WPL Bengaluru vs UP Warriorz, Smriti Mandhana, Grace Harris | হ্যারিস-স্মৃতির ব্যাটে ঝড়, ইউপি হারিয়ে ডব্লিউপিএলের শীর্ষে বেঙ্গালুরু

SHARE:

সুজয়নীল দাশগুপ্ত ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : মেয়েদের আইপিএলে ফের একবার নিজেদের আধিপত্য প্রমাণ করল বেঙ্গালুরু। গ্রেস হ্যারিস (Grace Harris) ও অধিনায়ক স্মৃতি মন্ধানার (Smriti Mandhana) দাপুটে ব্যাটিংয়ে ইউপি ওয়ারিয়র্জ়কে (UP Warriorz) ৯ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় ম্যাচ জিতে ডব্লিউপিএলের (WPL) পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এল স্মৃতির দল। অল্পের জন্য ১০ উইকেটের জয় হাতছাড়া হলেও, ৪৭ বল হাতে রেখে ম্যাচ শেষ করে বেঙ্গালুরু বুঝিয়ে দিল, এ মরসুমে তারা WPL 2026 শিরোপার অন্যতম দাবিদার। মনে রাখার বিষয় যে, ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল বেঙ্গালুরু। ইনিংসের প্রথম বলেই দীপ্তি শর্মাকে (Deepti Sharma) চার মেরে ম্যাচের সুর বেঁধে দেন গ্রেস হ্যারিস। পাওয়ার প্লে জুড়েই তিনি ইউপি বোলারদের উপর দাপট দেখান। চতুর্থ ওভারে ক্রান্তি গৌড়ের (Kranti Goud) ওভারে টানা তিনটি চার মারেন গ্রেস, যা দেখে গ্যালারির উত্তেজনা বাড়তে থাকে। তবে ম্যাচ কার্যত বেঙ্গালুরুর দিকে ঝুঁকে যায় ষষ্ঠ ওভারে।

আরও পড়ুন : Virat Kohli rejected Puma offer | পুমার ৩০০ কোটি টাকার অফার ফিরিয়ে দিয়ে ‘নতুন খেলায়’ নামলেন বিরাট কোহলি

ষষ্ঠ ওভারে বল করতে আসেন দিয়ান্দ্রা ডটিন (Deandra Dottin)। শুরুতেই নো বল থেকে চার মারেন গ্রেস। এরপরের পাঁচ বলে ৬, ৪, ৬, ৬ ও ৪ মোট ৩২ রান ওঠে সেই ওভার থেকে। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই বেঙ্গালুরুর স্কোর পৌঁছে যায় বিনা উইকেটে ৭৮ রানে। ওই সময়েই প্রায় নিশ্চিত হয়ে যায় ম্যাচের ফলাফল। ইউপি ওয়ারিয়র্জ়ের বোলাররা কোনও লাইন লেন্থ খুঁজে পাচ্ছিলেন না, আর বেঙ্গালুরু ব্যাটাররা নির্বিঘ্নে রান তুলে যাচ্ছিলেন। অর্ধশতরান পূর্ণ করার পরেও থামার লক্ষণ ছিল না গ্রেস হ্যারিসের মধ্যে। অন্য প্রান্তে, স্মৃতি মন্ধানা ধৈর্য ধরে খেলছিলেন, যেন গ্রেস যত বেশি সম্ভব বল খেলার সুযোগ পান। ১২তম ওভারে গ্রেসের সহজ ক্যাচ ফেলে দেন হরলীন দেওল (Harleen Deol), যা ইউপি-এর দুর্ভাগ্য আরও বাড়ায়। তবে সেই ওভারেই মেগ ল্যানিংয়ের (Meg Lanning) হাতে ক্যাচ দিয়ে ফেরেন গ্রেস। ৪০ বলে ৮৫ রানের ঝকঝকে ইনিংস খেলে গ্রেস মাঠ ছাড়েন। পরের ওভারেই ম্যাচ শেষ করে দেয় বেঙ্গালুরু। স্মৃতি অপরাজিত থাকেন ৪৭ রানে, দলের জয়ের সাক্ষী হয়ে।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় ইউপি -এর। পাওয়ার প্লে-র ৬ ওভারে মাত্র ৩৬ রান তোলে তারা এবং হারায় হরলীন দেওলের উইকেট। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও নিয়ন্ত্রিত ও সুইং নির্ভর বোলিং করেন লরেন বেল (Lauren Bell)। তাঁর বল বুঝতেই পারছিলেন না ইউপি-এর ব্যাটাররা। একাধিকবার বেঁচে গেলেও শেষ পর্যন্ত বেলের বলেই আউট হন হরলীন। পাওয়ার প্লে-র শেষ ওভারে স্মৃতি মন্ধানা শ্রেয়াঙ্কা পাতিলকে (Shreyanka Patil) আক্রমণে আনেন। সেই ওভারেই প্রায় মেগ ল্যানিংয়ের উইকেট তুলে নিয়েছিলেন শ্রেয়াঙ্কা। তবে রিপ্লেতে দেখা যায়, অরুন্ধতী রেড্ডি (Arundhati Reddy) বলটি বৈধ ভাবে ধরতে পারেননি। তাতেও ইউপি-র স্বস্তি বেশি ক্ষণ স্থায়ী হয়নি। ফিবি লিচফিল্ড (Phoebe Litchfield) কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিলেন। শ্রেয়াঙ্কার এক ওভারে দু’টি চার মারেন, পরে সুইচ হিটে একটি ছয়ও হাঁকান। কিন্তু পাওয়ার প্লে শেষ হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইউপি-এর ইনিংস। অষ্টম ওভারের শেষ বলে লিচফিল্ডকে ফিরিয়ে দেন শ্রেয়াঙ্কা। নবম ওভারের প্রথম দুই বলে নাদিন ডি ক্লার্ক (Nadine de Klerk) তুলে নেন কিরণ নবগীরে (Kiran Navgire, ৫) এবং শ্বেতা সেহরাবতকে (Shweta Sehrawat, ০)। মুহূর্তের মধ্যে ম্যাচ ইউপি-র হাত থেকে বেরিয়ে যায়। এরপর ধস সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক দীপ্তি শর্মা ও দিয়ান্দ্রা ডটিন। দু’জনে মিলে ৭২ বলে ৮৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ইউপি-র স্কোর সম্মানজনক জায়গায় পৌঁছে দেন। দীপ্তি পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে ৩৫ বলে অপরাজিত ৪৫ রান করেন। ডটিন তিনটি চার ও একটি ছয় মেরে ৩৭ বলে ৪০ রানে অপরাজিত থাকেন। তবে শেষ পর্যন্ত সেই জুটির রানও বেঙ্গালুরুর সামনে যথেষ্ট ছিল না।
বস্তুত, এই জয়ের ফলে টানা দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর স্মৃতি মন্ধানার বেঙ্গালুরু। ব্যাটিং-বোলিং দু’দিকেই ভারসাম্যপূর্ণ দল হিসেবে নিজেদের মেলে ধরেছে তারা। ডব্লিউপিএলের শুরুতেই শীর্ষে উঠে স্মৃতি ও তাঁর দল স্পষ্ট বার্তা দিয়ে দিল, এ মরসুমে ট্রফির দৌড়ে তারা অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন :Indian women cricketer Smriti Mandhana | স্মৃতি মন্ধানার পোশাক নিয়ে বিতর্ক, কাজকেই জীবনের একমাত্র অগ্রাধিকার বলেই ফের বার্তা ভারতীয় ক্রিকেট তারকার

Sasraya News
Author: Sasraya News