Train ticket price increase | বাড়ছে রেলভাড়া : ২৬ ডিসেম্বর থেকে কার্যকর রেলের নতুন ভাড়া কাঠামো

SHARE:

Train tickets representatives image

সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : দূরপাল্লার ট্রেনে যাতায়াত করা যাত্রীদের জন্য ফের গুরুত্বপূর্ণ খবর। আবারও ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিল ভারতীয় রেল (Indian Railways)। রেল সূত্রে জানা গিয়েছে, দূরপাল্লার মেল (Mail) এবং এক্সপ্রেস (Express) ট্রেনের ভাড়া বাড়তে চলেছে, যা কার্যকর হবে বড়দিনের পর অর্থাৎ ২৬ ডিসেম্বর থেকে। এসি (AC) ও নন-এসি (Non-AC) দু’ধরনের সংরক্ষিত টিকিটের ক্ষেত্রেই ভাড়া বৃদ্ধি পাবে। পাশাপাশি অসংরক্ষিত বা জেনারেল (General) টিকিটের ভাড়াতেও সংশোধন আনা হচ্ছে, যদিও সেখানে কিছু নির্দিষ্ট নিয়ম রাখা হয়েছে।

আরও পড়ুন : Hydrogen train India, Ashwini Vaishnaw | ভারতীয় রেলের যুগান্তকারী আবিষ্কার, যাত্রীদের জন্য সুখবর

রেলের তরফে জানানো হয়েছে, নতুন ভাড়া কাঠামো পুরোপুরি কিলোমিটার ভিত্তিক। অর্থাৎ যাত্রী যত বেশি দূরত্বে সফর করবেন, ভাড়ার বাড়তি চাপও সেই অনুপাতে বাড়বে। তবে স্বল্প দূরত্বের যাত্রীদের কথা মাথায় রেখে কিছু ছাড়ও রাখা হয়েছে। নয়া কাঠামো অনুযায়ী, দূরপাল্লার ট্রেনে সাধারণ শ্রেণিতে ২১৫ কিলোমিটার পর্যন্ত যাত্রার জন্য কোনও অতিরিক্ত ভাড়া দিতে হবে না। কিন্তু ২১৫ কিলোমিটারের গণ্ডি পেরলেই যাত্রীদের প্রতি কিলোমিটারে এক পয়সা করে অতিরিক্ত ভাড়া গুনতে হবে।দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেনের নন-এসি শ্রেণির ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির হার আরও একটু বেশি। রেল সূত্রে খবর, নন-এসি মেল ও এক্সপ্রেস ট্রেনে প্রতি কিলোমিটারে দু’পয়সা করে ভাড়া বাড়ানো হচ্ছে। তার ফলে ৫০০ কিলোমিটার পর্যন্ত যাতায়াত করলে যাত্রীদের অতিরিক্ত প্রায় ১০ টাকা গুনতে হবে। দূরত্ব বাড়লে এই অতিরিক্ত টাকার অঙ্কও ধীরে ধীরে বাড়বে। এসি টিকিটের ক্ষেত্রেও যাত্রীদের পকেটে বাড়তি চাপ পড়তে চলেছে। রেল সূত্রের খবর, এসি শ্রেণির টিকিটে প্রতি কিলোমিটারে দু’পয়সা করে ভাড়া বৃদ্ধি করা হবে। অর্থাৎ দীর্ঘ দূরত্বের এসি যাত্রায় মোট ভাড়ার অঙ্ক আগের তুলনায় স্বাভাবিকভাবেই বেশি হবে। যদিও রেলের দাবি, যাত্রী পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নের খরচ সামলাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বস্তির খবরও আছে নিত্যযাত্রীদের জন্য। রেল জানিয়ে দিয়েছে, লোকাল ট্রেনের (Local Train) ভাড়া বাড়ানো হচ্ছে না। একই সঙ্গে সিজ়ন টিকিট বা মান্থলি পাসের (Season Ticket / Monthly Pass) ভাড়াও অপরিবর্তিত থাকবে। ফলে প্রতিদিন অফিস বা অন্যান্য প্রয়োজনে লোকাল ট্রেনে যাতায়াত করা লক্ষ লক্ষ যাত্রীর উপর এই ভাড়া বৃদ্ধির কোনও প্রভাব পড়বে না। উল্লেখ্য যে, চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার দূরপাল্লার ট্রেনের ভাড়া বাড়াচ্ছে রেল। এর আগে গত জুলাই মাসেও কিলোমিটার পিছু ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। তখন দূরপাল্লার নন-এসি দ্বিতীয় শ্রেণির অসংরক্ষিত টিকিটে প্রতি কিলোমিটারে আধ পয়সা করে ভাড়া বাড়ানো হয়। স্লিপার (Sleeper) এবং প্রথম শ্রেণির অসংরক্ষিত টিকিটের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য ছিল। নন-এসি সংরক্ষিত টিকিটে প্রতি কিলোমিটারে এক পয়সা এবং এসি টিকিটে দু’পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছিল।

এবারের নতুন ভাড়া কাঠামোও অনেকাংশে সেই জুলাই মাসের সিদ্ধান্তের সঙ্গে মিল রয়েছে। তবে দূরত্বের ভিত্তিতে ভাড়ার হিসেব আরও স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। রেলের আধিকারিকদের মতে, জ্বালানির দাম বৃদ্ধি, রক্ষণাবেক্ষণের খরচ এবং পরিষেবা উন্নয়নের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতেই এই ভাড়া বৃদ্ধি জরুরি হয়ে পড়েছে। রেল কর্তৃপক্ষ আশাবাদী, নতুন ভাড়া কাঠামোর ফলে চলতি অর্থবর্ষে প্রায় ৬০০ কোটি টাকা অতিরিক্ত আয় হবে। এই অর্থ ভবিষ্যতে নতুন কোচ সংযোজন, স্টেশন উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং যাত্রী পরিষেবা আরও উন্নত করতে ব্যবহার করা হবে বলে রেল সূত্রে দাবি করা হয়েছে। কিন্তু, যাত্রী মহলের একাংশ অবশ্য এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকের বক্তব্য, ‘বারবার ভাড়া বাড়ানো হলে সাধারণ মধ্যবিত্ত যাত্রীদের উপর চাপ বাড়বে।’ আবার কেউ কেউ মনে করছেন, ‘পরিষেবা ও নিরাপত্তা সত্যিই যদি উন্নত হয়, তাহলে সামান্য ভাড়া বৃদ্ধি মেনে নেওয়া যায়।’ সব মিলিয়ে ২৬ ডিসেম্বরের পর দূরপাল্লার ট্রেনযাত্রায় যাত্রীদের নতুন ভাড়া কাঠামোর সঙ্গে মানিয়ে নিতে হবে, এটাই এখন বাস্তব।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : India Bhutan Railway, Bhutan First Train | ভারত-ভুটান রেল সংযোগে নতুন অধ্যায়, বাংলার উপর দিয়ে চলবে প্রথম ট্রেন

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন