হুগলির বৈদ্যবাটিতে চোখ রাঙাচ্ছে গঙ্গা ভাঙন
সাশ্রয় নিউজ ★ হুগলি : হুগলির বৈদ্যবাটিতে চোখ রাঙাচ্ছে গঙ্গা ভাঙন। একদিকে চৈত্র দাবদাহ অন্যদিকে গঙ্গা ভাঙন! অনিশ্চিত জীবনযাপন করছেন বৈদ্যবাটির বাজবংশী পাড়ার বেশ কিছু বাসিন্দা। গঙ্গা ভাঙনে তলিয়ে গিয়েছে গঙ্গাঘাট সহ বেশ কিছু বাড়ি। এই প্রাকৃতিক বিপর্যয়ে পরিবারগুলি ঠাঁইহীন হয়ে পড়েন। গঙ্গা সংলগ্ন বেশ কিছু বাড়িতে নতুন করে দেখা দেয় ফাটল। আতঙ্ক বাড়ে এলাকার মানুষদের। স্থানীয় পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতোর কথায়, “ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিদর্শন করি। ইতিমধ্যেই আমরা কেএমডিএ ও সেচ দফতরকে চিঠি দিয়ে জানিয়েছি। স্থানীয় বিধায়ক সেচ দফতরকে চিঠি দিয়ে জানিয়েছিলেন। সেচ দফতরের ইঞ্জিনিয়ররা এসে মাপজোক করে যান। এরপর আর কিছুই হয়নি। ইতিমধ্যে ভেঙে গিয়েছে ঘাট। ওই এলাকার যে সমস্ত বাড়িগুলি রয়েছে সেগুলিতেও ফাটল দেখা দিয়েছে। বিধায়ককে জানাব সেচ দফতরের ইঞ্জিনিয়ররা যে ডিপিআর তৈরি করেছে তা যেন দ্রুত হয়। প্রয়োজনে মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গেও কথা বলব, যাতে ভাঙন রোধ করা যায়।” এলাকার মানুষদের ক্ষোভ, “ভাঙনরোধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাঁদের দাবি, যুদ্ধকালীন তৎপরতায় ভাঙন রোধে ব্যবস্থা নিতে হবে। গৃহহীনদের রাজনৈতিক রঙ না দেখে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করুন সরকার।”




