দেবমৃতা গঙ্গোপাধ্যায় ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে আবারও স্বর্ণাক্ষরে নিজের নাম লিখলেন স্মৃতি মান্ধানা। বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করে তিনি একাধিক নজির গড়লেন। মাত্র ৭৭ বলে শতরান পূর্ণ করে শেষ পর্যন্ত ৯১ বলে ১১৪ রানের ঝলমলে ইনিংস খেলেন স্মৃতি। তাঁর ব্যাট থেকে আসে ১৪টি চার ও ৪টি ছক্কা। স্মৃতির এই ইনিংস কেবল ভারতের জয়ের সম্ভাবনাই শুধু উজ্জ্বল করেছে তা-ই নয়, বরং মহিলাদের এক দিনের ক্রিকেটে তিনি নতুন একটি অধ্যায়ও লিখলেন।
Read : Asia Cup Pakistan India Match | সুপার ফোরে পাকিস্তান, রবিবার এশিয়া কাপে ফের মহারণ ভারত-পাকিস্তান
ভারতের মহিলাদের ক্রিকেটে ওপেনার হিসেবে সর্বাধিক শতরানের তালিকায় জায়গা করে নিলেন স্মৃতি। এতদিন এই তালিকায় শীর্ষে ছিলেন নিউজিল্যান্ডের সুজি বেটস (Suzie Bates) ও ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট (Tammy Beaumont), দু’জনেরই ১২টি শতরান রয়েছে। এবার তাঁদের সঙ্গে সমান হয়ে গেলেন ভারতীয় ওপেনার স্মৃতি। অর্থাৎ, আরও একটি শতরান করলেই স্মৃতি হয়ে উঠবেন এককভাবে বিশ্বের সফলতম ওপেনার। শুধু তা-ই নয়, শতরান করার গতি নিয়েও তিনি রেকর্ড গড়লেন। ৭৭ বলে শতরান পূর্ণ করা ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম। আশ্চর্যের বিষয়, দ্রুততম শতরানটিও তাঁরই দখলে। চলতি বছরের শুরুতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে স্মৃতি মাত্র ৭০ বলে শতরান করেছিলেন। এই দুই ইনিংস প্রমাণ করে, আগ্রাসী মেজাজে ব্যাট করলে তিনি প্রতিপক্ষের বোলারদের একেবারেই ছন্দ নষ্ট করে দেন।

মহিলাদের এক দিনের ক্রিকেটে সর্বাধিক শতরানের মালিক এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার ব্যাটার মেগ ল্যানিং (Meg Lanning)। তাঁর নামের পাশে রয়েছে ১৫টি শতরান। তবে স্মৃতি মান্ধানার ধারাবাহিক ফর্ম দেখে অনেকেই বলছেন, খুব শিগগিরই ল্যানিংয়ের রেকর্ডকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবেন ভারতীয় ওপেনার। অন্যদিকে, ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি এক ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক রান করারও নজির গড়লেন স্মৃতি। চলতি বছরে ১৩টি ম্যাচে তাঁর সংগ্রহ ৮০৩ রান। এর মধ্যে রয়েছে তিনটি শতরান ও চারটি অর্ধশতরান। এর ফলে তিনি ভেঙে দিলেন দীপ্তি শর্মা’র(Deepti Sharma) পুরনো রেকর্ড। ২০১৭ সালে দীপ্তি ২০টি ম্যাচে ৭৮৭ রান করেছিলেন। একই বছর মিতালি রাজ (Mithali Raj) করেছিলেন ৭৮৩ রান। কিন্তু অনেক কম ম্যাচ খেলে তাঁদের দু’জনকেই পিছনে ফেলে দিলেন স্মৃতি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করার নিরিখেও ইতিহাস গড়লেন স্মৃতি। এতদিন পর্যন্ত ইংল্যান্ডের ন্যাট শিভার ব্রান্ট (Nat Sciver-Brunt) চারটি শতরান করে ছিলেন শীর্ষে। বুধবারের ইনিংসের পরেই তিনটি শতরান নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে চলে এলেন ভারতীয় ওপেনার। এই তালিকায় তাঁর সঙ্গে রয়েছেন নিউজিল্যান্ডের সুজি বেটস।উল্লেখ্য যে, ম্যাচ-পরবর্তী সাংবাদিক বৈঠকে স্মৃতি বলেন, “অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে রান করা সব সময়ই বড় চ্যালেঞ্জ। কিন্তু একই সঙ্গে সেটাই অনুপ্রেরণা। আমি খুশি যে দলের প্রয়োজনে ব্যাট করতে পেরেছি।” স্মৃতি আরও জানান, “ব্যক্তিগত রেকর্ডের থেকেও দলের জয় আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তবে এই ইনিংস আমার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল।” ভারতীয় মহিলা দলের কোচও তাঁর প্রশংসায় পঞ্চমুখ। তাঁর মতে, স্মৃতির ধারাবাহিকতা দলের সাফল্যের অন্যতম প্রধান ভরসা। কোচ বলেন, “ও যখন ব্যাট করে, দলের সবাই আরও অনুপ্রাণিত হয়। ওপেনিংয়ে ওর ইনিংস গোটা দলের ছন্দ ঠিক করে দেয়।” প্রসঙ্গত, বিশ্বকাপের আগে এই ইনিংস নিঃসন্দেহে ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিল। ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, এই ফর্ম যদি ধরে রাখতে পারেন স্মৃতি, তবে শুধু ব্যক্তিগত রেকর্ডই নয়, ভারতকেও শীর্ষে তুলতে স্মৃতি বড় ভূমিকা নেবেন। ইতিমধ্যেই তাঁকে অনেকে ডাকছেন “লেডি বিরাট কোহলি (Virat Kohli)”, কারণ তিনি যেভাবে দায়িত্ব নিয়ে দলের হয়ে ইনিংস গড়েন, তা ভারতীয় পুরুষ দলের প্রাক্তন অধিনায়কের মতোই। স্মৃতি মন্ধানার এই ইনিংস শুধু ভারতীয় মহিলা ক্রিকেটের এক নতুন যুগের সূচনা বলে মনে করছেন ক্রীড়া সমালোচকরা। আগামীতে তাঁর ব্যাট থেকে আরও অনেক সাফল্য আসবে বলেই আশাবাদী গোটা দেশ।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Virat Kohli Anushka Sharma | ক্যাফে থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বিরাট-অনুষ্কাকে! জেমাইমার বিস্ফোরক দাবি




