Tripura : ত্রিপুরা থিয়েটার ২০২৩-এর মোড়ক উন্মোচন

SHARE:

ত্রিপুরা থিয়েটার ২০২৩-এর মোড়ক উন্মোচন

সাশ্রয় নিউজ ★ আগরতলা : মহালয়ার পুণ্য লগ্নে আজ শনিবার পুরনো আরএমএস চৌমুহনী সংলগ্ন সন্তোষ মার্কেটের ভূমিতলে ত্রিপুরা থিয়েটারের মহড়া ঘরে সংস্থার গবেষণাধর্মী মুখপত্র ত্রিপুরা থিয়েটার ২০২৩-এর মোড়ক উন্মোচন করা হল। অনুষ্ঠানের শুরুতেই ত্রিপুরা থিয়েটারের শিল্পীবৃন্দ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। ত্রিপুরা থিয়েটারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওড়িশা হাইকোটের মাননীয় বিচারপতি শুভাশিস তলাপাত্র। সঙ্গে ছিলেন এন এস এর ডিরেক্টর হরনাথ ঝা, ও এনএসডি আগরতলা শাখার প্রাক্তন অধিকর্তা বিজয় কুমার সিংহ। স্বাগত ভাষণ দেন সংস্থার সম্পাদক কমল মজুমদার। নাট্যগ্রন্থ নিয়ে আলোচনা করেন সম্পাদক বিভু ভট্টাচার্য। মুখ্য অতথি তাঁর বক্তব্যে বলেন, পৃথিবীজুড়ে যে নাটকের বিকাশ ঘটেছে তার মূল কথা হল কিছু কথা বলা। পৃথিবীর সব নাটকের উদ্দেশ্য হল নির্দিষ্ট বক্তব্যের প্রকাশ করা। নাটককে প্রথম রাজনৈতিকভাবে ব্যবহার করে ধর্মীয় প্রতিষ্ঠান। ইউরোপে চার্চ তাদের বক্তব্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবার জন্য নাটককে ব্যবহার করে। ভারতীয় পটের গানের মতো বা সঙের নাটকের মতো ইতালিতেও এধরণের ছোট ছোট রাজনৈতিক ঘটনা অবলম্বনে নাটক অভিনীত হতো। তারপর তিনি পৃথিবীর তিনটি বিখ্যাত ট্র‍্যাজেডি সফোক্লিসের ওয়েদিপাউস, শেক্সপিয়ারের ম্যাকবেথ ও রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকের বিস্তারিত আলোচনা করেন। এই অনুষ্ঠানে নাট্যমোদি বিশিষ্টজনেরা, সাহিত্যপ্রেমীরা উপস্থিত ছিলেন। ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment