মেধা পাল ★ সাশ্রয় নিউজ ডেস্ক : বলিউডের সাহসী কণ্ঠস্বর হিসেবেই বারবার উঠে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। নিজের জীবন, পছন্দ, মতামত নিয়ে কখনও আপস করেননি তিনি। আর তাই সম্প্রতি তাঁর একটি পুরনো সাক্ষাৎকার ফের উঠে এল আলোচনায়। যেখানে নায়িকা খোলাখুলি বলেছিলেন, ‘আমি যদি ছেলে হতাম, অনেক সুবিধে হতো। মেয়ে হয়ে আমি একদমই ভাল নেই।’ শুধু কথার ঝাঁজ নয়, কথার পেছনে ছিল যুক্তিও। আর এই স্পষ্টবাদিতা নিয়েই ফের চর্চার কেন্দ্রে নায়িকা।

প্রিয়াঙ্কা চোপড়া এই মন্তব্য করেছিলেন একটি পুরনো টক-শো-তে, যেখানে সঞ্চালনায় ছিলেন সিমি গেরেওয়াল (Simi Garewal)। মেকআপ করতে করতেই অভিনেত্রী বলে ফেলেছিলেন, মেয়েদের জীবনে সাজগোজ ও পোশাক নিয়ে যত বিধিনিষেধ, তা নাকি তাঁকে একপ্রকার অস্বস্তিতে ফেলে। তাঁর মতে, পুরুষদের তুলনায় মহিলাদের উপর সামাজিক ও পেশাগত চাপ অনেক বেশি, বিশেষ করে গ্ল্যামার দুনিয়ায়। ‘ছেলেরা যখন খুশি একটি জিন্স আর টি-শার্ট পরে বেরিয়ে পড়তে পারে। কিন্তু মেয়েদের কী করতে হয় জানেন? চুলে কী রঙ করা হয়েছে, মেকআপ ঠিক আছে কি না, জামাটা ঠিকভাবে বসছে কি না, পা সোজা করে বসেছি তো, এমন হাজারটা চিন্তা মাথায় রাখতে হয়,’ বলেছেন প্রিয়াঙ্কা। তাঁর কথায়, পোশাক ও সাজপোশাক মেয়েদের জন্য একপ্রকার সামাজিক চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, ‘পুরুষদের ফর্মাল লুক অনেক সহজ। কিন্তু আমাদের মেকআপ আর সাজের পেছনে ঘণ্টার পর ঘণ্টা যায়।’ এ প্রসঙ্গে তিনি স্বীকার করেছেন, একজন অভিনেত্রী হিসেবে তাঁকেও প্রতিনিয়ত সেই ‘পারফেক্ট লুক’ বজায় রাখতে হয়। কিন্তু সেটা মোটেই সুখকর নয় তাঁর কাছে। প্রিয়াঙ্কার এই বক্তব্য অনেকের কাছেই সাহসী মনে হলেও, কেউ কেউ একে কটাক্ষ করতেও ছাড়েননি। তবে এই প্রথম নয়। প্রিয়াঙ্কা চোপড়া বরাবরই খোলামেলা মন্তব্য করে আলোচনায় এসেছেন। নিজের গায়ের রঙ, শরীরী গঠন, আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় অভিনেত্রী হিসেবে লড়াই, কোনও কিছুই তিনি চেপে রাখেননি। এবারও তিনি স্পষ্ট করেই জানালেন, মেয়ে হয়ে তাঁর একপ্রকার ক্লান্তি জন্মেছে এই সমাজের সৌন্দর্য ও পোশাকের কাঠামো থেকে।

প্রিয়াঙ্কার কথার মাঝেই আরও একটি বিষয় উঠে আসে, ফ্যাশন ও জনপ্রিয়তা। কারণ, এই একই প্রিয়াঙ্কা চোপড়া আজকের দিনে আন্তর্জাতিক ফ্যাশন আইকন। তাঁর লুক, পোশাক, রেড কার্পেট স্টাইল আজও লক্ষ লক্ষ অনুরাগীর অনুপ্রেরণা। অথচ তিনিই বলছেন, এই সাজগোজই তাঁকে অস্বস্তিতে ফেলে!সমালোচকদের কেউ কেউ বলছেন, এই মন্তব্য খানিকটা দ্বিমুখী। কারণ, যাঁর ফ্যাশনকে কেন্দ্র করেই তৈরি হয় ট্রেন্ড, তিনিই যদি সাজগোজ নিয়ে অভিযোগ করেন, তবে তা স্রেফ ‘অভিনেত্রীর অভ্যন্তরীণ দ্বন্দ্ব’ বলেই ধরা উচিত। তবে অনেকে আবার বলছেন, একজন নারী তার মত প্রকাশ করতেই পারেন, সে যতই জনপ্রিয় হন না কেন।

স্পষ্ট, প্রিয়াঙ্কা চোপড়া শুধু একজন অভিনেত্রীই নন, তিনি দৃষ্টান্ত স্বাধীনতা, আত্মবিশ্বাস ও চ্যালেঞ্জের মুখে সাহসের। তাঁর বক্তব্যে হয়ত বিরোধিতা আছে, কিন্তু সেই সুরে উঠে এসেছে আজকের সমাজে একজন নারীর প্রতিদিনের সংগ্রামের বাস্তব ছবি।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Priyanka Chopra Loneliness | জাঁকজমক জীবনের আড়ালে গভীর নিঃসঙ্গতা, ‘মধ্যরাতে কথা বলার কেউ ছিল না’ : প্রিয়াঙ্কা চোপড়া




