MS Dhoni fitness tips | ‘তরুণরা পরিশ্রম করছে না, তাই চোট বাড়ছে’ মহেন্দ্র সিং ধোনি

SHARE:

নবারুণ দাস, সাশ্রয় নিউজ ডেস্ক ✪ রাঁচী : ৪৪ বছর বয়সেও যেখানে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) দিব্যি আইপিএল খেলে যাচ্ছেন, সেখানে ভারতের উঠতি তারকারা চোটের সমস্যায় জর্জরিত। আকাশদীপ (Akash Deep), নীতীশ রেড্ডি (Nitish Reddy), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)-দের চোটের তালিকা দিন দিন বড় হচ্ছে। সম্প্রতি রাঁচীতে নিজের শহরে এক অনুষ্ঠানে ধোনিকে এই বিষয়েই প্রশ্ন করা হয়েছিল। ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক স্পষ্ট জানিয়ে দেন, এর পিছনে দায়ী তরুণ প্রজন্মের ফিটনেস ও পরিশ্রমের অভাব। ধোনির কথায়, ‘এখনকার দিনে তরুণ প্রজন্মের ফিটনেস কমে যাচ্ছে। কারণ, শারীরিক পরিশ্রম কম হচ্ছে। কেউ খেলাধুলো করতে চায় না। সেই কারণে গোটা ভারতের তরুণদের ফিটনেস কমছে।’ তিনি আরও যোগ করেন, ‘এমনকী, আমার মেয়ে জিভা (Ziva) পর্যন্ত শারীরিক পরিশ্রম করে না। ও কোনও খেলাধুলো করতে চায় না। আমাদের ভাবতে হয়, কীভাবে ওকে ব্যস্ত রাখব। দৌড়ঝাঁপ না করলে শরীর ফিট হবে না। সেটা সকলকেই বুঝতে হবে।’

ধোনির এই মন্তব্যে ফের একবার উঠে এল ক্রিকেটারদের ক্রমবর্ধমান চোটের সমস্যা। চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়া সফরে পিঠের চোটের জন্য সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন আকাশদীপ (Akash Deep)। তিনি আইপিএলের শুরুতেও খেলতে পারেননি। পরে দলে ফিরে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে দু’টি টেস্ট খেলেন। কিন্তু ফের পিঠের ব্যথা শুরু হয়েছে। ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে তাঁর খেলার সম্ভাবনা কম। নীতীশ রেড্ডি (Nitish Reddy)-র অবস্থাও আলাদা নয়। আইপিএলের আগেই চোট পান তিনি। ফলে প্রথমদিকে বল করতে পারেননি। ইংল্যান্ড সফরে দু’টি টেস্ট খেলার পর জিমে গিয়ে চোট পান ও পুরো সিরিজ থেকেই ছিটকে যান। দেশে ফিরে পুনর্বাসন শুরু করতে হয়েছে তাঁকে। পিঠের চোট ভুগিয়েছে জসপ্রীত বুমরাহকেও (Jasprit Bumrah)। চলতি সিরিজে তিনটির বেশি তিনি টেস্ট খেলতে পারবেন না বলে উল্লেখ। হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)-র ক্ষেত্রেও ছবিটা ভয়াবহ। কোমরের চোটে লাল বলের ক্রিকেট কেরিয়ার প্রায় শেষ হয়ে গিয়েছে তাঁর। এই পরিস্থিতিতে ধোনির (MS Dhoni) বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, ছোটবেলা থেকে শারীরিক পরিশ্রম ও খেলাধুলোর অভ্যাস না থাকলে আন্তর্জাতিক স্তরের চাপে বারবার চোট পাওয়াই স্বাভাবিক। দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক কেরিয়ার ও আইপিএলে লাগাতার পারফর্ম করা ধোনির ফিটনেস মন্ত্রের কথা ক্রিকেট দুনিয়ায় সুবিদিত। হাঁটুর অস্ত্রোপচারের পরও ২০ ওভার দাঁড়িয়ে উইকেটের পিছনে থাকা সহজ কথা নয়। ধোনির পরামর্শ, ‘ছোটবেলা থেকেই খেলাধুলা ও পরিশ্রমের অভ্যাস করতে হবে। না হলে শরীর সামলানো যাবে না।’ ধোনির এই বার্তা শুধু আকাশদীপ বা নীতীশদের জন্য নয়, আগামী দিনের প্রতিটি ক্রিকেটারের জন্যই গুরুত্বপূর্ণ। কারণ, ফিটনেসের অভাব আন্তর্জাতিক ক্রিকেটে বড় বাধা। ধোনির জীবন ও কেরিয়ারই এর বড় প্রমাণ।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Himachal landslide 2025, Dog Saves Lives | কুকুরের তৎপরতায় বাঁচল ৬৭ প্রাণ! হিমাচলে ধসের আগে সতর্ক করে ‘নীরব নায়ক’

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন