সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : দফায় দফায় পশ্চিমী ঝঞ্ঝা আর ঘন মেঘের দাপটে গত কয়েক সপ্তাহ ধরে কার্যত বিদায় নিয়েছিল শীত। দিনের বেলায় রোদের দাপটে আর রাতের উষ্ণতায় শীতের শেষ অধ্যায় যে খুব কাছেই, তা প্রায় নিশ্চিতই মনে হচ্ছিল। কিন্তু সেই ধারণাতেই এবার বড়সড় বদল আনছে আবহাওয়ার নতুন হিসেব। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটতে না কাটতেই ফের সক্রিয় হচ্ছে উত্তুরে হাওয়া। আর তার জেরেই পশ্চিমবঙ্গে ফের শীতের ‘কামব্যাক’-এর ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। কলকাতায় (Kolkata) পারদ নামতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচেও। পশ্চিমাঞ্চলের জেলা, বিশেষ করে পুরুলিয়া (Purulia), ঝাড়গ্রাম (Jhargram), বাঁকুড়া (Bankura) ও পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman)-এর মতো এলাকায় তাপমাত্রা আবারও ১০ ডিগ্রির কাছাকাছি নেমে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা।
হাওয়া অফিস সূত্রে খবর, আবহাওয়ার এই হঠাৎ বদলের নেপথ্যে মূল কারণ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ক্রমশ দুর্বল হয়ে যাওয়া। কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গের আকাশে মেঘের আনাগোনা থাকলেও ধীরে ধীরে তা কাটতে শুরু করবে। মেঘ সরে গেলেই উত্তর দিক থেকে শুষ্ক ও ঠান্ডা বাতাস বাংলার দিকে বইতে শুরু করবে। এই উত্তুরে হাওয়াই ফের রাতের দিকে শীতের আমেজ ফিরিয়ে আনবে বলে মত বিশেষজ্ঞদের। যদিও দিনের বেলায় তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না, সকাল-সন্ধের মধ্যে শীতের অনুভূতি আবারও অনুভূত হবে। বর্তমান পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। তবে পরবর্তী দুই দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। ফলে সকালের দিকে হালকা ঠান্ডা এবং সন্ধে নামলেই শীতের কামড় টের পাওয়ার সম্ভাবনা প্রবল।
বৃষ্টির প্রসঙ্গে আপাতত স্বস্তির খবরই দিচ্ছে আবহাওয়া দফতর। গোটা রাজ্য জুড়ে কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। গত ২৪ ঘণ্টাতেও পশ্চিমবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির রেকর্ড পাওয়া যায়নি। আগামী কয়েক দিনও আবহাওয়া থাকবে শুষ্ক। ফলে শীতের আমেজ ফিরলেও ভেজা ভাব বা ঝঞ্ঝার দাপটের আশঙ্কা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। হাওয়া অফিস সূত্রে, কুয়াশা নিয়ে কিছুটা সতর্কতার কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গের বেশ ক’য়েকটি জেলায় ভোর ও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম (Birbhum), দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), ঝাড়গ্রাম ও পুরুলিয়ার কিছু অংশে বৃহস্পতিবার সকালের দিকে কুয়াশার প্রভাব পড়তে পারে। উত্তরবঙ্গেও (North Bengal) পরিস্থিতি প্রায় একই রকম। দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি (Jalpaiguri), কোচবিহার (Cooch Behar) ও আলিপুরদুয়ার (Alipurduar)-এর কিছু জায়গায় ভোরের দিকে ঘন কুয়াশা দেখা দিতে পারে বলে পূর্বাভাস। আবহাওয়াবিদদের মতে, এই কুয়াশা মূলত রাতের তাপমাত্রা কমে যাওয়ার ফল। আকাশ পরিষ্কার থাকলে এবং বাতাসের গতিবেগ কম থাকলে ভোরের দিকে কুয়াশা ঘন হওয়ার সম্ভাবনা বাড়ে। ফলে সকালবেলায় রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
হাওয়া অফিস সূত্রে উল্লেখ যে, এই শীতের ‘কামব্যাক’ খুব দীর্ঘস্থায়ী হবে না বলেই ইঙ্গিত মিলছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ধীরে ধীরে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে। দিনের বেলায় রোদের তেজ বাড়বে, রাতের শীতও ধীরে ধীরে কমে যাবে। তবুও আপাতত কয়েক দিনের জন্য হলেও ফের শীতের স্বাদ পেতে চলেছেন বাংলার মানুষ। উল্লেখ্য যে, শীত বিদায় নিয়েছে, এমন ধারণা এখনই পুরোপুরি সত্যি নয়। উত্তুরে হাওয়ার জাদুতেই আবারও কয়েক দিনের জন্য শীতের প্রত্যাবর্তন ঘটতে চলেছে বাংলায়। সকালে হালকা কুয়াশা, সন্ধ্যায় ঠাণ্ডা হাওয়া আর রাতে কম পারদ, এই মিলিত আবহই ফের মনে করিয়ে দেবে শীত এখনও পুরোপুরি বিদায় নেয়নি।
ছবি : সংগৃহীত ও প্রতীকী
আরও পড়ুন : PM Narendra Modi on India US Trade Deal | ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’, দেশের প্রত্যেকেরই লাভ হবে: এনডিএ বৈঠকে ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর




