শর্মিষ্ঠা সাহা মৈত্র, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma) ভারতীয় ক্রিকেট ও বলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটি ‘বিরুষ্কা’। তাঁদের একসঙ্গে উপস্থিতি সবসময়ই ভক্তদের কৌতূহল বাড়ায়। তবে সম্প্রতি তাঁদের নিয়ে উঠে এলো এক চমকপ্রদ ঘটনা, যা প্রকাশ করেছেন ভারতীয় মহিলা ক্রিকেটার জেমাইমা রড্রিগেজ (Jemimah Rodrigues)। তাঁর দাবি, নিউজিল্যান্ডের একটি ক্যাফে থেকে একসময় বের করে দেওয়া হয়েছিল বিরুষ্কাকে। ঘটনাটি এতটাই অপ্রত্যাশিত ছিল যে, স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) থেকে জেমাইমা, সকলে অবাক হয়েছিলেন।
আরও পড়ুন : Virat Kohli | জীবন বদলে দেওয়া তিন বই পড়ে বিরাট হলেন ‘বিরাট’

ওই প্রসঙ্গে জেমাইমা এক সাক্ষাৎকারে বলেন, “সেই সময় আমরা নিউজিল্যান্ড সফরে ছিলাম। আমি আর স্মৃতি ব্যাটিং নিয়ে কিছু পরামর্শ নিতে চেয়েছিলাম। তখন কোহলি আমাদের ডেকেছিলেন হোটেলের ক্যাফেতে। সেখানে আমরা দেখা করি। অনুষ্কা দিদিও আমাদের সঙ্গে যোগ দেন।”

ক্রিকেটের পাশাপাশি জীবনের নানা দিক নিয়ে সেদিন প্রায় দীর্ঘ সময় ধরে আলাপচারিতা চলেছিল তাঁদের মধ্যে। জেমাইমা জানিয়েছেন, বিরাট কোহলি শুধু পুরুষদের ক্রিকেট নয়, মহিলাদের ক্রিকেট নিয়েও যথেষ্ট উৎসাহী। তিনি নাকি সেদিন স্মৃতি ও জেমাইমাকে বলেছিলেন, “তোমরা দু’জনেই মহিলা ক্রিকেটে পরিবর্তন আনতে পারো। আমি বিশ্বাস করি তোমাদের ক্ষমতা আছে খেলাটাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার।” এই মন্তব্যে উজ্জীবিত হয়েছিলেন দুই তরুণী ক্রিকেটার।

শুরুতে ক্রিকেট নিয়ে আলোচনা হলেও ধীরে ধীরে আলাপ গড়ায় ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থেকে জীবনদর্শন পর্যন্ত। জেমাইমার কথায়, “আমাদের মনে হচ্ছিল যেন বহুদিন পর দেখা হওয়া চার বন্ধু গল্পে মেতে আছি। কথার শেষই হচ্ছিল না।”

কিন্তু সেই নিরবচ্ছিন্ন আড্ডার পরিণতিতে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা ধরে কথোপকথন চলার পর ক্যাফে কর্তৃপক্ষ তাঁদের অনুরোধ জানায় টেবিল ছেড়ে দিতে। কারণ, দীর্ঘক্ষণ ধরে একই জায়গায় বসে থাকায় অন্য অতিথিদের অসুবিধা হচ্ছিল। বাধ্য হয়েই বিরাট, অনুষ্কা, জেমাইমা ও স্মৃতি ক্যাফে ছেড়ে বেরিয়ে আসেন। এই প্রসঙ্গে জেমাইমা হাসতে হাসতে বলেন, “আমাদের যদি সেদিন ক্যাফে থেকে না তাড়ানো হতো, তাহলে হয়ত আরও ক’য়েক ঘণ্টা গল্প চলত।”

এমন ঘটনার খবর সামনে আসতেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে তুমুল আলোচনা শুরু হয়েছে। কারণ, সাধারণত বিরাট-অনুষ্কা সবসময় আলোচনার কেন্দ্রবিন্দু হলেও তাঁদের নিয়ে ক্যাফে থেকে তাড়িয়ে দেওয়ার মতো ঘটনা বিরল।
অনেকেই সামাজিক মাধ্যমে লিখেছেন, এই ঘটনা বিরুষ্কার বাস্তব জীবনের সরলতারই প্রমাণ দেয়। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিরাট কোহলি ইংল্যান্ডে রয়েছেন এবং সেখানেই নিজের ফিটনেস টেস্ট সম্পন্ন করেছেন। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে যখন রোহিত শর্মা (Rohit Sharma), শুভমন গিল (Shubman Gill) সহ একাধিক ক্রিকেটার পরীক্ষায় অংশ নেন, তখন অনুপস্থিত ছিলেন বিরাট। ফলে এই নতুন তথ্য সামনে আসতেই ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।

একই সঙ্গে, জেমাইমার এই খোলামেলা মন্তব্য প্রমাণ করছে যে, ক্রিকেটের বাইরেও বিরাট কোহলি তরুণ ক্রিকেটারদের পাশে দাঁড়াতে কতটা আগ্রহী।

বিশেষত মহিলা ক্রিকেটের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি এবং উৎসাহ অনেককে অনুপ্রাণিত করবে। আর বিরুষ্কার এই ক্যাফে ঘটনা নিঃসন্দেহে আগামীদিনেও আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে থাকবে।
সব ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Virat Kohli Rohit Sharma future in Indian team | পুরোপুরি প্রাক্তন? বিরাট-রোহিত যুগ কী শেষের পথে, উঠছে নতুন প্রশ্ন ভারতীয় ক্রিকেটে




