শর্মিষ্ঠা সাহা মৈত্র ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম উজ্জ্বল অধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর বর্ণময় ক্রিকেট কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন সবই এবার ফুটে উঠতে চলেছে সিনেমার পর্দায়। আর সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao)। ‘প্রিন্স অফ ক্যালকাটা’-র চরিত্রে নিজেকে নিখুঁতভাবে গড়ে তুলতে ইতিমধ্যেই হোমওয়ার্কে ব্যস্ত অভিনেতা। ফলে ছবির শুটিং শুরু হতে দেরি হচ্ছে ঠিকই, কিন্তু তাতে উচ্ছ্বাসে ভাঁটা পড়েনি দর্শকের। কলকাতার মাটিতে এসে রেইকি শুরু করেছে ছবির পুরো টিম।

গত ক’য়েকদিন ধরেই কলকাতার একাধিক জায়গায় ঘুরে বেড়াচ্ছে বায়োপিকের ইউনিট। ইডেন গার্ডেনস (Eden Gardens), ময়দান থেকে শুরু করে সৌরভের ক্রিকেটজীবনের শুরুর জায়গা দুখীরাম কোচিং সেন্টার, (Dukhiram Coaching Centre) তাঁরা সবই ঘুরে দেখছেন। জানা গিয়েছে, বুধবার মহারাজের বেহালার বাড়িতেও যেতে পারেন সিনেমার টিম। অর্থাৎ প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনের প্রতিটি অধ্যায়কে খুঁটিয়ে বোঝার চেষ্টা চলছে। এই রেইকির মাধ্যমেই ছবির পরিচালক থেকে শুরু করে পুরো টিম গল্পকে বাস্তবের কাছাকাছি নিয়ে যেতে চাইছেন।প্রথমে ঠিক ছিল চলতি বছরের জুলাই মাসেই শুটিং শুরু হবে। কিন্তু এখন সিদ্ধান্ত হয়েছে আগামী বছরের শুরুতেই ক্যামেরা অন হবে। মূলত রাজকুমার রাও-এর প্রস্তুতির জন্যই শিডিউল পিছিয়েছে। কারণ, এই চরিত্রে অভিনয় করতে গিয়ে তিনি একেবারেই কোনও খামতি রাখতে চান না।
Follow : https://x.com/sasrayanews/status/1960565850857201752?t=RYVl-_9ushFgSkhLuk-gIw&s=19
পর্দায় মহারাজকে ফুটিয়ে তোলা সহজ কাজ নয়। তাই আরও কয়েক মাস সময় নিয়ে চরিত্রের প্রতিটি দিক আয়ত্ত করতে চাইছেন অভিনেতা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাজকুমার রাও বলেন, ‘দাদার জীবনী পর্দায় ফুটিয়ে তুলতে আমরা সবাই খুব তটস্থ। এটা শুধু একটা সিনেমা নয়, ভারতীয় ক্রিকেটের এক মহান অধ্যায়ের চিত্রায়ণ। আমরা চাই অত্যন্ত যত্ন নিয়ে কাজটা করতে। তাই প্রস্তুতির জন্য আরও কিছু সময় নিচ্ছি।’ অভিনেতার কথায়, ‘আমি ক্রিকেট খেলতে জানি। কিন্তু আমি ডানহাতি ব্যাটসম্যান। দাদা কিন্তু বাঁহাতি ব্যাটার। সেই ব্যাটিং স্টাইল আয়ত্ত করা আমার কাছে সহজ নয়। তাই চরিত্রের সঙ্গে মিশতে আমাকে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে।’

বলিউডে ইতিমধ্যেই একাধিক বায়োপিক দর্শকের মন জয় করেছে। এম.এস. ধোনি (M.S. Dhoni) থেকে শুরু করে সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ৮৩ খেলাধুলার কাহিনি ভিত্তিক সিনেমা যে দর্শকের কাছে সবসময়ই বিশেষ জায়গা করে নেয়, তা প্রমাণিত। সেই জায়গায় দাঁড়িয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো এক ক্রিকেট কিংবদন্তীর বায়োপিকের জন্য উন্মুখ গোটা দেশ। এ বিষয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও ইতিপূর্বে বলেছিলেন, ‘আমার জীবনের গল্প নিয়ে সিনেমা হচ্ছে, এটা দারুণ ব্যাপার। তবে সিনেমায় কতটা আমার জীবনের বাস্তবতা ফুটে উঠবে, সেটা নিয়ে কৌতূহল আছে।’

প্রযোজক সংস্থার পক্ষ থেকেও স্পষ্ট জানানো হয়েছে, ছবিটি শুধু ক্রিকেট নয়, সৌরভের জীবনসংগ্রাম, পরিবারের ভূমিকা, ব্যক্তিগত অধ্যায় সবকিছুকেই সামনে নিয়ে আসবে। ক্রিকেট মাঠের লড়াইয়ের পাশাপাশি তাঁর প্রশাসনিক যাত্রা, বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট হওয়ার সময়কাল, সবই নাকি থাকবে গল্পে। অর্থাৎ দর্শকরা একেবারে পূর্ণাঙ্গ সৌরভকে দেখতে পাবেন পর্দায়। উল্লেখ্য, এখন সবচেয়ে বড় প্রশ্ন, কবে শুরু হবে শুটিং? সূত্র বলছে, আগামী বছরের জানুয়ারি থেকেই শুরু হয়ে যাবে কাজ। আপাতত রেইকি সেরে টিম ফিরে যাবে মুম্বাই। তারপর শুরু হবে স্ক্রিপ্টের শেষ মুহূর্তের খসড়া কাজ এবং চরিত্রের প্রস্তুতি। দর্শকদের জন্য অপেক্ষা আরও ক’য়েক মাস হলেও, প্রত্যাশা ইতিমধ্যেই আকাশছোঁয়া। কারণ ক্রিকেটপ্রেমীদের কাছে সৌরভ গঙ্গোপাধ্যায় মানেই আবেগ, আর রাজকুমার রাও মানেই বাস্তব অভিনয়ের নিশ্চয়তা।

কলকাতার রাস্তায় ছবিটির টিমের উপস্থিতি ইতিমধ্যেই কৌতূহল জাগিয়েছে সাধারণ মানুষের মধ্যে। ভক্তরা বলছেন, ‘দাদা নিজেই আমাদের কাছে এক লিজেন্ড। ওঁর বায়োপিক নিয়ে উত্তেজনা তুঙ্গে। রাজকুমার রাও একজন অসাধারণ অভিনেতা, তিনি ঠিকঠাকভাবে চরিত্রটা ফুটিয়ে তুলতে পারবেন বলে বিশ্বাস আছে।’ অতএব স্পষ্ট, আরও কয়েক মাসের অপেক্ষা, তারপরই শুরু হবে বহুল প্রতীক্ষিত সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং। দর্শকরা এখন গুনছে দিনের হিসেব।
সব ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Sourav Ganguly on Rohit and Kohli | এক দিনের ক্রিকেট থেকে কি সত্যিই সরে যাবেন রোহিত-কোহলি? কী জানালেন সৌরভ?




