Vaibhav Suryavanshi 144, Youth Asia Cup India | দোহায় বৈভবের আগুনে ব্যাটিং: ৪২ বলে ১৪৪! ছোটদের এশিয়া কাপে ভারতীয় তরুণের তাণ্ডবে রেকর্ডের বৃষ্টি

SHARE:

ছোটদের এশিয়া কাপে দোহায় ১৪ বছরের বৈভব সূর্যবংশীর ৪২ বলে ১৪৪ রানের ঝড়ো ইনিংস। ১৫ ছয়, ১১ চার- ভারতীয় তরুণের ব্যাটিংয়ে রেকর্ডের বৃষ্টি। In the Youth Asia Cup, 14-year-old Vaibhav Suryavanshi storms Doha with 144 off just 42 balls, hitting 15 sixes and 11 fours. A record-breaking knock for India A.

সুজয়নীল দাশগুপ্ত ★ সাশ্রয় নিউজ ডেস্ক, নতুন দিল্লি : দোহায় ছোটদের এশিয়া কাপে প্রথম ম্যাচেই আগুন ঝরাল মাত্র ১৪ বছরের বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। সংযুক্ত আরব আমিরশাহি (UAE)-এর বিরুদ্ধে মাত্র ৪২ বলে ১৪৪ রান করে বিশ্ব ক্রিকেটের নজর কাড়ল ভারত এ দলের এই কিশোর ওপেনার। ১৫টি ছয় এবং ১১টি চার, মোট ২৬টি বাউন্ডারি দিয়ে সাজানো এই বিধ্বংসী ইনিংসের স্ট্রাইক রেট ছিল ৩৪০-এরও বেশি। তার ইনিংস এতটাই ঝড়ো ছিল যে দোহা স্টেডিয়ামের পরিবেশ মুহূর্তেই বদলে যায় ভারতীয় দর্শকদের উচ্ছ্বাসে।ইনিংসের শুরু থেকেই বৈভবের ব্যাটিংয়ে ছিল আগ্রাসনের ঝড়। ওপেনারে নেমেই মাত্র ১৭ বলে অর্ধশতরান পূরণ করে সে। তাঁর ব্যাট যেন বল হাওয়া করেই উড়িয়ে নিয়ে যাচ্ছিল। শতরানে পৌঁছে যায় মাত্র ৩২ বলে, যা টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম শতরানের তালিকায় তাকে চার নম্বরে তুলে দিয়েছে।

আরও পড়ুন : Eden Test 2025, Jasprit Bumrah Five Wickets | ইডেনে আগুন ঝরালেন বুমরাহ, প্রথম দিনেই গুঁড়িয়ে গেল দক্ষিণ আফ্রিকা

সঙ্গে ব্যাট করতে নেমে নমন ধীর (Naman Dhir) চুপচাপ তাণ্ডব দেখছিলেন। দু’জনে মিলে দ্বিতীয় উইকেটে ১৬২ রানের বিরাট পার্টনারশিপ গড়েন। তার ফলেই ইনিংস শক্ত ভিত পায়। শেষ পর্যন্ত ১৩তম ওভারে মহম্মদ ফারাজুদ্দিন (Mohammad Farajuddin) -এর বলে আউট হয় বৈভব। বাউন্ডারির ধারে তার ক্যাচটি নিরাপদে তালুবন্দি করেন আহমেদ তারিক (Ahmed Tariq)।ইনিংসের খতিয়ান দেখলে বোঝা যায়, প্রতিটি ওভারেই যেন নতুন গল্প লিখছিল এই কিশোর ব্যাটার। দ্বিতীয় ওভারে মহম্মদ রোহিদ খান (Mohammad Rohid Khan) -এর বিরুদ্ধে চার মেরে ঝড়ের সূচনা করে বৈভব। তৃতীয় ওভারে আয়ান খানকে (Ayan Khan) মারেন একটি চার ও দু’টি ছয়। পঞ্চম ওভারে জাওয়াদুল্লার (Jawadullah) বিরুদ্ধে তিনটি চার ও একটি ছয় আসে তাঁর ব্যাট থেকে। তবে সবচেয়ে বিধ্বংসী ছিল সপ্তম ওভারের তাণ্ডব। ফারাজুদ্দিনের ওভারে বৈভব মেরে বসেন তিনটি ছয় এবং দু’টি চার, মোট ২৭ রান। নবম ওভারে আবারও জাওয়াদুল্লাকে তিনটি ছয় মেরে তার আগ্রাসন দেখান। ১১তম ওভারে হর্ষিত কৌশিক (Harshit Kaushik) -এর বিরুদ্ধে একটি চার ও চারটি ছয়ের বৃষ্টি ঘটান। যেন কোনও বোলারই রেহাই পাননি তাঁর তীব্র আক্রমণের মুখে।

বৈভবের ১৪৪ রানের মধ্যে ১৩৪ রানই এসেছে বাউন্ডারি থেকে, যা ক্রিকেট পরিসংখ্যানে নিজেই একটি আলাদা উজ্জ্বল অধ্যায়। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয়দের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ রানের নিরিখে সে এখন চতুর্থ, যেখানে শীর্ষে রয়েছেন তিলক বর্মা (Tilak Varma) ১৫১ রানে। ম্যাচের পরে বৈভব জানিয়েছে, উইকেট ও মাঠ দু’টোই ব্যাটিংয়ের জন্য যথেষ্ট সহায়ক ছিল। তার কথায়, “বাউন্ডারি ছোট ছিল, কাজেই সেই সুবিধাকে কাজে লাগিয়েছি। আমার একটা ক্যাচও পড়ে গিয়েছিল। তাই আরও সাবধান হয়ে খেলতে পেরেছি।” কম বয়সে এত খ্যাতি এসে যাওয়া কি কোনও চাপ তৈরি করেছে? বৈভব একেবারেই সেই পথে হাঁটেনি। বাবার অবদানই সে সামনে তুলে ধরেছে। “বাবাই আমাকে সবসময় পা মাটিতে রাখতে শিখিয়েছে। কখনও মনঃসংযোগ নষ্ট হতে দেয়নি।’’ এত দর্শকের সামনে খেলতে নেমে কি নার্ভাস লাগে? বৈভব বলেছে, “চাপ নিলে খেলা ভাল
হবে না। তাই মাথা ঠাণ্ডা রেখে নিজের দায়িত্ব ঠিকমতো পালন করাই আমার প্রধান লক্ষ্য।”

গত দু’ বছর ধরে তাঁর জীবন একেবারে বদলে গিয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে গিয়েছে নাম। কিন্তু মাঠে তার ব্যাট দেখে মনে হয়নি সে কোনও চাপ অনুভব করছে। পরিণত মনের পরিচয় দিয়ে আগ্রাসনে প্রতিপক্ষকে স্তব্ধ করেছে বারবার। ভারতীয় ক্রিকেটে যে নতুন এক আগুনে প্রতিভার জন্ম হল, তা বলাই যায়। যুব এশিয়া কাপের এই ইনিংস শুধু ভারতকেই এগিয়ে রাখেনি, ভবিষ্যতের আন্তর্জাতিক মঞ্চেও নজর কাড়ার ইঙ্গিত দিল বৈভব সূর্যবংশী- যাকে ঘিরে এখন ক্রিকেট মহল জুড়ে আলোচনার ঝড়।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Vaibhav Suryavanshi U19 record | বৈভব সূর্যবংশীর ছক্কার ঝড়, অস্ট্রেলিয়ায় সিরিজ জয়

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন