পার্বতী কাশ্যপ, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : অভিনেতা-অভিনেত্রীরা পর্দায় যখন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন, দর্শকের চোখে সেটি স্বাভাবিক মনে হলেও বাস্তবে সেই মুহূর্তের অস্বস্তি কিংবা বিব্রত অভিজ্ঞতা লুকনো থাকে ক্যামেরার আড়ালে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী বিদ্যা বালন (Vidya Balan) এমনই এক অভিজ্ঞতার কথা জানান, যা শুনে রীতিমতো চমকে উঠছেন নেটিজেনরা। বিদ্যা জানান, অভিনয়ের শুরুতে এক ঘনিষ্ঠ দৃশ্যে শুটিং করতে গিয়েই তাঁর তিক্ত অভিজ্ঞতা হয়েছিল। ওই সহ-অভিনেতার নাম না জানালেও, তার পরিচ্ছন্নতার অভাব তাঁকে যে কতটা অস্বস্তিতে ফেলেছিল, তা লুকাননি অভিনেত্রী। বিদ্যা বলেন, ‘ঘনিষ্ঠ দৃশ্যের আগে আমার সেই সহ-অভিনেতা চিনা খাবার খেয়ে এসেছিলেন। তার উপর দাঁতও মাজেননি। আমি মনে মনে বলেছিলাম, ‘আপনার কি বাস্তবে কোনও প্রেমিকা নেই?’

প্রসঙ্গত, সেই সময় বিদ্যা (Vidya Balan) ইন্ডাস্ট্রিতে নতুন। তাই সহ-অভিনেতাকে কিছু বলার সাহস পাননি। অভিনেত্রীর কথায়, ‘আমি তখন এই জগতে খুবই নতুন। তাই ওই অভিনেতাকে মিন্ট জাতীয় কিছু দেওয়ার সাহস পাইনি। ভয় পেয়েছিলাম।’ বিদ্যার এই বক্তব্য প্রকাশ্যে আসতেই অনেকে বলছেন, ঘনিষ্ঠ দৃশ্যের আগে ন্যূনতম সৌজন্য ও পরিচ্ছন্নতা বজায় রাখা প্রতিটি অভিনেতারই দায়িত্ব। এমন বিব্রতকর ঘটনার পাশাপাশি সুখকর অভিজ্ঞতাও রয়েছে অভিনেত্রীর ঝুলিতে। প্রথম ছবি ‘পরিণীতা’ (Parineeta)-র কথা মনে করে বিদ্যা বলেন, সহ-অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt)-এর ব্যবহার তাঁকে মুগ্ধ করেছিল। বিদ্যার ভাষায়, ‘পরিণীতা ছবিতে সঞ্জয় দত্তের সঙ্গে কাজ করার সময় ঘনিষ্ঠ দৃশ্যের আগে তিনিই নিজে এসে বলেছিলেন, তিনি ভয় পাচ্ছেন। কী ভাবে ঘনিষ্ঠ হবেন বুঝে উঠতে পারছেন না। স্বয়ং সঞ্জয় দত্ত এসে এ সব বলছিলেন, এটাই অনেক ছিল আমার কাছে। আমি অবাক হয়ে গিয়েছিলাম।’

ওই সাক্ষাৎকারেই বিদ্যা বালন আরও জানান, তিনি মানুষ হিসেবে অত্যন্ত ইতিবাচক ও আত্মবিশ্বাসী। সমাজের নানা দৃষ্টিভঙ্গি ও সমালোচনা তাঁকে কখনও দমিয়ে রাখতে পারেনি।

অভিনেত্রীর কথায়, ‘আমি নির্লজ্জের মতো আশাবাদী। নিজের উপর আমার অসীম বিশ্বাস। বহু মানুষ আমাকে বলেছে, আমার ওজন কমানো উচিত। নিজের দিকে মন দেওয়া উচিত। কিন্তু আমার মধ্যে কোনও খামতি রয়েছে, এ সব আমি কখনও মনেই করিনি।’ বিদ্যার এই মন্তব্যে অনুপ্রেরণা খুঁজে নিচ্ছেন বহু মহিলা। সোশ্যাল মিডিয়ায় প্রশংসা ঝরছে তাঁর এই সাহসী ও স্পষ্ট বক্তৃতার জন্য। পর্দার বাইরেও যে বিদ্যা (Vidya Balan) নিজের জীবনদর্শন ও ব্যক্তিত্বে সমান দৃঢ়, তা আরও একবার প্রমাণ করলেন অভিনেত্রী।
ছবি: সংগৃহীত




