Suvendu Adhikari, West Bengal BJP Government | অগ্রাধিকারের তালিকা স্পষ্ট করলেন শুভেন্দু বছর ঘুরলেই মূল্যায়নের ডাক, নতুন সরকারের এক মাসে কোন পথে এগোচ্ছে বাংলা

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা: ক্ষমতায় আসার মাত্র এক মাস পার হয়েছে। তবু এর মধ্যেই পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহল থেকে প্রশাসনিক পরিসর, সব জায়গাতেই আলোচনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নিজে অবশ্য এই অল্প সময়ের কাজকে চূড়ান্ত হিসেবে দেখতে রাজি নন। বরং তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সরকারের কাজ বিচার করতে হলে সময় দরকার, আর সেই সময়সীমা হিসেবে তিনি ধরতে বলছেন আগামী অর্থবর্ষের শেষ দিন, ২০২৭ সালের ৩১ মার্চ। শুক্রবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী তাঁর সরকারের অগ্রাধিকারের ক্ষেত্রগুলি স্পষ্টভাবে তুলে ধরেন। এই বৈঠকের মূল উপলক্ষ ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) -এর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির একাধিক শীর্ষ নেতা দেবজিৎ সরকার (Debjit Sarkar), লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee), শশী অগ্নিহোত্রী (Shashi Agnihotri), তনুজা চক্রবর্তী (Tanuja Chakraborty) ও বিমলশঙ্কর নন্দেরা (Bimal Shankar Nandera)।

আরও পড়ুন : Narendra Modi 12 years PM | বাংলা জয়ের পর দিল্লিতে ‘বেমিসাল বারা সাল’: মোদীর হাতে ঝালমুড়ি তুলে দিলেন শুভেন্দু, প্রধানমন্ত্রিত্বের ১২ বছর ঘিরে এনডিএর বড় বার্তা

বৈঠকে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের খতিয়ান তুলে ধরে বলেন, গত এক দশকেরও বেশি সময়ে বহু জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি মানুষ উপকৃত হয়েছেন। পশ্চিমবঙ্গেও সেই প্রকল্পগুলির প্রভাব পড়েছে, যদিও আগের সরকারের সময়ে অনেক ক্ষেত্রেই সেগুলি পুরোপুরি কার্যকর হয়নি বলে তাঁর অভিযোগ। রাজ্যের নতুন সরকারের অগ্রাধিকার প্রসঙ্গে প্রশ্ন উঠতেই শুভেন্দু স্পষ্ট করে দেন, এই মুহূর্তে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে জোর দেওয়া হচ্ছে। তাঁর কথায়, সীমান্ত নিরাপত্তা জোরদার করতে বিএসএফ (BSF) -এর হাতে জমি হস্তান্তর করা হয়েছে, যাতে দ্রুত সীমান্তে বেড়া নির্মাণ সম্ভব হয়। একই সঙ্গে অবৈধ অনুপ্রবেশ রুখতে প্রশাসন সক্রিয় হয়েছে। এছাড়া দীর্ঘদিন বন্ধ থাকা জনগণনার কাজ পুনরায় শুরু করা হয়েছে।

তিনি বলেন, ‘এক মাসে সব কিছুর মূল্যায়ন করা কঠিন। তবে আমরা যেগুলিকে জরুরি বলে মনে করেছি, সেগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে এগিয়ে নিয়ে যাচ্ছি।’ মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে, দেশের অন্যান্য বিজেপি বা এনডিএ (NDA) শাসিত রাজ্যে যে ধরনের সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন, পশ্চিমবঙ্গের মানুষ এতদিন তা থেকে বঞ্চিত ছিলেন। সেই ঘাটতি পূরণ করাই এখন সরকারের অন্যতম লক্ষ্য। কেন্দ্র-রাজ্য সমন্বয়ের প্রসঙ্গেও জোর দেন শুভেন্দু। তিনি জানান, কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়ন দ্রুত এগিয়ে নিতে ইতিমধ্যেই পদক্ষেপ শুরু হয়েছে। বিশেষ করে কর্মসংস্থানমুখী প্রকল্পে নতুন দিশা আনার কথা বলেন তিনি। ‘মনরেগা’ (MGNREGA) প্রকল্পের মেয়াদ শেষের মুখে, আর তার বিকল্প হিসেবে ‘জিরামজি’ নামে ১২৫ দিনের কাজের নতুন প্রকল্প চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, স্বল্প সময়ের জন্য হলেও কেন্দ্র রাজ্যকে উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ করেছে এবং নতুন প্রকল্পেও বড় অঙ্কের বরাদ্দ রয়েছে।

এই সমস্ত পদক্ষেপকে সামনে রেখে শুভেন্দু অধিকারী বলেন, ‘আমার নেতৃত্বে যে সরকার কাজ করছে, তার বিচার আমি নিজে করতে চাই না। সেই দায়িত্ব আমি মানুষের উপরেই ছেড়ে দিতে চাই।’ তাঁর মতে, সরকারকে কিছুটা সময় দেওয়া প্রয়োজন, কারণ প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন আনতে সময় লাগে।।মুখ্যমন্ত্রীর বক্তব্যে একটি বড় দিক উঠে আসে, পরিবর্তনের দাবি। তিনি বলেন, এই সরকার কেবল নাম বা মুখ বদলের জন্য আসেনি। বরং প্রশাসনিক ধরন ও কাজের ধাঁচে পরিবর্তন আনাই লক্ষ্য। তাঁর মতে, আগামী অর্থবর্ষ শেষ হলে সেই পরিবর্তনের চিত্র আরও পরিষ্কার হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সরকারের এই প্রাথমিক পদক্ষেপগুলি ভবিষ্যতের রূপরেখা তৈরি করছে। সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ রোধ, কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন এবং কর্মসংস্থানের মতো বিষয়গুলি সামনে রেখে এগোতে চাইছে প্রশাসন। একই সঙ্গে কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে আর্থিক প্রবাহ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে বিরোধী শিবির ইতিমধ্যেই এই দাবিগুলিকে প্রশ্নের মুখে তুলতে শুরু করেছে। তাদের মতে, ঘোষণার সঙ্গে বাস্তবের ফারাক কতটা, সেটাই সময় বলবে। তবে মুখ্যমন্ত্রী যে সময়সীমা বেঁধে দিয়েছেন, তা ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, এক মাসের মাথায় নতুন সরকারের কাজ নিয়ে যেমন আলোচনা বাড়ছে, তেমনই সামনে তাকিয়ে রয়েছে প্রশাসন। আগামী এক বছরে এই অগ্রাধিকারগুলি কতটা বাস্তব রূপ পায়, সেটাই এখন নজরে রাজ্যের মানুষের।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : West Bengal border security, Suvendu Adhikari, BSF land transfer | পশ্চিমবঙ্গে সীমান্ত সুরক্ষায় বড় সিদ্ধান্ত, বিএসএফ-কে ২৭ কিমি জমি দিল রাজ্য

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন