডাও প্রস্তুতি নিচ্ছেন তাঁর পরবর্তী সিনেমা ‘VD 13’ -এর জন্য। উল্লেখ্য যে, এখন, সিনেমাপ্রেমীরা অপেক্ষায় ফেব্রুয়ারির। রশ্মিকা-বিজয়ের বিয়ের খবর সত্যি হলে সেটি হবে ভারতের অন্যতম বড় সেলিব্রিটি ওয়েডিং, যা নিঃসন্দেহে ছাপ ফেলবে গোটা বিনোদন জগতে।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Tanushree Dutta Bigg Boss offer | ‘আমি এত সস্তা নই’, কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিলেন তনুশ্রী দত্ত, আলোড়ন বলিউডে




