West Bengal Assembly Elections 2026, Mamata Banerjee speech | নবগ্রামে মমতার বিস্ফোরক অভিযোগ: ‘৪০ হাজার নাম বাদ’, বিজেপি-কংগ্রেসকে একসঙ্গে আক্রমণ

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের নবগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ আরও এক ধাপ বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার দলীয় প্রার্থীর সমর্থনে আয়োজিত জনসভা থেকে তিনি একযোগে বিজেপি (BJP) এবং কংগ্রেস (Congress) -এর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। ভোটার তালিকা সংশোধন (SIR) নিয়ে অভিযোগ তুলে তিনি বলেন, ‘শুধু সংখ্যালঘু নয়, হিন্দু-মুসলিম, এমনকী আদিবাসীদের নামও বাদ দেওয়া হয়েছে।’ নবগ্রামের সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, বিভিন্ন জেলায় পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘দিনহাটায় ৩০ হাজার নাম বাদ দেওয়া হয়েছে। ভবানীপুরে ৪০ হাজার নাম বাদ দিয়েছে। ভবানীপুরে উকুন বাছছে। তবু লড়ব, জিতবও।’ এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন : West Bengal Voting-politics2026: পশ্চিমবঙ্গের ভোট-রাজনীতি: এগিয়ে কে-বিজেপি, তৃণমূল, সিপিএম না কংগ্রেস? (আজ তৃতীয় কিস্তি)

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট জানান, তিনি ২৯৪টি আসনেই লড়াইয়ের জন্য প্রস্তুত এবং প্রতিটি কেন্দ্রে সংগঠনকে শক্তিশালী করতে নির্দেশ দেন। নবগ্রাম থেকে তাঁর এই বার্তা স্পষ্টভাবে কর্মীদের উজ্জীবিত করার উদ্দেশ্যেই দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। সভা মঞ্চে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গত পাঁচ বছরে নবগ্রাম বিধানসভা এলাকায় হওয়া উন্নয়নমূলক কাজের খতিয়ানও তুলে ধরেন। রাস্তা, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, প্রতিটি ক্ষেত্রেই রাজ্য সরকারের প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, ‘এত সামাজিক প্রকল্প বিশ্বে আর কোথাও পাবেন না।’ তাঁর বক্তব্যে লক্ষণীয় ছিল রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের প্রসঙ্গ, যা ভোটের আগে মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। যুব সমাজের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী জানান, শুধুমাত্র ভাতা দেওয়া নয়, কর্মসংস্থানের সুযোগও তৈরি করছে তাঁর সরকার। তিনি বলেন, ‘যুবসাথীদের কেবল ভাতা নয়, জীবিকারও ব্যবস্থা করে দেব।’ এই বার্তা যে তরুণ ভোটারদের লক্ষ্য করে দেওয়া হয়েছে, তা স্পষ্ট।

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও (Amit Shah) কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বলছে আমরা নাকি ডেমোগ্রাফি বদলে দিয়েছি। হরিদাস অমিত শাহ। আবার টেলিপ্রম্পটারে লিখে আনছে “আমার সুনার বাংলা”। বুঝতে পারবেন না খালি চোখে। পাতলা কাচের মতো জিনিস। তা দেখে বলছে। আর সুনার বাংলা এসআইআর-এর সময় হয়ে যাচ্ছে হত্যার বাংলা।’ এই মন্তব্যে রাজনৈতিক বাকযুদ্ধ আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু শুধু বিজেপি নয়, কংগ্রেসকেও এদিন আক্রমণের নিশানায় রাখেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ‘আমি অনেক বার বলেছিলাম, চলো সবাই মিলে নির্বাচন কমিশনে যাই, যাওনি। যখন এসআইআর হয়, এক বারও মানুষগুলোর দিকে ফিরে তাকাওনি। বুথ ক্যাম্প কে করেছিল? করেছিল তৃণমূলের বিএলএ-১, বিএলএ ২-রা।’

মুর্শিদাবাদ জেলা ঐতিহ্যগতভাবে কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। আসন্ন নির্বাচনে কংগ্রেস এককভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে এবং ইতিমধ্যেই ২৮৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। সেই প্রেক্ষাপটে নবগ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন। নবগ্রাম কেন্দ্রটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এখানে প্রতিটি দলের নজর রয়েছে। তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নিজেদের উন্নয়নমূলক কাজকে হাতিয়ার করে ভোটের লড়াইয়ে এগোতে চাইছে, অন্যদিকে বিজেপি (BJP) এবং কংগ্রেস (Congress) নিজেদের সংগঠনকে আরও শক্তিশালী করতে মরিয়া। নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে যে অভিযোগ সামনে এসেছে, তা রাজ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। মুখ্যমন্ত্রীর দাবি, বহু মানুষের নাম তালিকা থেকে বাদ পড়ায় গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদিও এই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

নবগ্রামের এই সভা থেকে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে বার্তা দিলেন, তা স্পষ্টভাবে নির্বাচনী কৌশলের অংশ বলেই মনে করা হচ্ছে। একদিকে উন্নয়নের খতিয়ান, অন্যদিকে বিরোধীদের বিরুদ্ধে সরাসরি আক্রমণ, এই দুই দিকেই তাঁকে সমান জোর দিতে দেখা গেল। ভোট যত এগিয়ে আসছে, ততই রাজ্যের রাজনৈতিক আবহাওয়া উত্তপ্ত হচ্ছে। মুর্শিদাবাদের মতো গুরুত্বপূর্ণ জেলায় এই ধরনের সভা যে নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Mamata Banerjee nomination Bhabanipur, WB Elections 2026 | ভবানীপুরে বড় লড়াইয়ের আগে মমতার মেগা মিছিল, ৮ এপ্রিল মনোনয়ন জমার সম্ভাবনা

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন