SHARE:

আদালতে হাজিরার নির্দেশ শুভেন্দুকে

সাশ্রয় নিউজ ★ কলকাতা : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের আনা মানহানির মামলায় শুক্রবার শুভেন্দু অধিকারীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল আলিপুর আদালত। এবার তৃণমূল নেতা তথা বিধাননগরের মেম্বার ইন কাউন্সিল দেবরাজ চক্রবর্তীর আনা মানহানির মামলায় শনিবার শুভেন্দু অধিকারীকে বিধাননগর আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিধাননগর আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আগামী ২১ জানুয়ারি আদালতে সশরীরে হাজির হয়ে শুভেন্দুকে মন্তব্যের কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন বিধাননগর আদালতের বিচারক। দেবরাজ চক্রবর্তীর আইনজীবী শুভজিৎ সাহা বলেন, ‘শুভেন্দু অধিকারী গত ২০ জুন ও ৭ সেপ্টেম্বর দেবরাজ চক্রবর্তী ও আরও কয়েকজনের নামে অসম্মানজনক মন্তব্য করেছেন। সেই মন্তব্যের বিরুদ্ধে শুভেন্দুকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। তবে তার কোনও জবাব পাওয়া যায়নি।’ উল্লেখ যে,  মামলাকারী দেবরাজ অভিযোগ করেন, ‘বিনা প্রমাণে তাঁর নাম করে সংবাদমাধ্যম ও জনসভায় মিথ্যা তথ্য তুলে ধরছেন শুভেন্দু। অসাধু উদ্দেশ্যে সমাজে তাঁকে হেয় করতে অপপ্রচার চালানো হচ্ছে।’ প্রসঙ্গত উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর বাবা ‘অমিত বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, গত ২০ জুন সংবাদমাধ্যমের সামনে শুভেন্দু দাবি করেছিলেন, তিনি নাকি এক হাজার কোটি টাকার মালিক। কিন্তু সেটা পুরোপুরি ভিত্তিহীন।’ 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন