শুভ্রাংশু চন্দ ★ সাশ্রয় নিউজ ডেস্ক : অংশুল কম্বোজ (Anshul Kamboj)। মাত্র ক’য়েক বছর আগেও বাবা উধম সিংহ (Udham Singh) ওজন কমানোর জন্য তাঁকে ক্রিকেট মাঠে পাঠিয়েছিলেন। আজ সেই অংশুলই ভারতের টেস্ট দলে। বুধবার ইংল্যান্ডের (England) বিরুদ্ধে চতুর্থ টেস্টে অভিষেক হল ২৩ বছরের এই ডানহাতি মিডিয়াম পেসারের। অথচ টেস্ট দলে শুরুতে তাঁর নামই ছিল না। ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলতে গিয়ে দেশে ফিরে এসেছিলেন। কিন্তু আকাশদীপ (Akashdeep), অর্শদীপ সিংহ (Arshdeep Singh) চোট পাওয়ায় তড়িঘড়ি ডাকা হল অংশুলকে। তিনি মুকেশ কুমার (Mukesh Kumar) ও হর্ষিত রানার (Harshit Rana) পরিবর্তে নির্বাচকদের পছন্দ হন।
অংশুলের জন্ম ২০০০ সালের ৬ ডিসেম্বর। অনিল কুম্বলে (Anil Kumble)-র মতো তাঁরও টেস্ট অভিষেক ঘটল ম্যাঞ্চেস্টারে (Manchester)। কাকতালীয়ভাবে দু’জনেরই প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির রয়েছে। ২০২২ সালে ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জি অভিষেকে হরিয়ানার (Haryana) এই পেসার সবাইকে চমকে দিয়েছিলেন। এর আগে প্রেমাংশু চট্টোপাধ্যায় (Premangshu Chattopadhyay) ও প্রদীপ সুন্দরম (Pradeep Sunderam)-এর পর তিনিই ইনিংসে ১০ উইকেট নেওয়া বিরল কৃতিত্ব অর্জন করেন। এখনও পর্যন্ত ২৪টি প্রথম শ্রেণির ম্যাচে ৭৯টি উইকেট আছে তাঁর ঝুলিতে। ২০২৩ সালের বিজয় হাজারে ট্রফিতেও (Vijay Hazare Trophy) নজর কেড়েছেন অংশুল। ১০ ম্যাচে ১৭ উইকেট নেন। প্রথম বার হরিয়ানা ট্রফি জেতে। আইপিএল-এ (IPL) মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে অভিষেক হলেও, এ বছর চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) তাঁকে ৩.৪ কোটি টাকায় কিনেছে। ১১ ম্যাচে ১০ উইকেট পেয়েছেন। তাঁর লেংথে মুগ্ধ কোচ স্টিফেন ফ্লেমিং (Stephen Fleming)। তিনি বলেন, ‘অংশুলের বল পিছলে আসে। স্পিড গান যা দেখায়, তার থেকেও জোরে বল করে। লেংথটাই ওর বড় শক্তি।’ মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)-ও খুশি। ধোনির কথায়, ‘কম্বোজ সুইং পায় না, কিন্তু সিমের নড়াচড়া অসাধারণ। বল গ্লাভসে আসার সময় যথেষ্ট গতি থাকে।’ অংশুলের কোচ সতীশ রানা (Satish Rana) জানান, ওজন কমানোর জন্যই ক্রিকেট শেখাতে শুরু করেছিলেন। তিনি বলেন, “উধম সিংহজি (Udham Singh) বলেছিলেন ওর ওজন বেশি, বল করালে কমবে। কে জানত একদিন ভারতের হয়ে খেলবে! আজ কঠোর পরিশ্রম, শৃঙ্খলা আর দায়বদ্ধতার নিখুঁত উদাহরণ হয়ে উঠেছে অংশুল।’ সতীশ আরও জানান, ভারত ‘এ’ দলে সুযোগ না পেয়ে দেশে ফিরেও দমেনি। ইংল্যান্ড থেকে ডিউক বল সঙ্গে করে এনে স্টাম্প লক্ষ্য করে বল করে গিয়েছেন।
অংশুলের বাবা উধম সিংহও গর্বিত। বারবার মৃগীরোগে আক্রান্ত হওয়া এই মানুষটি বলেছেন, ‘ওকে খেলাতে শুরু করেছিলাম ওজন কমানোর জন্য। কখনও ভাবিনি ভারতের জার্সি গায়ে দেবে।’ অংশুলের ভাই সান্যম (Sanyam) জানান, ‘আমি বাবাকে এত হাসতে কখনও দেখিনি। দাদাকে ছাড়তে যেতে পারিনি। মা হাসপাতালে ভর্তি ছিলেন। দাদা ফিরলে জমিয়ে মজা করব।’ অংশুলের ক্রিকেট জীবন শুরু হয় ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের (U19 World Cup) আগে চোট পেয়ে দল থেকে বাদ পড়ার হতাশা থেকে। সেই সময়ও বাবা তাঁকে সমর্থন করেছিলেন। সতীশ বলেন, ‘তখন ও ক্রিকেট ছেড়ে দিতে চেয়েছিল। উধম সিংহজি বলেছিলেন, লেংথে বল করে যা।’ আজ সেই লেংথই তাঁর অস্ত্র। রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) বলেছেন, ‘অংশুল পরিকল্পনা বুঝে বল করে। এই প্রতিভা সবার থাকে না।’ হরিয়ানার প্রাক্তন কোচ অমরজিৎ কেপি (Amarjeet KP) বলছেন, ‘ও খুবই বুদ্ধিমান, কম কথা বলে, কিন্তু জানে কী করতে হবে। লম্বা স্পেল করতেও ভয় পায় না। ইংল্যান্ডে ভারতের বড় সম্পদ হতে চলেছে অংশুল কম্বোজ।’
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Brendon McCullum England India Test | ‘ভাল মানুষ হয়ে থাকলে হবে না’, ব্রেন্ডন ম্যাকালাম -এর কড়া বার্তা



