সুজয়নীল দাশগুপ্ত ★ সাশ্রয় নিউজ, মুম্বাই : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে এমন এক বিস্ফোরক সূচনা করল ওয়েস্ট ইন্ডিজ (West Indies), যা শুধু জয় নয় যেন প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশ্যে পরিষ্কার মেসেজ। ওয়াংখেড়ে স্টেডিয়ামে জিম্বাবোয়ের বিরুদ্ধে ১০৭ রানের দাপুটে জয় তুলে নিয়ে ক্যারিবিয়ানরা বুঝিয়ে দিল, বড় মঞ্চে তাদের ঐতিহ্য এখনও অটুট। ২৫৪ রানের পাহাড় গড়ে প্রতিপক্ষকে চূর্ণ করে তারা যেন বলল, ‘আমরাই ওয়েস্ট ইন্ডিজ (West Indies)’।
শ্রীলঙ্কার মাটিতে চমক দেখানো জিম্বাবোয়ে (Zimbabwe) ভারতের মাটিতে এসে প্রথম ম্যাচেই যেন খেই হারাল। টস জিতে জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দর রাজা (Sikandar Raza) ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিলেও সেই সিদ্ধান্তই বুমেরাং হয়ে দাঁড়ায়। শুরুতে দুই ওপেনার ব্র্যান্ডন কিং (Brandon King) ৯ ও অধিনায়ক শাই হোপ (Shai Hope) ১৪ রানে ফিরলেও, তারপর যা ঘটল তা একতরফা।তিন নম্বরে নেমে শিমরন হেটমায়ার (Shimron Hetmyer) যে ইনিংস খেললেন, তা এই বিশ্বকাপের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। মাত্র ১৯ বলে অর্ধশতরান পূর্ণ করে তিনি নতুন রেকর্ড গড়েন, টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের দ্রুততম ফিফটি। শেষ পর্যন্ত ৩৪ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংসে তিনি মারেন ৭টি চার ও ৭টি ছক্কা। শতরান হাতছাড়া হলেও তাঁর ব্যাটিং ঝড় ম্যাচের রাশ সম্পূর্ণ ঘুরিয়ে দেয়। হেটমায়ারের পাশে রভম্যান পাওয়েল (Rovman Powell) ছিলেন সমান দৃঢ়। শুরুতে আগল দিলেও পরে তিনিও আক্রমণে নামেন। ৩৫ বলে ৫৯ রানের ইনিংসে ৪টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়ে তিনি ইনিংসকে আরও শক্ত ভিত দেন। শেষের দিকে শারফেন রাদারফোর্ড (Sherfane Rutherford) ১৩ বলে অপরাজিত ৩১, রোমারিয়ো শেফার্ড (Romario Shepherd) ১০ বলে ২১ এবং জেসন হোল্ডার (Jason Holder) মাত্র ৪ বলে ১৩ রান যোগ করে স্কোরবোর্ডকে ৬ উইকেটে ২৫৪-এ পৌঁছে দেন।

এই ২৫৪ রান চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ দলগত সংগ্রহ। বিশ্বকাপ ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। একই সঙ্গে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে এটাই সর্বোচ্চ রান। ম্যাচে মোট ১৯টি ছক্কা হাঁকায় ক্যারিবিয়ানরা, টি-টোয়েন্টি বিশ্বকাপের এক ইনিংসে যৌথভাবে সর্বাধিক ছক্কার রেকর্ড। ২০১৪ সালে নেদারল্যান্ডসও আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৯টি ছক্কা মেরেছিল। জিম্বাবোয়ের বোলিং আক্রমণ কার্যত দিশেহারা। ব্লেসিং মুজারাবানি (Blessing Muzarabani) ৪২ রানে ২ উইকেট ও রিচার্ড নারাভা (Richard Ngarava) ৪৭ রানে ২ উইকেট নিলেও বাকিরা ছিলেন খরুচে। ব্র্যাড ইভান্স (Brad Evans) ও গ্র্যামি ক্রিমার (Graeme Cremer) একটি করে উইকেট পান। রাজা নিজে ৩ ওভারে ৫২ রান দেন, কোনও উইকেট না পেলেও পাওয়েলের একটি শট আটকাতে গিয়ে বাঁহাতের আঙুলে চোট পান। ভারতের বিরুদ্ধে পরের ম্যাচের আগে এই চোট জিম্বাবোয়ে শিবিরে বাড়তি উদ্বেগ তৈরি করেছে।
২৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবোয়ের শুরু থেকেই ভাঙন। তাদিওয়ানাশে মারুমানি (Tadiwanashe Marumani) ১৪, ব্রায়ান বেনেট (Brian Bennett) ৫ ও রায়ান বার্ল (Ryan Burl) শূন্য রানে ফিরলে চাপ আরও বাড়ে। ডিয়ন মেয়ার্স (Dion Myers) ১৫ বলে ২৮ ও রাজা ২০ বলে ২৭ রান করে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দিলেও প্রয়োজনীয় রানরেটের সঙ্গে পাল্লা দেওয়া সম্ভব হয়নি। মাঝে সাত নম্বরে নেমে ব্র্যাড ইভান্স ২১ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলে কিছুটা দর্শক মনোরঞ্জন করেন। ২টি চার ও ৫টি ছক্কার সেই ইনিংস জিম্বাবোয়ের স্কোরকে কিছুটা সম্মানজনক করে। শেষ উইকেটে নারাভাকে নিয়ে ৪৪ রান যোগ হলেও দল গুটিয়ে যায় ১৭.৪ ওভারে ১৪৭ রানে। বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের সাফল্যের নায়ক গুডাকেশ মোতি (Gudakesh Motie)। তিনি ২৮ রানে ৪ উইকেট তুলে জিম্বাবোয়ের মেরুদণ্ড ভেঙে দেন। আকেল হোসেন (Akeal Hosein) ৩টি ও ম্যাথু ফোর্ড (Matthew Forde) ২টি উইকেট নেন। হোল্ডার একটি উইকেট তুলে নেন।
এই জয়ের ফলে সুপার এইটের গ্রুপ ওয়ানে নেট রান রেটে শীর্ষে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার সমান ২ পয়েন্ট থাকলেও তাদের নেট রান রেট ৫.৩৫০, যা প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক বেশি। ভারত (India) ও জিম্বাবোয়ের এখনও কোনও পয়েন্ট নেই। নেট রান রেটে এগিয়ে থাকায় ভারত তৃতীয় স্থানে। গত বারের চ্যাম্পিয়ন ভারতের সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় অপরিহার্য। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও জিততে হবে। কিন্তু বর্তমান ফর্মে থাকা ক্যারিবিয়ানদের থামানো সহজ হবে না, এই ম্যাচেই তা পরিষ্কার বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ওয়েস্ট ইন্ডিজের এই পারফরম্যান্স শুধু পরিসংখ্যানের দিক থেকে নয়, মানসিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন পর বিশ্বমঞ্চে এমন আগ্রাসী, আত্মবিশ্বাসী ক্যারিবিয়ান ক্রিকেট দেখা গেল। সুপার এইটের শুরুতেই ১০৭ রানের জয় ভবিষ্যৎ ম্যাচগুলোর জন্য বড় বার্তা, ক্যারিবিয়ান ঝড় বইতে শুরু করেছে।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন :Shubman Gill dropped from T20 World Cup | টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভমন গিল নেই কেন? নীরবতা ভাঙলেন না গৌতম গম্ভীর, নির্বাচনের বার্তায় ইঙ্গিত স্পষ্ট




