মধ্যরাতের চিঠি প্রসঙ্গে রহস্য জিইয়ে রাখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
সাশ্রয় নিউজ ★ কলকাতা : উপাচার্য নিয়োগ সংক্রান্ত রাজ্য ও রাজ্যপালের ভেতর সংঘাতের মাঝে চিঠি রহস্য জিইয়েই থাকল! প্রসঙ্গত, ১০ সেপ্টেম্বর রাতে রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস দিল্লি ও নবান্নে মুখবন্ধ চিঠি পাঠান। সেই চিঠি রহস্যকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে রাজ্য। কী ছিল সেই চিঠিতে? মুখ্যমন্ত্রীর স্পেন যাত্রার আগে পাঠানো ওই চিঠি সম্পর্কে রাজ্যপাল বলেছিলেন, মুখ্যমন্ত্রী বিদেশ যাচ্ছেন, তাঁকে টেনশন দিতে চান না। তিনি আরও বলেছিলেন, “মুখ্যমন্ত্রী এখন বিদেশে, সুদূর স্পেনে যাচ্ছেন। এখনই কিছু বলব না।” আজ শুক্রবার সাংবাদিকদের রাজ্যপাল সেই চিঠি প্রসঙ্গে বলেন, “দু’টি চিঠির উত্তর পাওয়া নিয়ে পরিস্থিতি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তা দুই সাংবিধানিক সহকর্মীর মধ্যে থাকাই বাঞ্ছনীয়। তবে ওই চিঠি দু’টি আর মিস্ট্রি নয়, হিস্ট্রি হয়ে গিয়েছে।” উল্লেখ্য যে, উপাচার্য নিয়োগ সংক্রান্ত সার্চ কমিটি গঠন নিয়ে বলতে গিয়ে প্রসঙ্গক্রমে রাজ্যপাল বোস মধ্যরাতের দু’টি চিঠির বিষয়ে বলেন। রাজ্যের ওয়াকিবহাল মহলের দাবী, রাজ্যপাল সিভি আনন্দ বোস নবান্ন ও দিল্লিকে মধ্যরাতে পাঠানো চিঠি বিষয়ে এহেন মন্তব্য করে একপ্রকার রহস্যই জিইয়ে রাখলেন!




