আদালতের নির্দেশে আপাতত স্বস্তিতে অভিষেক
সাশ্রয় নিউজ ★ কলকাতা : হাইকোর্টে স্বস্তি অভিষেকের। তাঁর বিরুদ্ধে আপাতত নিয়োগ দুর্নীতি মামলায় কোনও বড় পদক্ষেপ ইডি নিতে পারবে না। সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হওয়ার পরে ইডি নতুন কোনও তথ্য জোগাড় করতে পারেনি। সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ কলকাতা হাইকোর্ট-এর। সেই সঙ্গে হাইকোর্ট-এর এ-ও জানায়, তদন্তে কোনও হস্তক্ষেপ করছে না হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর বিরুদ্ধে এফআইআর করতে পারে। সেই নির্দেশের পরে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ-এর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আবেদন বিচারপতি খারিজ করে দিলেও, নির্দেশ দেন ইডি তাঁর বিরুদ্ধে আপাতত কোনও পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। এও স্পষ্ট করে কলকাতা হাইকোর্ট, যেহেতু নিয়োগ দুর্নীতি মামলাটি প্রাথমিক অবস্থায় আছে ইডির তদন্ত তাই ইসিআইআর খারিজ করেনি কোর্ট।
-ফাইল চিত্র




