পারিজাত গঙ্গোপাধ্যায়, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ভারতীয় ক্রিকেটের তরুণ প্রতিভাদের তালিকায় নতুন করে ঝড় তুলছে মাত্র ১৪ বছরের বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। একদিনের ক্রিকেট আর আইপিএলে (IPL) ইতিমধ্যেই নিজের জাত চিনিয়েছে সে। কিন্তু অনেকের ধারণা ছিল লাল বলের টেস্ট ক্রিকেটের জন্য উপযুক্ত নন বৈভব। সেই সব সমালোচনার জবাব দিল কিশোর প্রতিভা অস্ট্রেলিয়ার মাটিতে। অনূর্ধ্ব-১৯ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ৭৮ বলে দুরন্ত শতরান হাঁকাল ভারতের এই তরুণ ওপেনার।
ইয়ান হিলি ওভালে (Ian Healy Oval) দ্বিতীয় দিনে ব্যাট করতে নামেন বৈভব। শুরু থেকেই অস্ট্রেলিয়ান বোলারদের চাপে ফেলে দেন তিনি। মাত্র ৭৮ বলে শতরান পূর্ণ করেন এবং আউট হওয়ার আগে ৮৬ বলে খেলেন ১১৩ রানের ঝকঝকে ইনিংস। তার ব্যাটিংয়ে ছিল ৯টি চার ও ৮টি বিশাল ছক্কা। দর্শক, ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে দলের সতীর্থ, সবাই মুগ্ধ বৈভবের আক্রমণাত্মক অথচ পরিণত ব্যাটিং দেখে। উল্লেখ্য, ভারতীয় ইনিংসের শুরুটা ভাল হয়নি। ৬৯ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল দল। সেই সময়ে বৈভব ও বেদান্ত ত্রিবেদী (Vedant Trivedi) জুটি গড়ে তোলেন। তাঁদের তৃতীয় উইকেটের পার্টনারশিপ ছিল ১৫২ রানের। বৈভব ঝড় তুললেও বেদান্তও পিছিয়ে ছিলেন না। তিনি ১০৩ বলে ৮২ রানে অপরাজিত রয়েছেন। এই দুজনের দাপটে ভারত ৩ উইকেটে ২৫৯ রান তুলেছে। এর আগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল ২৪৩ রান।বৈভবের এই ইনিংস যে শুধু দলের জন্য নয়, ব্যক্তিগত দিক থেকেও গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য। তিনি এর আগে আইপিএলে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। অনূর্ধ্ব-১৯ এক দিনের আন্তর্জাতিকেও ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করে নজর কেড়েছিলেন। কিন্তু লাল বলের ফরম্যাটে তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ছিল। এবার সেগুলোকে কার্যত মুছে দিলেন।
প্রাক্তন ক্রিকেটার ও বিশেষজ্ঞরা বলছেন, এই বয়সে বৈভবের ব্যাটিং মেজাজ এবং আত্মবিশ্বাস ভবিষ্যতের জন্য বড় সংকেত। ভারতের প্রাক্তন অধিনায়ক এবং ধারাভাষ্যকাররা মনে করছেন, “১৪ বছর বয়সে যদি এমন মেজাজে ব্যাট করতে পারে, তবে ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চে বড় সাফল্য নিশ্চিত।” এক সিনিয়র বোর্ড কর্মকর্তার কথায়, “এখনও তার সামনে অনেক পথ বাকি। তবে এভাবে যদি এগোতে থাকে, ভারতীয় ক্রিকেটে বড় ভরসা হয়ে উঠবে বৈভব সূর্যবংশী।” তবে বিশেষজ্ঞরা এটাও মনে করিয়ে দিচ্ছেন যে, বড়দের ক্রিকেটে এখনও অনেক পরীক্ষা দিতে হবে বৈভবকে। ফিটনেস, টেকনিক্যাল দিক, এবং মানসিক প্রস্তুতির বিষয়গুলোতেও নজর দিতে হবে। কিন্তু যে পরিণত ব্যাটিং মানসিকতা সে ইতিমধ্যেই দেখিয়েছে, তাতে মনে হচ্ছে, এই প্রতিভা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের ভরকেন্দ্র হয়ে উঠতে পারে। ইয়ান হিলি ওভালের দর্শকাসনে উপস্থিত প্রাক্তন ক্রিকেটাররাও প্রশংসায় পঞ্চমুখ। এক অস্ট্রেলিয়ান কমেন্টেটর বলেছেন, “এত অল্প বয়সে এই আক্রমণাত্মক ব্যাটিং সত্যিই অবিশ্বাস্য। মনে হচ্ছে ভারতীয় ক্রিকেট আরেক নতুন রত্ন পেয়ে গেল।”
এখনও আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে ওঠা অনেক দূরের ব্যাপার। তবে কিশোর বয়সে এই ধারাবাহিক সাফল্য ভবিষ্যতের জন্য এক বিশাল সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। বৈভবের ব্যাটিং দেখে অনেকেই বলতে শুরু করেছেন, আগামী দিনে তিনি ভারতের হয়ে বড়দের টেস্ট ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করতে পারেন।ভারতের ক্রিকেটপ্রেমীদের কাছে এখন একটাই আশা, এই ধারাবাহিকতা বজায় রাখুক বৈভব সূর্যবংশী। ছোটদের ক্রিকেট থেকে বড়দের ক্রিকেটে পৌঁছনোর পথ দীর্ঘ ও কঠিন হলেও বৈভবের ব্যাটিং যে ইতিমধ্যেই আলোড়ন তুলেছে, তাতে সন্দেহ নেই।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Vaibhav Suryavanshi U19 record | বৈভব সূর্যবংশীর ছক্কার ঝড়, অস্ট্রেলিয়ায় সিরিজ জয়




