পারিজাত গঙ্গোপাধ্যায়, সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস রচনা করলেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) আইসিসি টি-টোয়েন্টি বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থানে উঠে নতুন ইতিহাস গড়লেন। ভারতের ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে তিনি এক নম্বরে পৌঁছলেন। জানুন বিস্তারিত।
সদ্য প্রকাশিত আইসিসি টি-টোয়েন্টি বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থানে উঠে এসেছেন তিনি। এটাই তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের সবচেয়ে বড় অর্জন বলে মনে করা হচ্ছে। এর আগে মাত্র দু’জন ভারতীয় বোলার এই সাফল্য অর্জন করেছিলেন, জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) এবং রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। এবার সেই তালিকায় যোগ হল, বরুণের নাম। বরুণ চক্রবর্তীকে নিয়ে ক্রিকেট সমালোচকদের ধারণা ছিল, তিনি মূলত আইপিএল স্পেশালিস্ট বোলার। কলকাতা নাইট রাইডার্সে দুর্দান্ত পারফর্ম করেই আলোচনায় আসেন তিনি। সেখান থেকেই জাতীয় দলে ডাক। কিন্তু প্রথম দফায় আন্তর্জাতিক কেরিয়ার খুব বেশি দীর্ঘ হয়নি। অনেকেই ধরে নিয়েছিলেন, ভারতীয় জার্সিতে তাঁর ভবিষ্যৎ অনিশ্চিত। কিন্তু গৌতম গম্ভীর (Gautam Gambhir) কোচ হওয়ার পর বদলে গেল ছবিটা। নতুন করে সুযোগ পেলেন বরুণ। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে তিনি প্রমাণ করেছেন নিজের সামর্থ্য।টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারতীয় দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন এই মিস্ট্রি স্পিনার। শুধু টি-টোয়েন্টি নয়, ওয়ানডে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি নজরকাড়া পারফরম্যান্স করেছেন। এশিয়া কাপেও ধারাবাহিক ছন্দ ধরে রেখেছেন। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ৪ ওভারে ২৪ রান দিয়ে একটি উইকেট তুলে নিয়েছিলেন। একইভাবে আরব আমিরশাহির (UAE) বিরুদ্ধে ম্যাচে মাত্র ৪ রান খরচ করে একটি উইকেট নিয়েছিলেন। যদিও এশিয়া কাপে উইকেটের সংখ্যা খুব বেশি না, কিন্তু তাঁর ইকোনমি রেট অনবদ্য।
বরুণের অন্যতম সেরা পারফরম্যান্স আসে বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচে তিনি তুলে নেন ফাইফার। যা তাঁকে আন্তর্জাতিক মঞ্চে আরও প্রতিষ্ঠিত করে। বিশেষজ্ঞদের মতে, বরুণ এখন ভারতের অন্যতম ধারাবাহিক সাদা বলের বোলার। তাই স্বাভাবিকভাবেই আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে তাঁর জায়গা পাওয়াটা সময়ের অপেক্ষা ছিল।আইসিসির সর্বশেষ প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে, বরুণ চক্রবর্তী শীর্ষস্থানে উঠে আসায় নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি (Jacob Duffy) নেমে গিয়েছেন দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি স্পিনার আকিল হোসেন (Akeal Hosein)। অস্ট্রেলিয়ার লেগস্পিনার অ্যাডাম জাম্পা (Adam Zampa) অবস্থান করছেন পঞ্চম স্থানে। ভারতীয় দলে আরেকজন বোলার সেরা দশে রয়েছেন, রবি বিষ্ণোই। তিনি বর্তমানে অষ্টম স্থানে।
এই সাফল্যকে ঘিরে ক্রিকেট মহলে এখন জোর আলোচনা শুরু হয়েছে। বরুণ নিজেও জানিয়েছেন, এই অর্জন তাঁর কাছে স্বপ্নের মতো। বরুণ বলেছেন, “আমি কখনও ভাবিনি বিশ্বের এক নম্বর বোলার হওয়ার মতো জায়গায় পৌঁছে যাব। আমার ফোকাস সবসময় ছিল নিজের সেরাটা দেওয়ার দিকে। দলের ভরসা অর্জন করতে পারাটাই সবচেয়ে বড় সাফল্য।” ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরও খুশি শিষ্যের এই অর্জনে। তিনি বলেছেন, “বরুণকে আমি চিনি অনেকদিন ধরে। ওর বোলিংয়ে এমন বৈচিত্র্য আছে যা বিশ্বের যে-কোনও ব্যাটারকে সমস্যায় ফেলতে পারে। এই সাফল্য ও প্রাপ্য। তবে সামনে আরও বড় চ্যালেঞ্জ রয়েছে। স্থায়ীভাবে পারফরম্যান্স ধরে রাখাটাই আসল।”
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, বরুণ চক্রবর্তীর এই অর্জন ভারতের স্পিন আক্রমণকে আরও শক্তিশালী করবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এমন এক বোলারের শীর্ষে ওঠা নিঃসন্দেহে দলের জন্য সুখবর। কারণ বুমরা, বিষ্ণোই ও বরুণ—এই তিনজনকে নিয়ে ভারতের বোলিং আক্রমণ হয়ে উঠতে পারে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বরুণ চক্রবর্তীর এই সাফল্যকে মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। যিনি একসময় শুধুমাত্র আইপিএলের প্লেয়ার হিসেবে পরিচিত ছিলেন, তিনি আজ বিশ্বের সেরা টি-টোয়েন্টি বোলার। ক্রিকেটপ্রেমীরা আশা করছেন, আগামী দিনে আরও বহু স্মরণীয় পারফরম্যান্স উপহার দেবেন বরুণ।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Asia Cup Pakistan India Match | সুপার ফোরে পাকিস্তান, রবিবার এশিয়া কাপে ফের মহারণ ভারত-পাকিস্তান



