সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : কলকাতা (Kolkata) ও তার আশপাশের জেলাগুলিতে ফের শীতের দাপট স্পষ্ট। চলতি শীতের মরসুমে বারবারই প্রমাণ মিলছে, শুধু উত্তরবঙ্গ (North Bengal) নয়, দক্ষিণবঙ্গ (South Bengal)ও ঠাণ্ডার লড়াইয়ে পাহাড়ি এলাকাকে টেক্কা দিতে পিছপা হচ্ছে না। শুক্রবার রাজ্যের আবহাওয়ায় সেই চিত্র আরও একবার স্পষ্ট হয়ে উঠল। কালিম্পং (Kalimpong) -এর মতো পাহাড়ি শহরের তুলনায় বীরভূম (Birbhum) ও নদীয়ার (Nadia) মতো সমতলের জেলা আরও বেশি শীতল হয়ে উঠেছে। ফলে দার্জিলিঙ (Darjeeling) -এর পর রাজ্যের দ্বিতীয় শীতলতম শহরের তকমাও চলে এসেছে দক্ষিণবঙ্গেই। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত দু’দিন ধরে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কিন্তু শুক্রবার তা আরও কমে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় দুই ডিগ্রি কম। শুধু রাতের তাপমাত্রাই নয়, দিনের বেলাতেও শীতের প্রভাব ছিল চোখে পড়ার মতো। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি ওঠেনি, যা গড়ের তুলনায় ১.৩ ডিগ্রি কম। শহরজুড়ে ভোরের দিকে ঠাণ্ডা হাওয়া ও হালকা কুয়াশা মিলিয়ে শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে।
দক্ষিণবঙ্গের বহু জেলায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছে। বীরভূমের শ্রীনিকেতন (Sriniketan) শুক্রবার নজর কাড়ে রাজ্যের অন্যতম শীতল স্থান হিসেবে। সেখানে পারদ নেমেছিল মাত্র ৭.৬ ডিগ্রি সেলসিয়াসে। পাহাড়ি এলাকার বাইরে সমতলে এমন তাপমাত্রা শীতপ্রেমীদের কাছে যেমন আকর্ষণীয়, তেমনই সাধারণ মানুষের কাছে বেশ কষ্টকর হয়ে উঠছে।

নদীয়ার কল্যাণীতে (Kalyani) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। ঝাড়গ্রামে (Jhargram) পারদ নেমেছে ৮.৮ ডিগ্রি, বাঁকুড়াতে (Bankura) ৮.৬ ডিগ্রি এবং আসানসোলে (Asansol) ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এর পাশাপাশি কলাইকুণ্ডায় (Kalaikunda) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুর-এ (Medinipur) ৯.১ ডিগ্রি এবং উলুবেড়িয়া (Uluberia) ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। উপকূলবর্তী দীঘায় (Digha) তাপমাত্রা নেমেছে ১০.১ ডিগ্রি সেলসিয়াসে। ক্যানিং (Canning), বহরমপুর (Berhampore), পুরুলিয়া (Purulia) ও ব্যারাকপুরে (Barrackpore) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পানাগড়-এ (Panagarh) পারদ নেমেছে ১০.৩ ডিগ্রি, সিউড়িতে (Suri) ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস। অন্য দিকে, পাহাড়ি কালিম্পংয়ে তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি, যা এই মুহূর্তে সমতলের কিছু অংশের তুলনায় বেশি। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিঙে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাত্র ৪ ডিগ্রি সেলসিয়াস, যা রাজ্যের মধ্যে সবচেয়ে কম। তবে দার্জিলিঙ ছাড়া উত্তরবঙ্গের অন্য শহরগুলিকে ছাপিয়ে শীতের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণবঙ্গেরই একটি শহর, যা আবহাওয়ার এই অস্বাভাবিক প্রবণতাকে আরও স্পষ্ট করে তুলছে।
শুধু ঠাণ্ডাই নয়, কুয়াশাও এখন বড় মাথাব্যথার কারণ। আবহাওয়া দফতর রাজ্যের প্রায় সর্বত্র কুয়াশার সতর্কতা জারি করেছে। উত্তরবঙ্গে দার্জিলিঙ, জলপাইগুড়ি (Jalpaiguri), কালিম্পং, কোচবিহার (Cooch Behar), উত্তর দিনাজপুর (Uttar Dinajpur), দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) ও মালদহতে (Malda) ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা ১৯৯ মিটার থেকে কমে ৫০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে বলে জানানো হয়েছে। এর ফলে সকালবেলা যান চলাচলে সমস্যা হতে পারে।দক্ষিণবঙ্গেও পরিস্থিতি খুব একটা আলাদা নয়। হুগলি (Hooghly), উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), পূর্ব বর্ধমান (Purba Bardhaman), পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman), নদীয়া, বীরভূম ও মুর্শিদাবাদ (Murshidabad) -এর একাধিক এলাকায় ভোরের দিকে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। দৃশ্যমানতা কমে ৫০ মিটারের আশেপাশে চলে আসতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস।তবে শীতপ্রেমীদের জন্য পুরোপুরি সুখবর নয়। আবহাওয়া দফতরের মতে, রাজ্যের সর্বত্রই ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে। আগামী তিন দিনে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব বেশি পরিবর্তন না হলেও, তার পরের তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ চড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, এই মুহূর্তে শীতের যে তীব্রতা অনুভূত হচ্ছে, তা খুব বেশি দিন স্থায়ী নাও হতে পারে। প্রসঙ্গত, চলতি শীতের মরসুমে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সঙ্গে পাল্লা দিয়ে শীতের রেকর্ড গড়ছে। কলকাতা থেকে শুরু করে বীরভূম, নদীয়া কিংবা বাঁকুড়া সব জায়গাতেই ঠাণ্ডা ও কুয়াশা মিলিয়ে শীতের আসল রূপ ধরা দিচ্ছে। দার্জিলিঙের পর রাজ্যের শীতলতম শহরের তালিকায় দক্ষিণবঙ্গের জায়গা করে নেওয়া নিঃসন্দেহে এবছরের শীতের অন্যতম চমক।
ছবি : প্রতীকী ও সংগৃহীত
আরও পড়ুন : International Kolkata Book Fair | বিশ্বসাহিত্যে বাঙালির স্বাক্ষর: কলকাতা বইমেলায় আন্তর্জাতিক লেখকদের সমাগম




